ধরি, সেদিন চৈত্র মাস। কোনো একটি ফ্ল্যাটবাড়ি থেকে বেরিয়ে রাজধানী ঢাকার জনারণ্যে এসে মেশে এক ভাবুক তরুণ এবং অচিরেই নাগরিক কোলাহলের মধ্যে হারিয়ে যায়। রাস্তায় গাদাগাদি হয়ে হাঁটতে থাকা অগণন মানুষ, তারস্বরে হর্ন বাজাতে থাকা বাস, টেম্পো আর রিকশার ভিড় দেখতে দেখতে তরুণটি হনহনিয়ে পা চালায়। পা চালায় এ জন্য নয় যে তরুণটি হাঁটতে ভালোবাসে। অথবা সে খুব বাড়াবাড়ি রকমের ভাবুক। আদতে নিয়তি সেদিন এক মিশ্র রূপ নিয়ে হাজির হয়েছে এই তরুণের জীবনে। একটু আগে, অদ্যাবধি তার নির্মাতা জীবনের সবচেয়ে বড় প্রস্তাবটি সে পেয়েছে। প্রযোজক মহোদয় কথা দিয়েছেন তার একটি ধারাবাহিক নাটক অর্থায়নে তিনি আগ্রহী। এত বড় একটা সুসংবাদ পাওয়ার ঠিক পরপরই তরুণটি অত্যন্ত বেদনার সঙ্গে খেয়াল করেছে, তার পকেট সত্যিকার অর্থেই গড়ের মাঠ! অবশ্য মগবাজার পার হয়ে বাংলামোটর আসতে আসতে তরুণের চোখ ক্রমেই উজ্জ্বল হয়ে উঠতে থাকে। এবং শাহবাগ মোড়ে পৌঁছাতে না পৌঁছাতে সে রোদ মাথায় নিয়ে হাঁটার ক্লান্তি, পকেটে ফুটো পয়সা না থাকার কষ্ট, ধুম করে চাকরি ছেড়ে দিয়ে স্রেফ বেকার হয়ে বসে থাকার গ্লানি—সব বেমালুম ভুলে যায়। কারণ, তার প্রথম ধারাবাহিক কফি হাউস-এর মূল ভাবনাটি ততক্ষণে পেয়ে গেছে সে। সময় ২০০৬ সালের কোনো এক বিকেল।তরুণ নির্মাতা মেজবাউর রহমান সুমনের এই গল্প হয়তো আমাদের অন্য অনেক নির্মাতারও গল্প। কিন্তু দৈবচক্রে জীবনের গল্প মিলে গেলেও সুমন একটা জায়গায় বাকি সবার থেকে আলাদা, সেটি সুমনের তৈরি টিভি নাটক। অরুপার কাছে যাচ্ছি, দখিনের জানালাটা খোলা- আলো আসে আলো ফিরে যায় দিয়ে শুরু করে শহরতলীর আলো, নুসরাত সঙ্গে একটা গল্প, তারপর পারুলের দিন, তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে, জ্যোস্না নদী অথবা রশিদের কিছু কল্পদৃশ্য, এমনকি সর্বসাম্প্রতিক ফেরার পথ নেই, থাকে না কোনকালে অবধি। নির্মাণশৈলী, বিষয়গত বৈচিত্র্য আর দৃশ্যায়নের সৌকর্যে সুমন বাকি সব নির্মাতার চেয়ে বেশ খানিকটা আলাদা। তবে কেবল দৃশ্যায়নের সৌকর্য নয়, সুমনের নাটক উল্লেখযোগ্য হয়ে উঠেছে তার বিষয়বৈচিত্র্যের কারণেও। সুমনের কথা—‘গল্প আমার কাছে জানালা দিয়ে আকাশ দেখার মতো একটা ব্যাপার। সে আকাশ জানালার ভেতর দিয়ে যত ছোটই হোক, তার বিশালতা কখনো হারিয়ে যায় না। জানালার মতো সেই ছোট গল্প বড় কিছুরই ইঙ্গিত দেয়।’একটা সময় ছিল বাংলাদেশের টিভি নাটকে রং সম্পাদনা বা কালার কারেকশনের কোনো ব্যাপারস্যাপার প্রায় ছিল না। সুমন দৃশ্যায়নের সৌন্দর্যকে মাথায় রেখেছিল একদম শুরু থেকেই। ফলাফল যে সব সময় খুব ভালো হয়েছে তা নয়। রং সম্পাদনার অভিযোগে (!) এমনকি কোনো একটা টিভি চ্যানেলে ভণ্ডুলই হয়ে যেতে বসেছিল তার একটি নাটক। কিন্তু এই দৃশ্যায়নের সৌন্দর্যের দিকে সুমনের অধিক ঝোঁক থাকার রহস্য কী? সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন আর সোনারকেল্লা দেখে মুগ্ধ হয়েছিল। সিনেমা ব্যাপারটা তার ভালো লাগত বটে। কিন্তু ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সুমন নাম লিখেয়েছিল বুকপকেটে নামজাদা চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়েই। বাবা রেজাউল করিম খান ছিলেন একজন শৌখিন আলোকচিত্রী। তাঁর প্রিয় ইয়াসিকা ক্যামেরাটা দিয়ে পারিবারিক ছবি তুলতে ভালোবাসত সে। তাই হয়তো বা ইমেজ বা দৃশ্যকল্পের প্রতি ভালোবাসাটা সুমন তার বাবার কাছ থেকেই পেয়ে থাকবে। তবে সিনেমার প্রতি সুমনের প্রেমটা মূলত জাগিয়ে তুলেছিলেন দুলাভাই জাকির হোসেন রাজু। আর নূরুল আলম আতিকের সাইকেলের ডানা, চতুর্থমাত্রা করেছিল দারুণভাবে উজ্জীবিত। সুমনের নির্মাণপ্রক্রিয়া শুরু অ্যানিমেশন দিয়ে। চারুকলায় পড়ার সময়ই ইয়ার দোস্তরা মিলে তৈরি করেছিল গোপাল ভাঁড়ের হাসির গল্প নিয়ে অ্যানিমেশন ছবি। এক মৃত কবির গল্প নিয়ে নাটক দখিনের জানালাটা খোলা, আলো আসে আলো ফিরে যায় পেয়েছিল মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার। সুমনের সব নাটকের নামই কেমন কবিতার গন্ধমাখা! খুব সম্ভবত সুমনের ভেতরে কোথাও একটা কবি বাস করে। নির্মাতা সুমন কি কোনো দিন কবিতা লিখেছে? চিরকালের লাজুক আর মুখচোরা সুমন হয়তো বেমালুম চেপে যেতে চাইবে বিষয়টা। তবুও সুমনকে একবার জিজ্ঞেস করে নেওয়া যেতে পারে। সুমনকে ফোন করি। ওপাশে বেজে ওঠে সুমনের মুঠোফোনের ‘স্বাগত সুর’ মানে ওয়েলকাম টিউন। সুমনের নিজেরই কণ্ঠ—‘চার চার চৌকো জানালায়আমায় দেখে হাতটা বাড়ায়...আকাশ দেখে দিচ্ছি ছুটমাথার ভেতর শব্দ জট..আমার চোখে লাগায়!!!’...ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি। সুমন কেবল শিল্পী আর নির্মাতা নয়, গানের মানুষও। ‘মেঘদল’ নামে একটা গানের দল আছে সুমনদের। বড় দরদ দিয়ে গাইতে ভালোবাসে তারা...