তারকা বলে কি তাঁদের বিনোদনের প্রয়োজন নেই? আছে বৈকি। তবে সাধারণ মানুষের চেয়ে আলাদা কায়দায় আমুদে সময় কাটাতে পছন্দ করেন তাঁরা। কেউ কেনেন জেট বিমান, কেউ তৈরি করেন অবকাশযাপনের জন্য খামারবাড়ি তো কেউ পছন্দ করেন প্রমোদতরিতে ঘুরে বেড়াতে। শুধু ঘুরে বেড়াতে এই প্রমোদতরি ব্যবহৃত হয় তা নয়, এটি তারকাদের বিলাসিতার প্রতীক হিসেবেও ফুটে ওঠে। তারকাদের বিলাসবহুল প্রমোদতরি নিয়ে আমাদের আজকের আয়োজন


ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
পুরো পরিবারের সঙ্গে নিরিবিলি ছুটি কাটানোর কথা মাথায় রেখেই প্রমোদতরি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ২৬ কোটি ৮০ লাখ ডলার মূল্যের এই ইতালীয় প্রমোদতরি ২৮০ ফুট লম্বা। এতে আধুনিক সব প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি আছে ভাসমান সুইমিংপুল, হেলিপ্যাড ও সাবমেরিনের সুবিধা। তবে তাঁদের বিচ্ছেদের পরে প্রমোদতরির ভাগ্যে কী জুটেছে, তা নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।


জনি ডেপ
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-এর ক্যাপ্টেন জ্যাক স্পেরো ব্যক্তিজীবনেও অ্যাডভেঞ্চার থেকে বঞ্চিত হতে চান না। তাই তো ৪৭ মিটার দৈর্ঘ্যের প্রমোদতরি নিয়ে ঘুরে বেড়ান তিনি। অবকাশযাপনের জন্য বেরিয়ে পড়েন তার প্রমোদতরি ‘ভেজোলিরোজা’কে নিয়ে। ভেজোলিরোজা মূলত জনির পরিবারের সদস্যদের নামের সমন্বয়। ‘ভে’ শব্দটি এসেছে জনির নতুন প্রেমিকা ভেনেসার নাম থেকে। এরপর জনির ‘জো’, একমাত্র কন্যা লিলি রোজের নাম থেকে ‘লিরো’ এবং একমাত্র পুত্র জ্যাকের জা নিয়ে প্রমোদতরির নাম রেখেছেন তিনি।


টাইগার উডস
পেশাগত এবং ব্যক্তিগত জীবনে খানিকটা নড়বড়ে অবস্থার মধ্য দিয়ে যাওয়া এই গলফ খেলোয়াড় এখনো নিজস্ব প্রমোদতরির ব্যয় বহন করার সামর্থ্য রাখেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অলিম্পিক স্কিয়ার লিন্ডসে ভনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এই গলফার। অবকাশযাপনে আলাদা সতর্কতার জন্য নাকি নতুন সম্পর্কে খানিকটা নিজস্ব সময় চান বলেই কি প্রমোদতরির নাম ‘প্রাইভেসি’ রেখেছেন কি না, তা নিয়ে নানা গল্প ছড়ালেও ৪৭ মিটার দৈর্ঘ্যের প্রমোদতরিটি যে নেহাত সাধারণ নয়, তা ধারণা করা যায়।

সালমান খান
বলিউডে প্রমোদতরির চল এখনো অতটা রমরমা না হলেও সালমান খানের কথা একেবারেই আলাদা। বিভিন্ন পার্টি এবং পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়াতে এত দিন যে প্রমোদতরিটি ব্যবহার করছিলেন, তার প্রতি আকর্ষণ নাকি সাল্লু ভাইয়ের কাছে কমে এসেছে। আলিবাগে নিজস্ব সৈকতে সব সময় তৈরি থাকা এই প্রমোদতরিটি ৩ কোটি রুপি খরচ করে কিনেছিলেন সালমান খান। আয়েশি অবকাশযাপনে যথাসম্ভব সব ব্যবস্থাই আছে এই প্রমোদতরিতে। তবে খুব শিগগির নতুন এবং আরও চোখধাঁধানো প্রমোদতরি কিনতে চান সালমান।

ফিলিপ গ্রিন
ব্রিটিশ ব্যবসায়ী এবং আর্কেডিয়া গ্রুপের চেয়ারম্যান স্যার ফিলিপ গ্রিনের প্রমোদতরিতে নেই এমন কিছু খুঁজে পাওয়া ভার। বিলাসিতা বলতে যা বোঝায়, তার সবকিছুই আছে ফিলিপ্সের। ২০৬ ফুট দীর্ঘ এই প্রমোদতরিতে আছে ইলেকট্রিক্যাল সান ডেক, অন ডেক সুইমিংপুল ইত্যাদি।


অনিল আম্বানি
৮ কোটি ডলার খরচ করে স্ত্রীর জন্য প্রমোদতরি কিনেছেন ভারতের বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি। প্রমোদতরির ভেতরের সজ্জা এবং নকশাতেও বেশ খরচ করেছেন এই শিল্পপতি। জনি ডেপের মতো স্ত্রী এবং নিজের নামের আদ্যক্ষর দিয়ে রেখেছেন প্রমোদতরির নাম। স্ত্রী টিনা এবং নিজের নামের মিশেলে নাম রাখেন ‘টিয়ান’। অনিলের স্ত্রী টিনা বলিউডের সাবেক নায়িকা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আর্কিটেকচার ডিজাইন ডট কম, র্যাংকার ডট কম