তারকাদের ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

হতাশা কিংবা মানসিক চাপে সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত তারকাদের হারিয়ে যাওয়ার নানা সংবাদ পড়ি আমরা। সবার নিজের অন্ধকার সময়টাকে পেরিয়ে সামনে আসার শক্তি অনেক সময় থাকে না, আবার অনেকে নিজের মনের শক্তি দিয়ে হতাশা-সংশয় কাটিয়ে ফিরে আসেন। তেমনই কয়েকজন তারকার কথা থাকছে আজ, যাঁরা জীবনের কঠিন অধ্যায়টি পেরিয়ে আবারও ফিরে এসেছেন পাদপ্রদীপে

মাশরাফি
মাশরাফি

নিজেকে নিজেই সামনে এগিয়ে নেন মাশরাফি

ইনজুরি, ইনজুরি আর ইনজুরি—ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার আত্মজীবনীর তিনটি বিশাল অধ্যায় হতে পারে। ক্রিকেট-জীবনের শুরু থেকেই ইনজুরি নিয়েই সামনে এগিয়ে গেছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলার স্বপ্নও বাদ দিতে হয়েছে তাঁকে, তারপরও হাল ছাড়েননি। অস্ত্রোপচারকক্ষ থেকে ক্রিকেট মাঠ, আর মাঠ থেকে অপারেশন থিয়টার—এমন করেই খেলে যাচ্ছেন ক্রিকেট। শুধু নিজের জন্য নিজের অনুপ্রেরণাই নন তিনি, দলের অন্য সব ক্রিকেটারের কাছে দারুণ অনুপ্রেরণার এক নাম ম্যাশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শুভেচ্ছাদূত হিসেবে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও অনুপ্রেরণা দেওয়ার কাজ করেছেন মাশরাফি বিন মর্তুজা। দলের খারাপ খেলা কিংবা নিজের খারাপ সময়টাতে সবাইকে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। নিজের শক্ত মনোবলে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে।

ব্র্যাড পিট
ব্র্যাড পিট

মন খারাপ হলে প্রকৃতির কাছে যান ব্র্যাড পিট

যেকোনো ভিলেনকে তুড়ি মেরে উড়িয়ে দেন ব্র্যাড পিট। সেই ব্র্যাড পিটের জীবনের অনেকটা সময় কেটেছিল হতাশা আর একাকিত্বের দুশ্চিন্তায়। নব্বইয়ের দশকে তখন সবে সিনেমার দুনিয়ায় কাজ শুরু করেছেন পিট। কাজ না পাওয়ার হতাশা আর ভবিষ্যতের দুশ্চিন্তায় নিজেকে নিয়ে কী করবেন তা ভেবে পাচ্ছিলেন না তিনি। সেই হতাশায় কাজের মধ্যে নিজেকে জড়িয়ে পার করেছিলেন তিনি। এরপরও নানা সময়ে তারকা হওয়ার পরও দুশ্চিন্তা ভর করেছে তাঁর ওপর। দুশ্চিন্তায় তামাকে আসক্তও হয়ে পড়েছেন অনেকবার। তাঁর ভাষ্যে, ‘হতাশায় নিজেকে নিজের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছি অনেকবার। নিজের কাছ থেকে পালানোর চেষ্টা অনেক কঠিন একটি কাজ।’ ব্র্যাড পিট নিজের মধ্যে দুশ্চিন্তা ভর করলে পরিবার নিয়ে দূরে কোথায় ঘুরতে চলে যান। প্রকৃতি আর নীল জলের সমুদ্রে নিজেকে ছেড়ে দেন, দিন কয়েকের এমন বিরতিই নাকি ব্র্যাড পিটকে আবারও শক্তি যোগায়, কাজে টেনে আনে।

