তারকাদের প্রাণী-প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান মানুষের অনেক কিছুর শখ থাকে। এর মধ্যে অনেকের আছে প্রাণী পোষার শখ। এদের সঙ্গে একসময় মায়ায় জড়িয়ে পড়েন। কত আনন্দ-বেদনার স্মৃতি থাকে এদের ঘিরে। এবারের প্রতিবেদনে থাকছে দেশ-বিদেশের বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তিত্বর পোষা প্রাণীর গল্প

লেডি গাগা
লেডি গাগা

লেডি গাগা
ছবি প্রকাশের অ্যাপ ইনস্টাগ্রামে ‘মিস এশিয়া কিনি’ শিরোনামের একটি অ্যাকাউন্ট আছে। তাতে আবার ২ লাখ ৩০ হাজার অনুসারী। মজার ব্যাপার, অ্যাকাউন্টটি একটি কুকুরের। সে কুকুর আবার ফ্যাশন সচেতন, ফ্যাশন ব্র্যান্ড কোচের মডেল! নখে তার দামি নেইলপলিশ, গলায় মুক্তার মালা। জনপ্রিয় ম্যাগাজিনের প্রচ্ছদেও উঠেছে সেই কুকুরের ছবি। মার্কিন সংগীতশিল্পী লেডি গাগার খুবই আদরের পোষা কুকুর এটি। নিজের মতো সুরেলা কণ্ঠ পোষা প্রাণীটিকে দিতে পারেননি বটে, তবে স্বজাতির মধ্যে সৌন্দর্যের আদর্শ হিসেবে গড়ে তুলেছেন।

টম ক্রুজ
টম ক্রুজ

টম ক্রুজ
অপারেশন থিয়েটার থেকে বের করার পর হলিউড অভিনেতা টম ক্রুজ টুইটারে লিখলেন, সবাই ওর জন্য শুভ কামনা করবেন। না, টম ক্রুজের কিছু হয়নি। তাঁর আত্মীয়স্বজনের জন্যও না। তাঁর পোষা কুকুর স্পাইনি নামের ল্যাব্রাডর রিট্রাইভারের একবার বেশ গুরুতর সার্জারির দরকার পড়েছিল। এরপরই আকুতি ভরা ভাষায় সবার শুভ কামনা চেয়েছিলেন টম। টমের কুকুরপ্রীতি অনেক পুরোনো। সে কথা বলেছেনও বেশ কয়েকবার। তাঁর সন্তানের শৈশবের অনেক ছবিতেই কুকুরের উপস্থিতি দেখা গেছে।

ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

সেই কবে একবার তাড়া খেয়েছিলেন কে জানে। তারপর থেকে কুকুর দেখলে পারতপক্ষে দুহাত তফাত রেখে চলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। সে কথা নিশ্চয় অজানা ছিল না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তবুও নিজ বাসভবনে মেরকেলের সঙ্গে দেখা করার সময় পুতিন তাঁর প্রিয় কুকুর সঙ্গে রেখেছিলেন। মেরকেল যে পুরোটা সময় ভয়ে কুঁকড়ে ছিলেন তা ছবি দেখেই বোঝা যায়। তবুও চোখের বাইরে যেতে দেননি প্রিয় কুকুর কনি পলগ্রেভ নামের এই ল্যাব্রাডরটিকে। কুকুরটি যে তাঁর এতই পছন্দের! পুতিনের গুরুত্বপূর্ণ অনেক বৈঠকেই হোমরাচোমরা সব আমলার সঙ্গে সে কুকুরটিও দেখা গেছে। পুতিনের ভাষায়, ‘কুকুরটি খুব নিরীহ’ হলেও চেহারা এবং আকার দেখে যে কারও পিলে চমকানোর জন্য যথেষ্ট। ‘রাফ অ্যান্ড টাফ’ বলে খ্যাতি আছে রুশ প্রেসিডেন্টের। তাই শুধু কুকুর নয়, পছন্দের ঘোড়ার পিঠে চড়ে প্রায়ই ঘুরতে বের হন। আর বিড়ালের বদলে তাঁর আছে এক বাঘের ছানা।
সেরেনা উইলিয়ামস

সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

টেনিস কোর্টে সেরেনা উইলিয়ামস নাকি দুটি জিনিস নিয়ে যান। এক. তাঁর র্যা কেট, আরেক তাঁর পোষা কুকুর চিপ। কথাটা পুরোপুরি সত্য না হলেও মাঝেমধ্যেই অনুশীলন, এমনকি খেলার ফাঁকেও পোষা কুকুরকে আদর করতে দেখা গেছে সেরেনাকে। সেই আদর যে শুধু কোর্টেই সীমাবদ্ধ না, তা তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যমের অ্যাকাউন্টগুলো দেখলেই বোঝা যায়। কোনোটায় একসঙ্গে খেলছেন, তো কোনোটায় আগের মৃত কুকুরের জন্য শোক প্রকাশ করছেন। স্ন্যাপচ্যাটে এক ভিডিওতে কুকুরের খাদ্য চেখে দেখতেও দেখা গেছে তাঁকে। পরক্ষণেই অবশ্য মুখ কুঁচকে জিনিসটা ‘বিস্বাদ’ বলে ঘোষণা করেন। আর কীই-বা আশা করেছিলেন এই ছয় উইম্বলডনজয়ী টেনিস খেলোয়াড়!