তারকাদের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর
এই দেশে কে কখন তারকা হয়ে যায়, তার কোনো ঠিক নেই। যেকোনো সময় আপনিও হয়ে যেতে পারেন দেশের অন্যতম সেরা তারকা। আর তারকা মানেই সাক্ষাৎকার। ঈদ উপলক্ষে তারকাদের সাক্ষাৎকার দিয়ে পাতা ভরানো একটি ঐতিহ্য। এ ঐতিহ্য পালনের জন্য রয়েছে কিছু তারকা চিহ্নিত প্রশ্ন এবং উত্তর। প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রের তারকারা একইভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসছেন। কে কয় দেশে ঐক্য নেই? তবে আপনি যদি হঠাৎ তারকা হয়ে যান, তাহলে আপনাকেও এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সময় যাতে নষ্ট না হয়, সে জন্য এখন থেকেই উত্তরের ফরম্যাটগুলো জেনে নিন।ভেবেছেন আদনান মুকিত এঁকেছেন শিখাপ্রশ্ন: ঈদের কাজের খবর কী? (পছন্দের উত্তরটি বেছে নিন)সংগীতশিল্পীঈদে আমার একটি অ্যালবাম বেরিয়েছে। অনেক সময় নিয়ে এ অ্যালবামের গানগুলো করেছি। শ্রোতারা আমার কাছ থেকে যে ধরনের গান আশা করেন, তেমন ১০টি গান আছে এই অ্যালবামে। মূলত কথা, সুর ও সংগীতায়োজনের প্রতি বেশি জোর দিয়েছি গানগুলোতে। সব ধরনের শ্রোতার কথা ভেবে গানগুলো করা। অনেকে বলেন, আমার গান সব এক রকম। তাঁদের বলি, আসলে এটাই আমার স্টাইল, স্বকীয়তা। মানুষ শুনেই যাতে বুঝতে পারে, এটা আমার গান। তবে আগের অ্যালবামের গানগুলো থেকে এই অ্যালবামটি একটু ভিন্ন। প্রচলিত ধাঁচ থেকে বেরিয়ে এসে কিছু করতে চেষ্টা করেছি আমি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।চলচ্চিত্র অভিনেতাআপনি তো জানেন, আমি খুব বেছে কাজ করি। ছবির গল্প, চরিত্র, সহশিল্পী—এসব মনঃপূত না হলে আমি কোনো ছবি করি না। এবারও আমি খুব বেছে বেছে কাজ করেছি। এবার আমার মাত্র পাঁচটি ছবি মুক্তি পাচ্ছে। প্রতিটি ছবির গল্পই অসাধারণ ও হূদয়স্পর্শী। প্রচলিত কাহিনি থেকে সম্পূর্ণ আলাদা। এ জন্যই ছবিগুলোতে কাজ করেছি। আমার ধারণা, এ ছবিগুলোর মাধ্যমে আবারও চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে। আশা করি, ছবিগুলো দর্শকদের ভালো লাগবে এবং প্রতিটি ছবি ব্যবসাসফল হবে।টিভি নাটকের অভিনেতাপারিবারিক কিছু কাজে ব্যস্ত থাকায় এবার ঈদের নাটকে তেমন সময় দিতে পারিনি। তার পরও পরিচালকদের অনুরোধে প্রায় ১৫টির মতো নাটকে অভিনয় করেছি। কম সময়ে বেশ কিছু নাটকে অভিনয় করেছি, এ জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এক দিনে একাধিক নাটকেও অভিনয় করেছি। তবে প্রতিটি নাটকই দারুণ ইন্টারেস্টিং। সচরাচর যে নাটকগুলো দেখি, সে রকম নয়। কাহিনি সম্পর্কে এখনই কিছু বলছি না। তাহলে সারপ্রাইজের মজাটা কমে যাবে।প্রশ্ন: ঈদে কী করবেন? (পছন্দের উত্তরটি বেছে নিন)সংগীতশিল্পী (ছেলে)ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। অন্য দিনগুলোতে কাজে এত ব্যস্ত থাকি যে পরিবারকে সময়ই দেওয়া হয় না। তাই চেষ্টা, ঈদের দিনটা পরিবারের সঙ্গে কাটানো। সকালে গোসল করে পাঞ্জাবি-পাজামা পরে মা-বাবাকে সালাম করব। এরপর ফেসবুকে বন্ধুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেই কাটিয়ে দেব সারা দিন। কয়েকটা টক শোতে অংশ নেওয়ার কথা চলছে। এ ছাড়া সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোব।চলচ্চিত্র অভিনেত্রীঈদ তো প্রতিদিন আসে না, বছরে মাত্র দুবার আসে। তাই এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। সকালে উঠেই আমি শাড়ি পরব। এরপর মা-বাবাকে সালাম করব। সালামিও নেব। তারপর চলে যাব রান্নাঘরে। নিজের পছন্দের কোনো আইটেম রান্না করব। ঈদে বাসায় প্রচুর গেস্ট আসে। তাঁদের আপ্যায়ন করেই সারা দিন কাটিয়ে দেব।টিভি নাটকের অভিনেতাপ্রতিদিন এত বেশি কাজের চাপ থাকে যে আরাম করে ঘুমাতেই পারি না। ঈদের দিন তাই আমি অনেক সময় নিয়ে আরাম করে ঘুমাব। ঘুম থেকে উঠে মায়ের হাতের রান্না খেয়েই ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। ঈদে আমার বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। হলগুলোতে গিয়ে ছবি দেখব। এতে দর্শকের অনুভূতি কাছ থেকে দেখা যাবে। রাতে আত্মীয়স্বজনের বাসায় দাওয়াত খেতে যাব। ব্যস, এভাবেই কাটবে আমার ঈদ।