ধোনি
ধোনি

নিজেকে নিজেই উজ্জীবিত করেছিলেন ধোনি

মাহেন্দ্র সিং ধোনি তখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি। প্রেমিকা প্রিয়াঙ্কার সঙ্গে দারুণ প্রেম চলছিল উঠতি ক্রিকেটার ধোনির। সময়টা ছিল ২০০২ সাল। তখন ভারতীয় ‘এ’ দলের হয়ে দারুণ খেলছিলেন ধোনি। মাঠের বাইরে প্রেম আর মাঠে দারুণ খেলা—ধোনিকে যেকোনো সময় জাতীয় দলে ডাকার সম্ভাবনা তৈরি হয়েছিল। এরই মধ্যে ধোনির প্রেমিকা প্রিয়াঙ্কা এক দুর্ঘটনায় মারা যান। এরপর ধোনিও ছিটকে পড়েন মাঠের বাইরে। ধোনির সতীর্থদের কাছ থেকে জানা যায়, সেই সময়টায় ধোনি কারও সঙ্গে কথা বলতেন না। প্রিয়াঙ্কাকে হারানোর কষ্ট নিজের মধ্যেই রেখে মোটামুটি একাকি জীবন শুরু করেন ধোনি। সেই সময়টায় নিজেকে নিজেই উজ্জীবিত করেছিলেন ধোনি। আর সেই অনুপ্রেরণায় প্রিয়াঙ্কাকে হারানোর দুই বছর পর ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

অধিনায়ক পদবিটাই তো চাপের, সেই চাপ একপাশে রেখে ধোনি ভারতের জন্য ক্রিকেট বিশ্বের সব বিশ্বকাপই এনে দিয়েছেন। গণমাধ্যম, ১০০ কোটি মানুষের প্রত্যাশা-সমালোচনা—এসব নিয়ে ক্রিকেটারদের জীবন। ধোনিকেও এসব চাপ এড়িয়ে সামনে এগিয়ে যেতে হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পরের সময়টা অনেক ঝড়-ঝঞ্ঝাট গেছে ধোনির পিঠের ওপর দিয়ে। খেলায় হারার পর কুশপুত্তলিকা পোড়ানো আর ভক্তদের রোষানলে পড়েছেন অনেকবার। পরিবারের নিরাপত্তার জন্য পুলিশি প্রহরার মধ্যে রাত কাটিয়েছেন অনেকটা সময়। ধোনি কীভাবে নিজেকে মানসিক চাপে স্থির রাখেন, তা নিয়ে কোরা ডট কমে ক্রিকেট অনুরাগী ভিবিন বাবুরাজন লিখেছেন, দুশ্চিন্তাহীন জীবন কাটানোর অভ্যাসই ধোনিকে মানসিক বিষণ্নতা কিংবা হতাশা কাটাতে সহায়তা করেছে। যেকোনো সংকটেই ধোনির মতো ক্রিকেটাররা ইতিবাচকভাবে সাড়া দেন, নেতিবাচক প্রতিক্রিয়া দেন না।

ক্রিকেট খেলার মাঠে বিপক্ষ দলের খেলা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের দলকে ধোনির মতো ইতিবাচক উপায়ে পরিচালনা করতে পারেন—এতেই খেলার ফলাফল শেষ বলে এসেও বদলে যেতে পারে। যে বিষয়ের ওপর আপনার নিয়ন্ত্রণ নেই, তার জন্য চিৎকার করে কোনো লাভ নেই। ধোনি যেকোনো পরাজয়কেই ইতিবাচক হিসেবে নেন, সে কারণে কোনো খেলায় হেরে গেলেও ধোনির মুখের অভিব্যক্তি যেমন থাকে, জিতলেও একই থাকে। অস্ট্রেলিয়া ভারতকে হোয়াইটওয়াশ করেছে কিংবা বাংলাদেশের কাছে ভারতের পরাজয়—যেকোনো ক্ষেত্রেই মাঠে নামার আগে ধোনি হয় জিতবেন, নইলে হারবেন—এ দুই ফলাফল মনে গেঁথে নেন। তাই তো জিতলেও ধোনিকে যেমন স্থির দেখায়, হারলেও একই রকমের স্থিরতা দেখা যায়। ধোনির ভাষ্যে, ‘আমি ফলাফল নিয়ে তেমন চিন্তা করি না। আমি কাজের ওপর মনোযোগ দিই। কাজে মনোযোগ দিলে দিন শেষে এমনিতেই একটি ইতিবাচক ফলাফল তৈরি হবে।’ নিজের খারাপ দিনটায় কী করেন ধোনি—এমন প্রশ্নের উত্তরে তাঁর ভাষ্য, ‘আমি নিজের জুতার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিজের জন্য ভাবি।’ নিজের মানসিক হতাশায় পরিবারের দারুণ সহায়তা নেন এই তারকা ক্রিকেটার।

