তারা তিন
অনেক প্রাপ্তি নিয়ে বিশ্বকাপ মিশন থেকে ফিরেছে বাংলাদেশ দল। বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি সৌম্য সরকার, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ। নিজেদের প্রথম বিশ্বকাপে দারুণভাবে চিনিয়েছেন তিন তরুণ। এই তিন তরুণের গল্প লিখেছেন মো. রানা আব্বাস


দুরন্ত তাসকিন
ঢাকার মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে গিয়েই টের পাওয়া গেল তাসকিন আহমেদের এলাকায় চলে এসেছি আমরা। কিন্তু কোন বাড়িটা তাসকিনদের? এক ভদ্রলোক হাত বাড়িয়ে দেখিয়ে দিলেন। সঙ্গে এও জানালেন, ‘তাসকিন বাসায় নেই! একটু আগেই বেরিয়েছেন।’ তিনি জানেন কী করে? জানবেন না কেন! তাসকিন যে পুরো এলাকার মধ্যমণি!
বাসার দরজায় টোকা দিতেই দরজা খুলে দিলেন তাসকিনের মা সাবিনা ইয়াসমিন। বাংলাদেশ দল ভালো খেলেছে, ছেলে ভালো খেলেছে, ভীষণ খুশি তিনি। জানালেন, তাসকিন বাবার সঙ্গে শেরেবাংলা নগরে গিয়েছেন গাড়ি চালানো শিখতে। আমরাও গেলাম সেখানে। তাসকিনের খোঁজে।
কাছে যেতেই দেখা গেল দুই পুলিশ সদস্য আটকেছেন গাড়িটা। তাসকিনকে দেখামাত্র হাসি ফুটে উঠল তাঁদের কঠিন মুখগুলোয়। শেষমেশ সেলফি-টেলফি তুলে পুলিশের আবদার মেটাতে হলো তাঁকে। পুলিশ পর্ব শেষে ছবি তুলতে নিয়ে যাওয়া হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মুহূর্তেই ভক্তকুল জড়ো হলো চারপাশে। হাসিমুখে ছবি-অটোগ্রাফ বিলাতে হলো সবাইকে। অগত্যা আমাদের বললেন, ‘গাড়িতে উঠে পড়েন। ভেতরেই কথা বলি।’
কোথা থেকে শুরু করা যায়। শৈশব নাকি বর্তমান? প্রশ্নটা ছুড়তেই হাসলেন সেই মিষ্টি হাসি। গল্পের ঝাঁপি খুললেন বাংলাদেশ দলের পেসার, ‘ছোটবেলায় খেলা শুরু জাকির হোসেন রোডের গলিতে। বেশির ভাগ সময় বোলিংয়ের পর বড় ভাইয়েরা আমাকে ব্যাটিং দিতেন না। এরপর মাঠে যখন যেতাম, বড় ভাইয়েরা আমাকে নিতেন ‘দুধভাত’ হিসেবে। এমনি দাঁড়িয়ে থাকতাম। সবাই কিন্তু ব্যাটিং করতেই পছন্দ করে। একদিন বললাম, ঠিক আছে শুধু বোলিং করি?
