তারকাদের প্রিয় ঋতু

কারও প্রিয় গ্রীষ্ম, কারও কাছে বর্ষা, আবার কারও কাছে শীতের তুষারপাত। তারকাদের প্রিয় ঋতু সম্পর্কে জানুন আর নিজের প্রিয় ঋতুর সঙ্গে মিলিয়ে নিন তারকার পছন্দের ঋতু


শীতের ভক্ত লোপেজ
সংগীত তারকা জেনিফার লোপেজের প্রিয় ঋতু শীতকাল। শীতের সময়টায় প্রতিবছর নতুন ঢঙে নতুন কোনো ফ্যাশনধারা চালুর চেষ্টা থাকে তাঁর। শীতের সময়টায় কনসার্টের ব্যস্ততা তেমন রাখেন না এই গায়িকা। শীতকালে ইউরোপের উষ্ণ দেশগুলোতে পরিবার নিয়ে ঘুরতে বের হোন।
 

পিয়ার পছন্দ গ্রীষ্ম

মডেল-অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌস পিয়া। পিয়ার পছন্দ গ্রীষ্মকাল। প্রিয় ঋতু গ্রীষ্মকাল বলেই হয়তো পিয়ার প্রিয় রং লাল আর সাদা।

কিং খানের গ্রীষ্মটা শুধুই পরিবারের

সিনেমা নিয়ে বছরের পুরো সময়টায় শাহরুখ খানের ব্যস্ততার শেষ নেই। যতই ব্যস্ততা থাকুক, গ্রীষ্মকালের বেশ বড় একটা সময় তিনি পরিবারের সঙ্গে কাটান। গরমের শহর দিল্লিতে জন্মেছিলেন বলেই হয়তো গ্রীষ্মপ্রেমটা বেশি তাঁর। স্ত্রী গৌরি খান ও সন্তানদের নিয়ে প্রায় প্রতিবছরই গ্রীষ্মকালটায় তিনি দুবাইয়ে থাকেন।

শরতে মুগ্ধ রজার

টেনিস দুনিয়ার রাজপুত্র রজার ফেদেরার। রজারের প্রিয় ঋতু শরৎকাল। শরতের সময়টায় খেলার তেমন চাপ থাকে না তাঁর। গেল কয়েক বছর শরতের শুরুতে তাঁকে ফ্রান্সের বিভিন্ন শহরে অবকাশ কাটাতে দেখা গেছে। প্যারিসের বিভিন্ন ফ্যাশন সপ্তাহে এই সময়টায় কালো কোট-জুতায় বেশ সুদর্শন স্টাইলে দেখা যায় তাঁকে।

গ্রীষ্মপাগল ব্রায়ান

‘সামার অব সিক্সটি নাইন’ গানের ছন্দের জন্য কিশোর-তরুণদের কাছে বেশ পরিচিত গায়ক ব্রায়ান অ্যাডামস। জুন মাসে গ্রীষ্মের সময়টায় জন্ম তাঁর, সে কারণেই বোধ হয় গ্রীষ্মপ্রেমটা একটু বেশিই তাঁর। ‘সামার অব সিক্সটি নাইন’ গানের কথাতেই ব্রায়ান জানিয়েছেন তাঁর গ্রীষ্মকাল মানে কতটা রঙিন শৈশব। গান থেকেই জানা যায়, উনসত্তরের সেই গ্রীষ্মকালটা ব্রায়ানের জীবনের সবচেয়ে রঙিন সময়।

গরমপাগল লিও

গ্রীষ্মকাল আর গরম আবহাওয়ার ভীষণ ভক্ত লিওনার্দো ডি ক্যাপ্রিও। এই সময়টায় কখনো তাঁকে ম্যানহাটনের রাস্তায় সাইকেল চালাতে দেখা যায়। আবার উষ্ণ আবহাওয়ার কোনো দ্বীপের সমুদ্রতীরে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরিবেশ ও আবহাওয়া নিয়ে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত এই তারকা। আর তাই গ্রীষ্মের সময়টায় সাধারণ মানুষের পোশাকে কখনো টি-শার্ট পরেই ঘুরতে বের হন তিনি।

টেইলরের জন্ম শীতে

শীতকালে জন্মেছেন গায়িকা টেইলর সুইফট। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জন্ম তাঁর। শীতের সময়টা তো ক্রিসমাসেরও সময়, তাই শীতকালটাই বেশ প্রিয় এই তারকার। শীতকাল নিয়ে এই তারকার ‘ব্যাক টু ডিসেম্বর’ নামের বেশ আলোচিত একটি গান আছে।

গ্রীষ্মের ঘোরাঘুরি ভক্ত ব্র্যাড পিট

বিবাহবিচ্ছেদের কারণে গতবারের গ্রীষ্মকালটা তেমন ভালো কাটেনি হলিউড অভিনেতা ব্র্যাড পিটের। এর আগে কয়েক বছর গ্রীষ্মকাল মানেই ছিল তাঁর কাছে অবসর আর ঘোরাঘুরি। ইউরোপ কিংবা প্রশান্ত মহাসাগরের কোনো দ্বীপে অ্যাঞ্জেলিনা জোলি ও সন্তানদের নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যেত তাঁকে। সন্তানদের কাছে এই সময়টায় নিজেকে বাবা হিসেবে প্রমাণের সর্বোচ্চ চেষ্টা থাকে তাঁর।

শীত আর তুষারপাতের ভক্ত আমির খান

বলিউডের আরেক খান আমির খানের প্রিয় ঋতু শীতকাল। সুইজারল্যান্ডে শীতের সময়টায় কাটাতে বেশ পছন্দ তাঁর। স্ত্রী কিরন রাও আর ছেলে আজাদকে নিয়ে বরফে ঘেরা সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে এই সময়টায় চলে যান তিনি। মাঝেমধ্যে শীতের সময়টায় আমির খান পরিবার নিয়ে নিউইয়র্কে চলে যান। শীতের সকাল আর বরফের বৃষ্টি ভীষণ পছন্দ আমির খানের।

শীত আর বরফের ভক্ত কারিনা

ভারতে কি কম শীত পড়ে? বলিউড অভিনয়শিল্পী কারিনা কাপুর এতটাই শীতের ভক্ত যে ভারতে যখন গ্রীষ্মকাল, তখন তাঁর একবার না একবার আল্পস পর্বতে ঘোরাঘুরি করতে যেতেই হবে। যখনই সুযোগ পান, এই তারকা সুইজারল্যান্ডে শীতের সময়টায় চলে যান। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর হানিমুনটাও সেরেছেন শীতের সময় সুইজারল্যান্ডে। বরফের পাহাড়ে ঘোরাঘুরি আর বরফে স্কিং তাঁর ভীষণ প্রিয় একটা কাজ।

অধুনা প্রতিবেদক

সূত্র: জিকিউ ও টাইমস অব ইন্ডিয়া