.
.

নিজের সঙ্গে যুদ্ধ করে আবারও ফিরে আসেন

কৈশোরের সময়টা বেশ কঠিন কেটেছিল লেডি গাগার। সেই চাপটা এখনো মাঝেমধ্যে ফিরে আসে। চারপাশের মানুষের কটু কথা আর পরিবারের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে একটা অন্ধকার কৈশোর কেটেছিল গাগার। তাঁর ভাষ্যে, ‘সেই সময়টার কথা ভাবলে আমি আতঙ্কিত হয়ে পড়ি। এখনো ভয় লাগে।’ নিজের হতাশার সময়টা এখনো ফিরে আসার ভয় পান তিনি। কনসার্ট কিংবা শো চলাকালীন হাজারো মানুষের ভিড়ে একা বোধ করেন এই তারকা। হতাশার মধ্যে নিজেকে ছোট ভাবতে শুরু করেন তিনি। হুট করে সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে অনেকবার। তাঁর ভাষ্য, ‘হতাশা আমাকে চারপাশ থেকে আঁকড়ে ধরে। সবকিছু অসহ্য মনে হয় তখন।’ দিন কয়েক নিজের সঙ্গে যুদ্ধ করে আবারও মঞ্চে ফিরে আসেন তিনি।

.
.

ঘর থেকে না বের হলে হতাশা কাটানো অনেক কঠিন

আর সব কিশোরের মতোই বেশ হতাশা নিয়ে বেড়ে ওঠেন অ্যাঞ্জেলিনা জোলি। ওয়ালস্ট্রিটজার্নালকে জানিয়েছেন, ‘আমি এমন একটি পরিবেশে বড় হয়েছিলাম, যার প্রভাবে আমি সেই ছোটবেলা থেকেই ধ্বংসাত্মক প্রকৃতির। আমি তখন কোনোভাবেই নিজেকে বুঝতে পারতাম না। অনেকটা সময়জুড়ে শুধু কেমন জানি শূন্যতা ছিল আমার জীবনে।’ সেই হতাশার সময়টায় কান্নাকাটি ছাড়া আর কোনো উপায় ছিল না জোলির। জোলির মা মারশেলিন বার্ট্রান্ডের বন্ধু সিস রান্ডাল এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ছোটবেলায় জোলির ক্ষুধাহীনতার জন্য কয়েকবার হাসপাতালে নিতে হয়েছিল।

