আকাশ থেকে নেমে এল ছোট্ট একটা প্লেন
প্লেনের মধ্যে বসে আছে ছোট্ট একটা মেম
তাকে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইওর নেম
সে আমাকে উত্তর দিল মাই নেম ইজ সুচিত্রা সেন।
ছোটবেলায় এই কয়েক লাইনের ছড়াটা অনেকবারই শুনেছি। মুখে মুখে সুচিত্রা সেনের সৌন্দর্য এমন পর্যায়েই ছিল। শুধু তখন, বাংলা চলচ্চিত্রের নায়িকা বলতে সুচিত্রা সেনের আবেদন আজ কি কম? সুচিত্রা সেন তো রোমান্টিকতার আইকন। নায়িকা হিসেবে তাঁর আবেদন কখনোই কমেনি। মজার ব্যাপার হলো, সিনেমায় সুচিত্রা সেনের আসাটাই কিন্তু বিয়ের পর। ১৯৪৭ সালে ১৭ বছর বয়সে দিবানাথ সেনের সঙ্গে বিয়ের পাঁচ বছর পর ১৯৫২ সালে প্রথম ছবিতে অভিনয় করেন এই মহানায়িকা। ইন্ডাস্ট্রি কিংবা অনুষ্ঠান-আয়োজনে যাঁকে ‘মিসেস সেন’ সম্বোধনেই ডাকা হতো।

সুচিত্রার কথা বললেই চলে আসে উত্তমের নাম। উত্তমকুমার-সুচিত্রা সেন বাঙালি মানসে সর্বকালের সেরা রোমান্টিক পর্দা জুটি—এ কথা মানতেই হবে। উত্তমকুমারও কিন্তু বিয়ের পর চুটিয়ে অভিনয় করে গেছেন। বিবাহিত দুই নায়ক-নায়িকা পর্দা কাঁপিয়েছেন দাপটের সঙ্গে। দর্শক কি তাঁদের চেয়ে রোমান্টিক জুটি আর কাউকে ভেবেছিলেন, না এখন ভাবেন?
আমাদের মধ্যে একটা ধারণার প্রচলন আছে। রুপালি পর্দার দর্শকেরা বিবাহিত নায়ক বা নায়িকাকে গ্রহণ করতে চান না। তাই নায়ক বা নায়িকা যদি জনপ্রিয়তার তুঙ্গে থাকতে বিয়ে করে ফেলেন, তবে তাঁর পর্দার চাহিদা কমে যায়। তাঁর বাজার পড়ে যায়। এটা সিনেমায় লগ্নিকারীরা যেমন ভাবেন, তেমনি অনেক নায়ক-নায়িকার মধ্যেও এ ভাবনা কাজ করে। আসলেই কী তাই? নায়করাজ রাজ্জাকের বেলায় কী বলবেন?
১৯৬২ সালে কলকাতা থেকে যখন ঢাকায় এলেন আবদুর রাজ্জাক, তখন স্ত্রী লক্ষ্মী তো বটেই, ছেলে বাপ্পারাজও বর্তমান। ১৯৬৬ সালে বেহুলা করে রাজ্জাক যখন হিট, তখন তিনি ঘোর সংসারী। এরপর রাজ্জাকের ক্যারিয়ার এতটাই ঊর্ধ্বমুখী যে আমজনতাই তাঁকে খেতাব দিল ‘নায়করাজ’।
বিয়ের পর অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনের ক্যারিয়ারে ধস নেমেছিল? কথা হচ্ছিল অমিতাভ বচ্চনের জীবনীকার সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বললেন, ‘অমিতাভের ১৩তম ছবি জঞ্জির সুপারহিট হয়। এরপরই জয়া ভাদুড়ী এবং অমিতাভ বচ্চনের বিয়ে হয়। বিয়ের পর অনেক বছর দু্জনই চুটিয়ে সিনেমা করে গেছেন। আর দর্শকেরাও তাঁদের ভালোভাবে গ্রহণ করেছেন। পরে অবশ্য জয়া বচ্চন অভিনয় কমিয়ে দেন। সে তো ভিন্ন কারণ।’
বিয়ের পর ক্যারিয়ার তর তর করে এগিয়েছে এমন উদাহরণ দিতে গিয়ে শর্মিলা ঠাকুরের কথাও বললেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। ওদিকে শাহরুখ খানের কথাই বলা যাক। নানা ইমেজে পর্দায় এসেছেন এই ‘বলিউড বাদশা’। রোমান্টিক নায়ক, খলনায়ক—সবটাতেই হিট। গৌরীকে বিয়ে করেছিলেন ১৯৯১ সালে। এরপর ’৯২তে রাজু বন গ্যায়া জেন্টলম্যান, ’৯৩তে বাজিগর, ডর, ’৯৫ সালে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে—হিটের পর হিট। বিয়ে, সংসার কিছুই তো তাঁর ক্যারিয়ারে প্রভাব ফেলেনি। রাজেশ খান্না আর ডিম্পল কাপাডিয়াও বিয়ের পর জনপ্রিয় ছিলেন বেশ অনেক বছর। আবার বিয়ের পর ক্যারিয়ার পড়ে গেছে তেমন উদাহরণ তো আমরা দেখি সায়রা বানু কিংবা কাজলের বেলায়। কিন্তু দীলিপ কুমার আর অজয় দেবগনের অভিনয় জীবনে ‘বিয়ে’ প্রভাব ফেলেনি।
তারকাদের ক্যারিয়ার যেহেতু পর্দায় তাঁর উপস্থিতি, অভিনয় আর দর্শকপ্রিয়তার ওপর নির্ভরশীল। শুধু বিয়ে একজন তারকার জনপ্রিয়তা কমিয়ে দেবে—উদাহরণ কিন্তু তা বলে না। প্রথম ছবি তিন কন্যা দিয়েই চলচ্চিত্রে নিজের স্থায়ী অবস্থান করে নেন চম্পা। এরপর এই অভিনেত্রী বাণিজ্যিক ও প্যারালাল দুই ধারাতেই নিজের দক্ষতা দেখিয়েছেন বাংলাদেশ ও ভারতে। অথচ চম্পা তিন কন্যার আগেই বিবাহিত। আবার বাংলা চলচ্চিত্রের স্মার্ট রোমান্টিক নায়ক জাফর ইকবাল—বিবাহিত এই নায়ক কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত শহুরে রোমান্টিক ইমেজ নিয়ে সফল ছবি করে গেছেন।
এ লেখাটা শেষ করা যায় আমাদের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ্কে দিয়ে। নব্বইয়ের দশকের গোড়ার দিকে কেয়ামত থেকে কেয়ামত ছবিটি বাংলাদেশের সিনেমাশিল্পের সফলতার ধারাটাই যেন বদলে দেয়। মৌসুমীর সঙ্গে হিট অভিষেকের পর শাবনূরসহ অনেকের সঙ্গেই জুটি বেঁধে হিট রোমান্টিক নায়ক হিসেবে নিজের ভাবমূর্তিকে আকাশছোঁয়া করে ফেলেছিলেন। মৃত্যুর প্রায় ২১ বছর পরও সালমান শাহ্র রোমিও ইমেজটা টিকে আছে। অথচ সিনেমায় অভিষেকের আগেই সালমান শাহ্র বৈবাহিক অবস্থান ছিল বিবাহিত।