এভাবেই তাসকিনের বোলার হয়ে ওঠা।
বাবা আবদুর রশিদ যোগ করেন, ‘ওর বয়স ছয়-সাত। বাণিজ্য মেলায় নিয়ে এসেছিলাম। অন্য বাচ্চাদের শখ থাকে খেলনা কেনা। তার শখ ব্যাট-বল কেনা। এভাবেই ব্যাট-বলের সঙ্গে ওর সখ্য। একদিন দুপুরে বাসায় ফিরে দেখি বাসায় নেই। মাঠে খেলছে। ওখানেই ব্যাট দিয়ে মেরেছিলাম! কিন্তু তাতে যেন ক্রিকেটের সঙ্গে সখ্য আরও বাড়ল।’

বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি ভেঙে ২০১২ সালে খেলতে গেলেন অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে ডানহাতি পেসারের টার্নিং পয়েন্ট ২০১৩ সালের বিপিএল। ওই টুর্নামেন্ট দিয়েই প্রথম আলোচনায় এলেন তাসকিন। কিন্তু এরপরই এক দুঃসংবাদ। চোটের কারণে দেড় বছর খেলার বাইরে থাকতে হলো। অতঃপর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক গত বছরের এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। দারুণ গতিতে বল করে হইচই ফেলে দিয়েছিলেন প্রথম ম্যাচেই। এরপর একই বছর জুনে ওয়ানডেতে ভারতের বিপক্ষে সেই হিরণ্ময় অভিষেক। সে ম্যাচে নিয়েছিলেন ২৮ রানে ৫ উইকেট।
এ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। ব্যক্তিগত সাফল্য নিয়ে বললেন, ‘আমার বিশ্বাস, যতটুকু পেরেছি এর চেয়েও বেশি করতে পারতাম। তবে যা হয়েছে তার জন্য খুশি। এর চেয়ে বড় ব্যাপার, বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছে। আর জীবনের প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছি বলে আরও বেশি ভালো লাগছে।’
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে দুই মাস কেটেছে স্বপ্নের মতো। নিশ্চয় অনেক মুহূর্ত জমা হয়েছে মনে। এর মধ্যে সবচেয়ে সেরা মুহূর্ত কোনটি? জানালেন, ‘প্রথম ম্যাচে জাতীয় সংগীত গাওয়া আর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতার পর উদ্যাপন।’
ভারতের বিপক্ষে অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দুর্দান্ত এক উদ্যাপন করেছিলেন তাসকিন। এটিকে বিশ্বকাপের অন্যতম সেরা উদ্যাপন বললেও অত্যুক্তি হবে না। অমন উদ্যাপনের ভাবনা মাথায় এল কী করে? লাজুক হাসলেন তাসকিন, ‘আসলে পরিকল্পনা করে হয়নি। এগুলো পরিকল্পনা করে হয় না। উত্তেজনা থেকে তাত্ক্ষণিকভাবেই হয়ে যায়।’
অল্প সময়ের মধ্যেই চলে এসেছেন লাইমলাইটে। তবে এ তারকাখ্যাতি কিছুতেই বড় করে দেখতে রাজি নন তাসকিন, ‘আসলে নিজের ব্যাপারে আমি একেবারেই স্বাভাবিক, সাদামাটা। এককভাবে কিছুই অর্জন করতে পারিনি। এখনো অনেক কিছু করার আছে।’

সাবলীল সৌম্য
