ঈদের দিন তিন বেলায় তিন ধরনের সাজে দেখা যাবে অভিনয়শিল্পী প্রভাকে। সময় বুঝে প্রভার নানা সাজ দেখুন নকশায়। ‘স্কুলে যখন পড়তাম, তখন ঈদের দিন বন্ধুবান্ধবের সঙ্গে খুব ঘুরতে ইচ্ছে হতো। কিন্তু মা বের হতে দিতেন না। এখন তো আমি আর ছোট্টটি নেই। তাই মায়ের বারণ-নিষেধও নেই। ঈদের দিন সেজেগুজে বের হয়ে পড়ি বন্ধুবান্ধবের সঙ্গে...।’ এভাবেই বলছিলেন মডেল ও অভিনয়শিল্পী প্রভা।প্রভার কাছেই জেনে নিলাম তাঁর ঈদের দিনের সাজের কথা। সকালে সুতির সাদা শাড়ি পরবেন। সেটায় থাকবে ব্লকের লাল বড় বড় ফুল। একটু চওড়া পাড় থাকবে তাতে। ব্লাউজটাও সাদামাটা সুতির হবে। পায়ে আরামদায়ক স্লিপার। কানে ছোট দুল পরবেন। হাতে দুটো সোনালি চুড়ি। চুলটা একটু ভেজা থাকবে বলে খুলেই রাখবেন প্রভা। এর সঙ্গে মুখে হালকা পাউডার, ঠোঁটেও হালকা গ্লস আর চোখের কোণে কাজলের চিকন রেখা।দুপুরে প্রভা পরবেন একটু জমকালো সালোয়ার-কামিজ।নিজের ডিজাইন করা জামা পরতে পছন্দ করেন তিনি। এবারের ঈদেও তা-ই পরবেন। কামিজের হাতা থাকবে কালো নেটের। কামিজের কাপড়টা সিল্কের হবে। লাল সিল্কের কাপড়ের সঙ্গে একটু কালো ও গোল্ডেন রঙের মিশেলে তৈরি কামিজ পরবেন। জুতার হিল একটু উঁচু হবে। চুলটা বিকেলের দিকে খোঁপা করে নেবেন। আর তাতে গুঁজে দেবেন একটা কাঠের খোঁপার কাঁটা।রাতের সাজটা একটু জমকালোই পছন্দ প্রভার। কারণ রাতে আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হতে পারে বেড়াতে গিয়ে। রাতের শাড়িটা তাই একটু জমকালো পরবেন তিনি। ছাই রঙের শাড়িতে পেস্ট রঙের চুমকির পাড় থাকবে। আর পুরো শাড়িজুড়ে পেস্ট রঙের ফুল হবে। ব্লাউজ হবে রং মিলিয়ে কাতানের তৈরি। কানে বড় ঝুমকা পরবেন, তাই গলায় কিছু পরবেন না। হাতে পাথর বসানো দুটো চুড়ি পরবেন। চুলটা ছেড়েই দেবেন রাতে। ব্যস, এই হলো প্রভার ঈদের সকাল, দুপুর ও সাঁঝের সাজ।