তারকোভস্কির চলচ্চিত্রে জীবনের নানা স্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢালী আল মামুন
ঢালী আল মামুন

রাইকমল আমার প্রথম দেখা চলচ্চিত্র। মায়ের সঙ্গে চাঁদপুরের ছায়াবাণী সিনেমা হলে গিয়ে দেখেছিলাম। তারপর আরও কত চলচ্চিত্র দেখেছি। কখনো বন্ধুদের সঙ্গে, কখনো একা একা। সিনেমা দেখাটা একসময় এমন নেশা হয়ে দাঁড়িয়েছিল যে এর জন্য বাড়ি থেকেও পালিয়ে যেতাম। যে সময়ের কথা বলছি, তখন সিনেমা দেখানোর আগে লিফলেট বিলি করা হতো। কোনো লিফলেট পড়ে মনে ধরলেই সেটা দেখতে যেতাম। আমি যে সিনেমা দেখতে গিয়েছি, বাড়ির কেউ যাতে সেটা বুঝতে না পারে, সে জন্য সিনেমার মধ্যবিরতিতে মায়ের সঙ্গে দেখা করে আসতাম। একবার তো বড় ভাইয়ের কাছে ধরা পড়ে গিয়েছিলাম। তারপর যা হওয়ার তা-ই হলো!

আন্দ্রেই তারকোভস্কির নস্টালজিয়া সিনেমাটি আমার কাছে অসাধারণ লেগেছে!
আন্দ্রেই তারকোভস্কির নস্টালজিয়া সিনেমাটি আমার কাছে অসাধারণ লেগেছে!

তবে যেগুলোকে আমি সত্যি সত্যি চলচ্চিত্র বলে মনে করি, সেসব দেখতে শুরু করি বেশ পরে। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ঋত্বিক ঘটকের অযান্ত্রিক দেখার সুযোগ হয়েছিল। সেটি দেখে চলচ্চিত্র সম্পর্কে আমার ধারণা পাল্টে যায়।
চলচ্চিত্রের সৌন্দর্য ও তাৎপর্য বুঝতে শুরু করি ১৯৮০-র দশকে এসে। তখন আন্তর্জাতিক চলচ্চিত্র দেখতে শুরু করেছি; যুক্ত হয়ে পড়েছি চলচ্চিত্র সংসদের সঙ্গে। সিনেমা দেখতে প্রায়ই আমরা বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে যেতাম। পাগলের মতো দেখতাম ইতালি, ফ্রান্স ও জার্মানির ধ্রুপদি চলচ্চিত্রগুলো।
আমাদের অনেক বন্ধুরই সিনেমা বানানোর স্বপ্ন ছিল। আমারও স্বপ্ন ছিল চলচ্চিত্র নির্মাণের। তবে এমন চলচ্চিত্র বানাতে চেয়েছি, যা মুক্তি পাবে সাহিত্যের বা বয়ানের দাসত্ব থেকে। সিনেমার ভাষা হবে স্বাধীন ও আত্মনির্ভর। সিনেমা হবে শব্দ আর প্রতিমার এক অনুপম বয়নশিল্প। বন্ধুদের সঙ্গে এ নিয়ে খুব বিতর্ক হতো।
আমার প্রিয় চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কি। তাঁর নস্টালজিয়া সিনেমাটি আমার কাছে অসাধারণ লেগেছে! এককথায় একটি ‘মাস্টারপিস’। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটিতে ইমেজ, সংগীত, সংলাপ—সবকিছুই বাঙ্ময়। তারকোভস্কির সব সিনেমাই এ রকম। তিনি দর্শককে কোনো ভাবনা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন না। তাঁর সিনেমা দেখে নিজে নিজে উপলব্ধি করার পূর্ণ স্বাধীনতা রয়েছে দর্শকের। তাই তারকোভস্কির সিনেমা দেখে বাস্তব ও বাস্তব পেরোনো নানা প্রসঙ্গ দর্শকের মনে জোয়ারের মতো প্রবেশ করে। জীবনের গল্পে যে বহু রকমের স্তর থাকে, তা উপলব্ধির অবকাশ তারকোভস্কি তাঁর চলচ্চিত্রে রাখেন। চলচ্চিত্রের পুরোনো ধারণা পাল্টে দিয়েছেন তিনি।
তারকোভস্কিরই এক ভাবশিষ্য আলেকসান্দর সকুরভের রাশান আর্ক চলচ্চিত্রটিও আমার খুব প্রিয়। ৯৬ মিনিটের একটি ছবি। কিন্তু পুরো ছবি একটি মাত্র শটে চিত্রায়িত। লেনিনগ্রাদের হের্মিটেজে রাশিয়ার ইতিহাসনির্ভর এই চলচ্চিত্র চিত্রায়িত হয়েছে।
মুগ্ধ হয়েছি সুইডিশ নির্মাতা ইংগমার বার্গম্যানের ওয়াইল্ড স্ট্রবেরিজ চলচ্চিত্রটি দেখে।
ভালো লাগে ফরাসি চলচ্চিত্রকার দারদেন ব্রাদার্সের চলচ্চিত্র। তাঁদের নির্মিত রোসেতা খুবই ভালো লেগেছে। ভিন্ন নির্মাণশৈলীর কারণে ভালো লাগে রন ফ্রিকের বারাকা। আরেকটি প্রিয় ছবি থিওদোরোস আঞ্জেলোপুলোসের ইটারনিটি অ্যান্ড অ্যা ডে। অসাধারণ এক নির্মাতা। আমাদের বন্ধু তারেক মাসুদের মতো তিনিও গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।
এখন কাজের চাপ বেড়ে গেছে। তার পরও নিয়মিত চলচ্চিত্র দেখি। তবে আগের মতো আর হুল্লোড় করে প্রেক্ষাগৃহ বা সাংস্কৃতিক কেন্দ্রে গিয়ে ছবি দেখা হয় না। বাসায় বসে ডিভিডি প্লেয়ারে সিনেমা দেখে এখন দুধের স্বাদ ঘোলে মেটাই। প্রেক্ষাগৃহে ছবি দেখার সেই আমেজ হয়তো পাই না, তবু ভালো লাগে চলচ্চিত্র দেখতে।
অনুলিখন: সুচিত্রা সরকার