‘গত মৌসুমে প্রাইম ব্যাংকে একসঙ্গে খেলার আগে আমি ওর খেলা তেমন দেখিনি। খালি শুনতাম, সৌম্য-সৌম্য। একসঙ্গে খেলে দেখলাম, ওর খেলাটা খুব সাবলীল।’ প্রশংসাটা মাহমুদউল্লাহর। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের বিপর্যয়ে মাহমুদউল্লাহকে দারুণ সঙ্গ দিয়েছিলেন সৌম্য সরকার। ম্যাচের পর প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাত্কারে সৌম্যকে এমনই প্রশংসায় ভাসিয়েছিলেন মাহমুদউল্লাহ।
শুধু মাহমুদউল্লাহ কেন; প্রত্যয়দীপ্ত ব্যাটিং, দৃষ্টিনন্দন সব শটে আলাদা নজর কেড়েছেন সৌম্য। এ বিশ্বকাপে বাংলাদেশের অনেক প্রাপ্তি আছে। এর মধ্যে অন্যতম সৌম্য; এক অর্ধশতকসহ ছয় ম্যাচে ২৯.১৭ গড়ে ১৭৫ রান করা সৌম্যের মধ্যে দারুণ ভবিষ্যৎ দেখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
কেবল ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সে সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপ দলে। বলা যায়, বাংলাদেশের বিশ্বকাপ দলে চমকই ছিলেন সৌম্য। মাত্র একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে খেলতে নামলেন ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে! প্রথম বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘প্রথম যেদিন খেলতে নামলাম (আফগানিস্তানের বিপক্ষে), সেটি ছিল আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত। শুরু থেকেই রোমাঞ্চিত ছিলাম। তবে চাপ না নিয়ে উপভোগ করেছি সবকিছু।’
বাবা কিশোরী মোহন সরকার এখন নড়াইল শিক্ষা অফিসে কর্মরত। দীর্ঘদিন জড়িত ছিলেন শিক্ষকতা পেশার সঙ্গে। বাবার কখনো স্বপ্ন ছিল না ছেলেকে ক্রিকেটার বানাবেন। চেয়েছিলেন পড়াশোনাটাই ঠিকঠাক করুক। তবে ছেলে যে মন দিয়ে ফেলেছে ক্রিকেটকেই।
সেটি কিশোরী মোহন আবিষ্কার করলেন দ্রুতই, ‘স্কুলে ভর্তি করার পর দেখলাম, পড়াশোনার চেয়ে খেলার প্রতি টানই বেশি তার। কিন্তু স্কুলশিক্ষক হিসেবে তখনো ভাবিনি তাকে ক্রিকেটার হিসেবে তৈরি করব। এর জন্য অনেক বকা দিতাম। তবে কাজ হতো না। মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদের খেলা দেখত। উপায় না দেখে বললাম, তোমার যদি খেলা ভালো লাগে, তবে খেলো।’
ব্যস, বাবার প্রেরণায় সৌম্যর নতুন পথচলা শুরু। সৌম্যর বড় ভাই পুষ্পেন সরকারও ক্রিকেট খেলতেন। পুষ্পেন খেলেতন স্থানীয় এক ক্লাবে। সৌম্য তখন পুষ্পেনের সঙ্গে ওই ক্লাবে যাওয়া শুরু করলেন। পুষ্পেনই সৌম্যকে একদিন ব্যাটিং অনুশীলনের সুযোগ করে দিলেন। সৌম্যের ব্যাটিং দেখে ক্লাবের কোচিং স্টাফরা রীতিমতো মুগ্ধ!
বিকেএসপিতে ভর্তির চেষ্টা করা হলো। প্রথমবার সুযোগ পেলেন না বিকেএসপিতে। পরেরবার, ২০০৬ সালের মে মাসে আবার পরীক্ষা দিয়ে দারুণ ফল করে সুযোগ মিলল। বিকেএসপিতে ভর্তির ঘটনাটা মনে করতেই কিশোরী মোহনের কণ্ঠে আবেগ ভর করল, ‘সেদিন সৌম্যকে বিকেএসপিতে রেখে আসার সময় চোখটা ভিজে আসছিল। বারবার কোচকে বলছিলাম, সৌম্যকে একটু দেখবেন। তিনি তো একপর্যায়ে বিরক্ত হয়েই বললেন, আপনি কি জানেন আপনার ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে? দেখবেন, সে অনেক ভালো করবে।’
