তারকার প্রেমে অন্ধ আমি!

তরুণ মনোরোগ চিকিৎসক তাঁর শিক্ষানবিশ সময়ে হাসপাতালের বহির্বিভাগে আসা সালমার (ছদ্মনাম) সমস্যাটি শুনে বেশ কৌতূহলী হন। সালমার বয়স আনুমানিক ২৮ বছর। অবিবাহিত এবং একটি হাসপাতালে সেবিকার কাজ করেন। পেশাগত দক্ষতার কারণে কর্মক্ষেত্রে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। মনোরোগ চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে আসার কারণ হিসেবে পরিবারের সদস্যরা জানান কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই সালমার মনে এমন এক ভ্রান্ত বিশ্বাস তৈরি হয়েছে যে টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় এবং নামকরা অভিনেতা তাঁর ‘প্রেমে’ পড়েছেন। কোনো এক অনুষ্ঠানে একটা অটোগ্রাফ নেওয়া ছাড়া এই অভিনেতার সঙ্গে সালমার আর কোনো যোগাযোগ বা কথা হয়নি। কিন্তু সালমা মনে করেন সেই অটোগ্রাফ দেওয়ার সময়ই সেই অভিনেতা তাঁর গভীর প্রেমে পড়েন এবং এর পরবর্তী সময়ে তাঁর অভিনীত সব নাটক, সিনেমা তাঁরই উদ্দেশ্যে করা। এমনকি তাঁর সাজসজ্জা, হেয়ার স্টাইল, পোশাকপরিচ্ছদও সালমাকে মুগ্ধ করার জন্যই করা হয়। প্রশ্ন করে জানা যায় সালমা শতভাগ নিশ্চিত যে ওই অভিনেতা তাঁকে প্রবলভাবেই ভালোবাসেন কিন্তু শুধু তাঁর সামাজিক অবস্থানের কারণে সরাসরি তাঁকে কিছু বলতে পারছেন না। ঘটনাটি খুব জটিল ও বিব্রতকর হয়ে যায় যখন একটি নাটকের সেটে গিয়ে সালমা সবার সামনে হইচই করেন এবং আপত্তিকর কথা বলেন। শুধু তা-ই নয়, অভিনেতার স্ত্রী ও সন্তানদেরও ইদানীং টেলিফোনে নানা আজেবাজে কথা বলেন এবং হুমকি দেন। সম্পূর্ণ ইতিহাস নিয়ে এবং মানসিক অবস্থা বিবেচনার পর মনোরোগ চিকিৎসক জানান, সালমা একটি জটিল মানসিক রোগে ভুগছেন।
দ্বিতীয় ঘটনাটা অবশ্য এতটা জটিল না। সমস্যাটা নাদিয়াকে (ছদ্মনাম) নিয়ে। উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী সে। খুব চুপচাপ আর বেশ শান্ত স্বভাবের মেয়েটির সাম্প্রতিক আচরণে যথেষ্ট উদ্বিগ্ন তার মা। ইদানীং তার নিজস্ব ঘরটির দেয়াল ভরে উঠেছে দেশের একজন প্রখ্যাত গায়কের নানা রকম পোস্টারে। রুমের সব জায়গায় ছড়ানো তাঁর নানা সিডি, পত্রিকায় ছাপানো সাক্ষাৎকার। সব সময়ই তার কানে লাগানো থাকে হেডফোন, যেখানে অনিবার্যভাবেই বাজতে থাকে সেই গায়কের গান। এমনকি ঘুমানোর সময়ও হেডফোনটি সরাতে চায় না নাদিয়া। পড়াশোনায় কমে আসে মনোযোগ, আনমনা হয়ে থাকে প্রায়ই, খাওয়া-দাওয়া হয় অনিয়মিত। ‘নাদিয়া কি তাহলে এই গায়কের প্রেমে পড়ল?’— এমন প্রশ্ন মনে উঁকি দিতে না দিতেই একদিন সে ঘোষণা করে, বিয়ে করলে সে ওই গায়ককেই বিয়ে করবে। হতভম্ব মা এ কথা শুনে তার বিস্ময় কাটতে না কাটতেই একদিন দেখে তার মেয়ে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। কারণ তার ঘরের দেয়াল থেকে তাকে না জানিয়ে উদ্বিগ্ন মা সেই গায়কের বেশ কয়েকটি পোস্টার নামিয়ে ফেলেছেন।
ওপরের দুটো ঘটনায় আপাতভাবে প্রেমসংক্রান্ত বিষয়ে একটা সাধারণ মিল থাকলেও মানসিক অবস্থা বিশ্লেষণে সালমা ও নাদিয়ার সমস্যা দুটো কিন্তু একেবারেই ভিন্ন।