 ‘তেরো বছর বয়সের জোলিকে অনেকবার নিজের শরীরে নিজেই আঘাতের জন্য (সেলফ হার্মিং) হাসাপাতালে যেতে হয়েছিল বলে জানান সিস। কৈশোরেই মডেলিংয়ে নিজেকে যুক্ত করে কাজের চাপে মানসিক চাপ কমানোর চেষ্টা ছিল এই তারকার। হলিউড কাঁপানো এই তারকা প্রাপ্তবয়স্ক হওয়ার পর কিংবা সেলেব্রেটি হওয়ার পরও হতাশাগ্রস্ত হয়েছেন। নিজের শরীরে ক্যানসার রোগের অস্তিত্ব ধরা পড়লেও বেশ মানসিক চাপ অনুভব করেছিলেন এই তারকা। ২০০৮ সালে মা মারা যাওয়ার খবর শুনে বেশ বড় ধাক্কা খেয়েছিলেন এই তারকা। জোলির ভাষ্য, ‘সময়টা তখন খুব অন্ধকার মনে হচ্ছিল। নিজের মনের ওপর কোনোই নিয়ন্ত্রণ ছিল না সেই সময়টায়।’ জোলি নিজের হতাশা কাটানোর জন্য চিকিৎসা যেমন নিয়েছেন, তেমনি যুক্ত হয়েছেন সামাজিক কিছু কাজে। ২০০১ সালে জাতিসংঘের হাইকমিশনার ফর রিফিউজির (ইউএনএইচআর) শুভেচ্ছা দূত হয়ে শরণার্থীদের জন্য কাজ শুরু করেন জোলি। সেই থেকে ইরাক থেকে শুরু করে তুরস্কের বিভিন্ন শরণার্থী শিবিরে প্রতিবছর পাঁচ-ছয়বার সফর করছেন তিনি। ‘নিজের হতাশা কাটানোর জন্য আমি সরাসরি এ কাজে নিজেকে যুক্ত করেছি। ঘর থেকে না বের হলে হতাশা কাটানো অনেক কঠিন একটি কাজ।’ এমনটাই ভাবেন জোলি। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদও জোলির জীবনে বড় একটা ধাক্কা। সেই ধাক্কা কাটানোর জন্য সন্তানদের সঙ্গে আগের চেয়ে বেশি সময় কাটানো শুরু করেন জোলি।

.
.

শূন্যতা থেকে ফেরা বেশ কঠিন: এলেন

হুট করেই যদি সব থেমে যায়, তখন কতটা শূন্যতা বোধ করি আমরা? সেই শূন্যতাকে নিয়ে তিন-তিনটি বছর নিজের সঙ্গে লড়েছেন মার্কিন টিভি ব্যক্তিত্ব এলেন ডিজেনার্স। ১৯৯৭ সালে হুট করে সাফল্যের শীর্ষে থাকতেই থমকে যায় তাঁর জীবন। টেলিভিশন শো বাতিল হয়ে যায়। সব ধরনের আয় বন্ধ হয়ে যায়। তারকা বন্ধুরা দূরে সরে যান তাঁর জীবন থেকে। ‘একপ্রকারের অন্ধকার একটি টানেলের মধ্যে নিজেকে নিয়ে হাতড়ে বেড়াচ্ছিলাম তখন আমি। যেদিকেই চোখ দিয়েছিলাম, শুধুই শূন্যতা আর অন্ধকারই ছিল প্রাপ্তি তখন।’ মানসিক চিকিৎসকের কাছে যাওয়া একপ্রকারের দৈনন্দিন অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল তাঁর। সেই ধাক্কা কাটিয়ে উঠতে এলেনের বছর পাঁচেক লেগে যায়। ২০০২ সালে একটি অ্যানিমেশন সিনেমায় কণ্ঠ দিয়ে নিজেকে আবারও সামনে তুলে আনার চেষ্টা করেন এলেন। হতাশার সেই সময় থেকে ফিরে এসে যে আবারও হতাশ হয়েছেন, তা অকপটে স্বীকার করেন তিনি, ‘এখন যখন হতাশা বোধ করি, তখন সেই অন্ধকার টানেলের মধ্যে কাটানো দিনগুলোর কথা ভাবি। সেই কথাগুলো ভাবলেই এখনকার হতাশা এমনি কেটে যায়।’

.
.