নবম শ্রেণিতে পড়ার সময় বিকেএসপির অধ্যক্ষ একটি চিঠি পাঠালেন সৌম্যর বাবাকে। অধ্যক্ষ জানালেন, ‘খেলায় খুব ভালো। এ কারণে সৌম্যর জন্য মাসিক টাকাটা মওকুফ করে দেওয়া হয়েছে।’ বিকেএসপিতে দুবার সেরা খেলোয়াড় হয়েছিলেন সৌম্য।
এমনিতে সৌম্য ভীষণ লাজুক, স্বল্পভাষী। বাবা বললেন, ‘যদি ওকে জিজ্ঞেস করতাম, অনুশীলন কেমন হয়েছে? বলবে, ‘হয়েছে’। ব্যস, এতটুকুই! এর বেশি একটা কথাও বলবে না। যদি জিজ্ঞেস করতাম, আউট হলে কীভাবে? বলবে, ‘ব্যাট-বলে টাইমিং হয়নি!’ এর বেশি ব্যাখ্যা সে দেবে না। তার মা বাদে পৃথিবীর সবার কাছেই সে লাজুক।’
বিশ্বকাপ শেষে এ মুহূর্তে সৌম্য সময় কাটাচ্ছেন নিজ বাড়ি সাতক্ষীরায়। এলাকায় ফিরে পেয়েছেন রাজসিক অভ্যর্থনা।
ফোনের ওপাশ থেকেই মানুষের চিত্কার-চেঁচামেচি ভেসে আসছে অবিরত। ক্রিকেটপ্রেমীদের এ নিখাদ ভালোবাসা কেমন লাগছে? সৌম্য হাসলেন, ‘অন্য রকম লাগছে। আমাকে নিয়ে মানুষের এমন আগ্রহ, আগে বুঝিনি। প্রথম বিশ্বকাপ তো...।’
দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে, স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। দলের সাফল্যের মধ্যেও মনে একটা আক্ষেপ থেকে গেছে, ‘স্বপ্নটা অনেক বড়ই ছিল। সেটা সেভাবে পূরণ হয়নি। চেয়েছিলাম এমন ইনিংস খেলব, যেটি মানুষ বহুদিন মনে রাখবে। চেয়েছিলাম বিশ্বকাপে নিজেকে চেনাব; সেটা পুরোটা হয়নি।’

নির্ভীক সাব্বির
আপনি এ মুহূর্তে কোথায়?
‘আলুপট্টি মোড়ে।’
জায়গাটা চিনতে না পারায় দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হলো। হাসলেন সাব্বির রহমান। তারপর জানালেন জায়গাটা ‘রাজশাহী’। দেশে ফিরেই চলে গিয়েছেন নিজের বাড়িতে। চারদিকে মানুষের শোরগোল শোনা গেল ফোনের এ পার থেকেই। মানুষের এ ভালোবাসা কেমন লাগছে? সাব্বির জানালেন, ‘মানুষের এত প্রত্যাশা-আশা, পরবর্তী সময়ে কী হবে আল্লাহই জানে! মানুষের এ বিপুল সাড়া দারুণ লাগছে। আসলে বিশ্বকাপে কেবলই অংশ নিতে নয়, ভালো খেলাটাই ছিল মূল বিষয়। দেশের জন্য সর্বোচ্চটাই দিতে চেয়েছি।’
চঞ্চল, ডানপিটে সাব্বিরের শৈশব কেটেছে রাজশাহীর ঘোড়ামারায়। কতটা দুরন্ত ছিল তাঁর শৈশব, স্মৃতি হাতড়ে বললেন, ‘আমাদের বাসায় দুটো দরজা ছিল। প্রথম দরজাটা ছিল বাবা-মায়ের রুমের সঙ্গে। দ্বিতীয়টা আমার রুমের সঙ্গে। প্রতিদিন সকাল নয়টার দিকে আমার দরজা দিয়ে পালাতাম আর ফিরতাম দুপুর দুটোয়। শৈশবটা এভাবেই কেটেছে। মাঠে-ঘাটে খেলাধুলা করেই দিন কাটত। আব্বু-আম্মু গিয়ে ফিরিয়ে আনতেন। কখনো বা আমাকে খুঁজেই পেতেন না!’