অনেকের আবার অন্য রকমের সমস্যাও দেখা যায়। এই যেমন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের একটি গান টানা তিন দিন কোনো রকম বিরতি ছাড়া শুনেছিলেন আমাদের দেশের এক তারকা। আবার বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের যখন বিয়ে হলো কত শত মেয়ের হৃদয় ভেঙে গেল। সাকিবের নাম জপে অনেক মেয়ের দিন কাটে।
কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবারের অন্ধ ভক্ত টবি শেলডন অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে ফেলেন। সম্প্রতি হাফিংটন পোস্টের এক খবরের মাধ্যমে জানা যায়, বিবারের মতো চেহারা পেতে অস্ত্রোপচারের পেছনে লাখ ডলার খরচ করেছেন টবি। শুধু কি তাই, বিবারের মতো চুলের স্টাইল করেছেন তাঁর লাখো ভক্ত।
হলিউড অভিনেত্রী এমার কত ভক্ত তাঁর বিভিন্ন ব্লগ দেখলেই বোঝা যায়। তাঁকে নিয়ে যেকোনো খবরে ছেলেরা তো বটেই মেয়েরাও আগ্রহী থাকে।
আর এ বছরের বিশ্বকাপ ফুটবলের সময় মেসি-নেইমারের ভক্তদের সামলাতেও বেশ ঝক্কি পোহাতে হয়েছে। প্রিয় তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য, ছুঁয়ে দেখার জন্য নিরাপত্তাবেষ্টনী পার হয়ে মাঠে ছুটে গিয়েছে।
আরও একটি ঘটনার কথা বলতে হয়। লেখক হুমায়ূন আহমেদের ভক্ত নিয়ে নতুন করে বলার কিছু নেই। একবার তাঁর এক মেয়ে ভক্ত সারা শরীরে হুমায়ূন আহমেদের সব বই নিয়ে ঘুমিয়েছিল।
প্রথম ঘটনায় সালমা ইরোটোম্যানিয়া বা ডিলুশন অব লাভ নামক একটি জটিল মানসিক রোগে ভুগছেন। এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি কোনো রকম ভিত্তি ছাড়াই এমন এক ধরনের ভ্রান্ত বিশ্বাসে বদ্ধ থাকে যে অন্য কোনো ব্যক্তি তার প্রেমে আসক্ত। বেশির ভাগ ক্ষেত্রেই এসব ব্যক্তি প্রখ্যাত তারকা বা পাবলিক ফিগার হয়ে থাকেন এবং আর্থসামজিক অবস্থায় রোগীর তুলনায় উচ্চতর অবস্থানে থাকেন এবং সাধারণত তাদের নাগালের বাইরে থাকেন। ইরোটোম্যানিক রোগী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সেই ব্যক্তি গভীর প্রেম থাকা সত্ত্বেও বাস্তব অবস্থানের কারণে সরাসরি সেটা প্রকাশ করতে পারেন না। আর ভীতিহীন এই ভালোবাসার সূত্র ধরে রোগীরা নানা রকম বিব্রতকর অবস্থার তৈরি করতে পারে। যেমন: সবার কাছে সেই ব্যক্তিকে হেয়প্রতিপন্ন করা, সংবাদপত্রের মাধ্যমে জানানো বা পুলিশের কাছে অভিযোগ ইত্যাদি।
তবে ভালোবাসা নিয়ে এসব ভুল বিশ্বাস ও এ সম্পর্কিত কিছু সাধারণ আচরণ ছাড়া রোগীর জীবনযাত্রার অন্যান্য সবকিছু যেমন পেশাগত বা সামাজিক জীবনে তেমন কোনো ছন্দপতন থাকে না এবং বাইরে থেকে বড় কোনো পরিবর্তনও বোঝা যায় না।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এমন একটা অদ্ভুত সমস্যার কারণ কী? প্রথমেই স্পষ্ট করা ভালো, যে ব্যক্তিকে নিয়ে ভালোবাসাসংক্রান্ত এমন ভুল বিশ্বাস তৈরি হয়, সে এই রোগের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট বা দায়ী নয়। এর কারণ মূলত জৈবিক অর্থাৎ মস্তিষ্কের স্নায়ুরাসায়নিক পদার্থের তারতম্য, জিনগত ত্রুটি ইত্যাদিই দায়ী।
পরিবারের সদস্যরা কী করবেন?