একাকিত্ব কাটানোর জন্য পোষা কুকুরকে নিজের বন্ধু হিসেবে বেছে নিয়েছেন মাইল

প্রেমে বিরহ আর হতাশায় মাঝেমধ্যেই এখনো ছন্নছাড়া হয়ে যান ডিজনির হ্যানা মন্টানা খ্যাত মাইলি সাইরাস। হতাশার মাত্রা এতটাই প্রবল তাঁর মধ্যে যে কিশোর বয়সে একবার তাঁকে ঘরের দরজা ভেঙে বের করেছেন তাঁর বাবা। স্কুলে পড়ার সময় সহপাঠীদের কটু কথা হরহামেশাই শুনতেন মাইলি। আর এতে তাঁর ভাষ্য, ‘একটা জঘন্য আর বিষণ্ণ কৈশোর’ কাটিয়েছেন তিনি। শৈশব থেকে টেলিভিশনের কাজের চাপ আর ঘড়ি ধরা নিয়মের মধ্যে বেড়ে ওঠার জন্য ছোটবেলা থেকেই বেশ বিষণ্নতা ভর করেছে তাঁর ওপর। নিজের হতাশার কথা তো নিয়মিত টুইটারে ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই তারকা। মাইলির নানান পাগলামির খবর সংবাদমাধ্যমে দৃষ্টি কাড়লেও মনোবিদদের ভাষ্যে নিজের হতাশা আর বিষণ্নতাকে কাটানোর জন্যই এমনটা করেন তিনি। গেল কয়েক বছর মনোবিদদের পরামর্শে হতাশা আর একাকিত্ব কাটানোর জন্য পোষা কুকুরকে নিজের বন্ধু হিসেবে বেছে নিয়েছেন মাইলি। ‘নিজের চারপাশের নকল মানুষ আর তাদের নকল হাসি দেখতে দেখতে আমি বিরক্ত। নকল এই দুনিয়ায় কেউ কারও আপনজন নয়।’ নিজের প্রেম ভেঙে গেলে এমনটাই টুইট করেন এই তারকা।

.
.

নেতিবাচকতা এড়িয়ে চলেন ফেলপস

‘আমি কেউ না।’ এক ডজনের বেশি অলিম্পিক সোনাজয়ী মাইকেল ফেলপস এমনটাই ভাবেন মাঝেমধ্যে। হতাশা আর বিষণ্নতা যখন ফেলপসকে আঁকড়ে ধরে, তখন নিজেকে নিয়ে এমনটাই ভাবেন সাঁতার দুনিয়ার তারকা মাইকেল ফেলপস। চারপাশের হতাশ মানুষের কারণেই বেশি হতাশা বোধ করেন তিনি। তাঁর ভাষ্য, ‘আমি নেতিবাচক মানুষের কারণেই বিষণ্নতা বোধ করি। তাদের কাছ থেকে শতভাগ দূরে থাকার চেষ্টা করি। তাদের কাছ থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। নেতিবাচক মানুষ যতই শক্তিশালী হোক না কেন, আমি পালিয়ে যাবই।’ মানসিক চাপ নিয়ে ২০১৪ সালের পুরোটা বেশ অস্বস্তিতে ছিলেন মাইকেল। ‘ক্যারিয়ারের শেষটাই যেন দেখে ফেলেছিলাম সেই বছর। মাদকে জড়িয়ে পড়েছিলাম, জীবনটার প্রতি বিতৃষ্ণা চলে এসেছিল।’ এমন করেই সেই সময়টা নিয়ে জানান মাইকেল, ‘সেই সময়টায় আগামীকালের কথা মনে উঠলেই মন খারাপ হয়ে যেত। আরেকটা দিনের জন্য বেঁচে থাকাটা কষ্টের মনে হতো।’ মানসিক হতাশা কাটাতে নিরাময়কেন্দ্রেও বেশ কদিন সময় কাটিয়েছিলেন তিনি। শৈশবে বাবার সঙ্গে বেশ খারাপ একটা সম্পর্কের কারণে শৈশব-কৈশোরটা নিজের পরিবারের কাছ থেকে পালিয় বেড়াতেন এই তারকা। সেই প্রভাবটা অলিম্পিক হিরো হয়ে ওঠার পরও কাটাতে পারেননি মাইকেল। ‘নিজের সেই অতীতের সময়টা থেকে বের হয়ে আসা বেশ কঠিন। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি।’ জানান মাইকেল।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

বাজফিড, ডেইলি মেইল অনলাইন, টেলিগ্রাফ, ইএসপিএন