ছেলেবেলা থেকেই শহীদ আফ্রিদির ভক্ত। এ বিশ্বকাপে দেখা হয়েছে আফ্রিদির সঙ্গে। সাব্বিরকে নানা পরামর্শ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। কেবল আফ্রিদি নন, কথা বলেছেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গেও।
সাব্বিরকে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পরামর্শ দিয়েছেন লারা। এ ছাড়া ফিনিশিং নিয়ে কথা বলেছেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও। দুজনের ব্যাটিং পজিশন আবার অনেকটাই এক।
দলের প্রয়োজন অনুযায়ী বেশির ভাগ সময়ে নেমেছেন সাত নম্বরে, কখনো বা আট নম্বরে। যে সময় ব্যাট করতে নামেন, বল-সময় কোনোটাই পর্যাপ্ত থাকে না। ভাবনাচিন্তার অবকাশও সামান্য। ওই পজিশনে ব্যাট করতে হয় ‘ধর তক্তা মার পেরেক’ পদ্ধতিতে! সাব্বির এ পদ্ধতিতেই অনেকটা সফল।
তাঁর ঠান্ডা মাথায় নির্ভীক ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। বোলারের নামটি যত বড়ই হোক না কেন, সাব্বিরের যেন ‘কুছ পরোয়া নেহি!’ সাব্বির বিষয়টির ব্যাখ্যা দিলেন এভাবে, ‘চরিত্রগত দিক দিয়ে আমি খুব চঞ্চল। এ কারণে কোনো বোলারকে ভয় পাই না। প্রতিপক্ষের বোলারকে দেখে আসলে ভড়কে যাওয়ারও কিছু নেই। ভড়কে গেলেই নিজের চাপ বাড়বে, দলের চাপও বাড়বে। আমি চ্যালেঞ্জ নিতে ভীষণ ভালোবাসি।’
আরও অনেকের মতো সাব্বিরের জন্য ক্রিকেটার হওয়ার পথটা মৃসণ ছিল না। সাব্বির বললেন, ‘বাসার সবার স্বপ্ন ছিল পড়াশোনা শিখে অনেক বড় চাকরি-টাকরি করব। এ কারণে খুব কড়া শাসনে রাখা হতো আমাকে। যখন অনুশীলন শুরু করি, তখন মাসের ২০-২৫ দিনই স্কুল ফাঁকি দিয়েছি। প্র্যাকটিস হতো বিকেল চারটায়। স্কুলের টিফিনেই পালাতাম। এ জন্য অনেক মার খেতে হয়েছে। অনেক জরিমানা গুনতে হয়েছে।’ সাব্বির সে সময়ের গল্প বলছেন, যখন পড়তেন রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর (বিবি) হিন্দু একাডেমিতে।
এসএসসি পরীক্ষা দেওয়ার সময় ঘটল আরেক ঘটনা। তিনটা পরীক্ষা দিয়েছেন। ঠিক ওই সময় পালিয়ে ঢাকায় চলে এলেন ক্রিকেটের টানে! চার নম্বর পরীক্ষাটা গণিত! সেবার সেটা আর দেওয়া হয়নি। সাব্বির বললেন, ‘ওটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। ওখান থেকেই আসলে আমার ক্রিকেট-জীবন শুরু। এরপর বয়সভিত্তিক ক্রিকেট, প্রিমিয়ার লিগ, অনূর্ধ্ব ১৯—সব খেলে জাতীয় দলে।’
বিশ্বকাপের আগে বলেছিলেন, ‘বাবার সঙ্গে একটু কথা কম হয়। গত বছর প্রিমিয়ার লিগ খেলছিলাম। বাবা আমার বন্ধুদের বলেছেন, ও যদি বিশ্বকাপে খেলার সুযোগ পেত, অনেক খুশি হতাম। তাঁর এই ইচ্ছেটা পূরণ করেছি।’
বিশ্বকাপে সুযোগ পেলেন, ভালো পারফর্মও করলেন। চাপের মুহূর্তে সাব্বিরের ব্যাট থেকে এল কার্যকরী কিছু ইনিংস। হয়তো সেগুলো বড় ছিল না, তবে দলের জন্য ভীষণ উপকারী। ৬ ম্যাচে করেছেন ১৮২ রান। গড় ৩৬.৪০, স্ট্রাইকরেট ৯৮.৩৭।
বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পর বাবা কী বললেন? একগাল হেসে বললেন, ‘আসলে শুধু বাবা নয়, একই সঙ্গে মা অনেক খুশি হয়েছেন। অল্প সময়ে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছি। স্বাভাবিকভাবে দুজনই খুশি। আমার পারফরম্যান্স ছিল বাবা-মায়ের জন্য বিরাট উপহার।’
‘উপহার’টা ১৬ কোটি মানুষের জন্যও কি নয়?