এ রোগ জৈবিক হওয়ার ফলে এর মূল চিকিৎসাটা অবশ্যই ওষুধের মাধ্যমে করতে হবে। তবে সমস্যাটা হলো আশপাশের মানুষ রোগীর এই ভ্রান্ত বিশ্বাসকে সমস্যা হিসেবে বুঝলেও রোগের কারণেই ভক্ত এটাকে সমস্যা হিসেবে ধরে না। ফলে যতই তার বিশ্বাসের বিপক্ষে প্রমাণ দেখানো হোক ভক্ত তার বিশ্বাসে অটল থাকে। ফলে কাউন্সেলিং এ ক্ষেত্রে তেমন সাহায্য করে না। ওষুধের মাধ্যমে জৈবরাসায়নিক অবস্থার সামঞ্জস্যের মাধ্যমে এ ধরনের ‘বিশ্বাস’ কমে আসবে এবং জীবনের সামঞ্জস্যতা ফিরে আসে। সুতরাং রোগ জটিল হওয়ার আগেই মানসিক বিশেষজ্ঞের সহায়তা নিন এবং ওষুধ সেবন নিশ্চিত করুন।
আরেকটি বিষয় হলো কোনো তারকার প্রতি ভাবাবেগ কিন্তু অত জটিল কিছু নয়। কোনো ব্যক্তি বা তারকার প্রতি ভালো লাগা, তাকে নিয়ে আবিষ্ট থাকা, কল্পনার পাল উড়িয়ে তাকে নিয়ে নানা কিছু ভাবা এবং পরবর্তী সময়ে আবেগের ভার সামলাতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে ফেলা বেশির ভাগ ক্ষেত্রেই কিশোর মনের ফ্যান্টাসি বা রঙিন কল্পনার একধরনের অপরিপক্ব আচরণ হিসেবে ব্যাখ্যা করা যায়। সুতরাং নাদিয়ার বিষয়টা অস্বাভাবিক কিছু না বরং এ রকম টালমাটাল অভিজ্ঞতা অনেক ব্যক্তির জীবনেই কৈশোর বয়সের একটি ‘মুচকি হাসির’ স্মৃতি।
এসব ভাবনার সঙ্গে জীবনের বাস্তবতার সমন্বয় বেশির ভাগ ক্ষেত্রে থাকে না। এ সময় প্রিয় কোনো ব্যক্তি, মডেল, তারকা নানাজনই হয়ে উঠতে পারে তাদের আদর্শ, কল্পপ্রেমিক, আনন্দের উৎস, ভাবনার কেন্দ্রবিন্দু। এসবের মধ্যে খুব ভুল যে কিছু আছে তা কিন্তু নয়।
অভিভাবকদের মনে রাখা প্রয়োজন এ বিশেষ অবস্থাটা জীবনের একটা পর্যায় মাত্র। একেকজন একেকভাবে এ সময়টা নিজেদের মতো পার করে এবং বেরিয়ে আসে। তাদের এই অপরিপক্বতাই তাদের স্বাভাবিকতা, অদ্ভুত এসব কল্পনার জন্যই কৈশোর এতটা বর্ণিল ও অনুপম। সুতরাং বিষয়টা নিয়ে উদ্বিগ্ন না হয়ে সন্তানকে এ অবস্থা থেকে বের হওয়ার জন্য সময় দিন। একসময় এটা নিজের নিয়মেই ধীরে ধীরে কেটে যাবে।
বিষয়টা নিয়ে বকাঝকা, সমালোচনা করা থেকে বিরত থাকুন। এতে হিতে বিপরীত হতে পারে।
পারতপক্ষে বাইরে থেকে উপেক্ষা করুন এবং একই সঙ্গে বিষয়টা পর্যবেক্ষণের মধ্যে রাখুন। এ বিষয়ে উৎসাহ দেবেন না।
প্রয়োজনে এ নিয়ে হালকাভাবে কথা বলতে পারেন, যাতে সে নিজে থেকে এসব কল্পনার বাস্তবহীন অবস্থাটা বুঝতে পারে। তবে অতিরিক্ত বোঝাতে না যাওয়াই ভালো।
এ সংক্রান্ত বিষয়ে মানসিক কষ্ট পেলে, তাদের সাহায্য করুন।
নারী-পুরুষের পরস্পরের প্রতি ভালোবাসার অনুভব জীবনের নানা পর্যায়ে, নানা মাত্রায় হতে পারে। বিষয়টা কখনো কখনো সম্পূর্ণই একপাক্ষিক, আবার কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থতা, একপাক্ষিকতা ইত্যাদি আজকের আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় ভালোবাসার অনুভব এবং এর সঙ্গে মিশে থাকা আবেগ, কষ্ট, আনন্দ যখন হয় ভিত্তিহীন অথবা একেবারেই ভ্রান্ত।
লেখক: মানসিক রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট