উঁচু ভবন লিফট ছাড়া যেন কল্পনাই করা যায় না। সময় কিংবা শক্তির সাশ্রয় মানেই লিফট। দ্রুত ওপরে ওঠার তাড়নায় আমরা ভুলেই যাই লিফটম্যানার বা লিফটের আদবকেতাকে। একইভাবে, লিফটে বিপদে পড়লে ভুলে যাই কী করতে হবে। অথচ নিরাপত্তা ও আদবকেতা—এই দুটি ব্যাপারই আপনার জীবন ও ব্যক্তিত্বের সঙ্গে জড়িত।লিফটের আদবকেতা‘সময় মেনে ওপরে ওঠার তাড়া থাকে সবারই। তাই লিফট এলে হুড়োহুড়ি করেন অনেকেই। কিন্তু সারি বা লাইনে দাঁড়িয়ে লিফটে ওঠা উচিত। এটাই ভদ্রতা। যিনি লাইনের প্রথমে থাকবেন, তিনিই প্রথমে লিফটে উঠবেন। অযথা লিফটের সামনে দাঁড়িয়ে গোলযোগ করা অশোভন।’ বলেন মান বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. নাঈম।এখনকার আধুনিক লিফট ধারণক্ষমতার বেশি মানুষ হলে সংকেত দেয়, ওপরে ওঠে না। সে সময় শেষে যিনি উঠবেন, তাঁরই উচিত নিচে নেমে দাঁড়ানো, কেউ বলার আগেই। লিফটে কিছু কিছু মুঠোফোনের নেটওয়ার্ক থাকে না। তবু অনেকে উচ্চস্বরে কথা বলার চেষ্টা করেন। অপরিচিত মানুষের ভিড়ে লিফটের বদ্ধ জায়গায় এমন আচরণ খুব অশোভন দেখায়। অন্যের বিরক্তির কারণ হয়। তাই অতি জরুরি ফোন হলে মৃদু স্বরে জানিয়ে দেওয়া উচিত, আপনি লিফটে আছেন, ফোন রাখতে হচ্ছে। লিফট থেকে বের হয়ে কথা বলে নিতে পারেন। কেউ আছেন, পরিচিত কাউকে লিফটে দেখলেই উচ্চ স্বরে খোঁজখবর নিতে থাকেন বা আলাপচারিতায় মগ্ন হয়ে যান। এটিও ঠিক নয়।লিফটের ছোট্ট পরিসরে দাঁড়াতে হয়। অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় অন্যের গায়ে স্পর্শ লাগে। সঙ্গে সঙ্গেই দুঃখিত বলতে হবে। যদি কাউকে ভিড় ঠেলে নামতে হয়, তখন বাইরে দাঁড়িয়ে তাঁকে রাস্তা করে দেওয়াও ভদ্রতার অংশ। এ ছাড়া লিফটে ধূমপান না করা, পানের পিক বা থুতু না ফেলা, হাঁচি-কাশি এলে মুখে কিছু চাপা দেওয়ার কথা মনে রাখতে হবে সবাইকে।নিরাপদ থাকুন লিফটেআধুনিক লিফটে নিরাপত্তা নিশ্চিত করা হয় সবার আগে। এমএআরসি আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের দেশে লিফট নিয়ে যেসব দুর্ঘটনা ঘটতে দেখা যায়, তার মধ্যে খুব বেগে লিফট ওঠানামা করা, বিদ্যুৎ চলে গেলে মাঝপথে লিফট থেমে যাওয়া এবং ভেলোসিটি ডোর কন্ট্যাক্ট বা দরজা খোলার পরও লিফটের কেবিন না আসা। একটু সতর্ক থাকলেই এসব বিপদ এড়ানো যায়।’ মাঝপথে লিফট থেমে গেলে বা গতি অস্বাভাবিক হলে লিফটের ইন্টারকমে সঙ্গে সঙ্গে জানানো উচিত। এখনকার লিফটে অটো ল্যান্ডিং ডিভাইস থাকে। এর সাহায্যে বিদ্যুৎ চলে গেলেও লিফট কাছাকাছি পয়েন্টে বা তলায় এসে থামে এবং দরজা খুলে যায়। আবার মনে করুন, লিফটের দরজা খুলে গেল, পা বাড়ালেন আর সোজা নিচে পড়ে গেলেন। কারণ, লিফটের দরজা খুলেছে, কিন্তু কেবিন এখনো আসেনি। এমন দুর্ঘটনার একমাত্র কারণ অসতর্কতা। আর এ ঘটনার জন্য দায়ী যান্ত্রিক নিয়ন্ত্রণে বিচ্যুতি। তাই দরজা খুললেই লিফটে উঠতে পা বাড়িয়ে প্রথমে দেখুন। কেবিন না দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানান, অন্যদেরও সতর্ক করুন।তার পরও আপনার শঙ্কা থাকলে লিফট ব্যবহারের আগেই কিছু বিষয় নিশ্চিত হয়ে নিন। যেমন: ভবনটিতে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা আছে কি না লিফটে ইন্টারকম আছে কি না এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় লিফটে জরুরি বাতি আছে কি না লিফটে অটো ল্যান্ডিং ডিভাইস ব্যবহার করা হয়েছে কি না