তারকাদের মাথায় বরফজল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি জগতের বিল গেটস থেকে মার্ক জাকারবার্গ। ফুটবল জাদুকর লিওনেল মেসি অথবা ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটনি স্পিয়ার্স থেকে অপরাহ উইনফ্রে। তামাম দুনিয়ার তারকারা কেন মাতলেন মাথায় ঠান্ডা জল ঢালার প্রতিযোগিতায়?

বালতিভর্তি বরফজল মাথায় ঢালার প্রতিযোগিতায় বিল গেটস
বালতিভর্তি বরফজল মাথায় ঢালার প্রতিযোগিতায় বিল গেটস

চোখে রোদচশমা। ঠোঁটে মিষ্টি হাসি। সাঁতারপুকুরের পাশে দাঁড়িয়ে দিব্যি কথা বলছিলেন ব্রিটনি স্পিয়ার্স। আচমকা ঝপাশ! বলা নেই কওয়া নেই, এক বালতি বরফজল ভিজিয়ে দিল মার্কিন পপগায়িকাকে! তবে এ আকস্মিক শীতল জলবর্ষণে অবাক হওয়ার কিচ্ছু নেই! কেন? এখন এই বরফশীতল জলে ভেজার ‘রীতি’ চলছে বিশ্বজুড়েই। তথ্যপ্রযুক্তি জগতের বিল গেটস থেকে মার্ক জাকারবার্গ কিংবা ফুটবল জাদুকর মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো—সবাই নাম লিখিয়েছেন এই বরফজলে ভেজার প্রতিযোগিতায়। কিন্তু আসল ব্যাপারটা কী? কেন এই মাথায় ঠান্ডা জল ঢালার খেলায় মাতলেন তারকারা?

ব্রিটনি স্পিয়ার্স
ব্রিটনি স্পিয়ার্স

কেন বরফজল?

অপরাহ উইনফ্রে
অপরাহ উইনফ্রে

আইস বাকেট চ্যালেঞ্জ বা ‘বালতিভর্তি বরফজল মাথায় ঢালার প্রতিযোগিতা’ চালু করে মূলত অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্কেলোরসিস (এএলএস) নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা। দুরারোগ্য কিছু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ রোগ প্রতিরোধে তহবিল সংগ্রহের জন্য কাজ করছে সংস্থাটি। এ প্রতিযোগিতায় কোনো তারকাকে বরফজলে নিজেকে ভিজিয়ে অন্যকে চ্যালেঞ্জ ছুড়তে হয়। যাঁরা এ চ্যালেঞ্জ নিতে অস্বীকৃতি জানাবেন, তাঁদের এএলএস তহবিলে অর্থ সাহায্য করতে হয়। শুরুর দিকে এ বালতিভর্তি বরফজল মাথায় ঢালার প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রেই জনপ্রিয় ছিল। পরে যুক্তরাজ্যেও জনপ্রিয় হয়। এরপর ফেসবুক টুইটারের মতো যোগাযোগমাধ্যমের সুবাদে এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে পুরো বিশ্বে।
সম্প্রতি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের আইস বাকেট চ্যালেঞ্জ তুমুল হইচই ফেলে দেয় চারদিকে। জাকারবার্গ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিল গেটসকে বলেছিলেন, ‘মাথায় বরফ-শীতল ঠান্ডা জল ঢালতে হবে, না হলে ১০০ ডলার দান করতে হবে।’ বিল গেটস চ্যালেঞ্জটা নিলেন। এর আগে জাকারবার্গকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি। এভাবে চক্রাকারে চলছে অভিনব, উপভোগ্য প্রতিযোগিতাটি।
গেল সপ্তাহে ফিফা বর্ষসেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে চ্যালেঞ্জ ছোড়েন তাঁর সাবেক সতীর্থ ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান সহ-অধিনায়ক ড্যারেন ফ্লেচার! সিআর সেভেনকে চ্যালেঞ্জ? এ জীবনে কম চ্যালেঞ্জ মোকাবিলা করেননি পর্তুগিজ ফরোয়ার্ড। ফ্লেচার অবশ্য এএলএসের জন্য নয়, চ্যালেঞ্জটা জানিয়েছিলেন মূলত জেমস ম্যাককার্থি ফাউন্ডেশনের জন্য।

মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

চলছে, চলবে
ফ্লেচার ইউনাইটেডের প্রশিক্ষণ ভবনের সামনে নিজের গায়ে বালতিভর্তি বরফ-শীতল জল ঢেলে রোনালদোকে চ্যালেঞ্জ ছোড়েন। এর দুই দিন পর রিয়ালের অনুশীলন মাঠে রোনালদোও নিজের গায়ে বরফজল ঢেলে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন তিন মার্কিন সংগীত তারকা—বিয়ন্স নোয়েলস, জেনিফার লোপেজ ও লিল ওয়েইনের প্রতি।
রোনালদো আইস বাকেট চ্যালেঞ্জ নিয়েছেন। ঘোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বসে থাকবেন? উঁহু, হতেই পারে না! আর্জেন্টিনা অধিনায়কও বরফশীতল ঠান্ডা জলে ভিজেছেন। তবে দেখার ছিল, মেসি কাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বার্সা তারকা দিয়েছেন দুই

লিওনেল মেসি
লিওনেল মেসি

আর্জেন্টাইন সতীর্থ এজেকিয়েল লাভেজ্জি, সার্জিও আগুয়েরো ও স্বদেশি অভিনেতা নিকো ভাসকেজকে। মেসি-রোনালদো করেছেন, ব্রাজিলীয় সেনসেশন নেইমার পিছিয়ে থাকবেন, তা কি হয়! তবে এ ক্ষেত্রে নেইমারের রসবোধ প্রশংসা-জাগানিয়া বৈকি। তিনি করেছেন কী, ব্রাজিল সতীর্থ রবিনহোর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়েছেন বিশ্বকাপে তাঁর মেরুদণ্ডে আঘাত দেওয়া কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগাকে!
মোদ্দা কথা, নয় মাস ধরে আলোচনার তুঙ্গে থাকা মাথায় ঠান্ডা জল ঢালার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়ছেই। প্রযুক্তি, ক্রীড়া, সংগীত, চলচ্চিত্র—সব ভুবনের তারকারা আইস বাকেট চ্যালেঞ্জে নাম লিখিয়ে ফেলেছেন। অপরাহ উইনফ্রে, লেডি গাগা, ব্রিটনি স্পিয়ার্স,
টম হিডেলস্টন, জেনিফার লোপেজ, রবার্ট ডাউনি জুনিয়র, দ্য রক, জাস্টিন বিবার—এর মতো তারকারা যুক্ত হয়েছেন এ প্রতিযোগিতায়।
দৃশ্যত হাসি-মজার কাণ্ড হলেও এর পেছনে কাজ করছে মহৎ উদ্দেশ্য, সেটি আগেই বলা হয়েছে। 
২৯ জুলাই পর্যন্ত এএলএস সংস্থার তহবিলে যোগ হয়েছে ৪০ লাখ মার্কিন ডলার। তবে বাংলাদেশে এখনো কোনো তারকার আইস বাকেট চ্যালেঞ্জ নিতে দেখা যায়নি। নিকট ভবিষ্যতে কাউকে নিতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না!
গ্রন্থনা: রানা আব্বাস
সূত্র: গার্ডিয়ান, মেইল অনলাইন