তারা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতি, জুঁই আর জয়—তিন ভাইবোন। সারাক্ষণ মেতে থাকে খুনসুটিতে। জ্যোতি তাড়া করে জুঁইকে, জুঁইও ছাড়ার পাত্র নয়। সুযোগ পেলে বসায় কামড়। আবার জয় শাসায় দুই বোনকে। কখনো তিনজন একসঙ্গে জড়িয়ে পড়ে ঝগড়ায়। ক্ষণে ক্ষণে বাধে মল্লযুদ্ধ। একে অপরকে নাজেহাল করার চেষ্টা। পরক্ষণে আবার আদর, ভাইবোনে মিলে গড়াগড়ি। একসঙ্গে খাওয়া, গোসল। পানি নিয়ে খেলা। যতক্ষণ না বিশ্রামে যাচ্ছে মহাব্যস্ত তারা। এটি তিন ব্যাঘ্রশাবক ভাইবোনের প্রতিদিনকার চিত্র। তাদের বাস এখন ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। পার্কের হাসপাতালের নিরাপত্তাবেষ্টনীতে রয়েছে তারা তিন ভাইবোন। এই তিন খুদে অতিথিকে পার্কে আনা হয় গত ১৩ অক্টোবর।জন্মস্থান সুন্দরবনের সেই আবহ হয়তো নেই এখানে। কিন্তু হাসপাতালের নিরাপত্তাবেষ্টনীতে নির্ভয় তারা। এই বেষ্টনীর ওপর খোলা আকাশ, ঘোরাফেরার জন্য বেশ খোলা জায়গা। খেলছে, ঘুরছে—দিব্যি। খুব অল্প বয়সে তাদের সইতে হয়েছে বিরাট ধকল। জন্মের পর মায়ের কোল ছাড়া। বনের পরিবেশ ছেড়ে খাঁচাবন্দী হয়ে সুন্দরবন থেকে ঢাকার শ্যামলী। হয়তো কোনো এক ফাঁকে পাচারও হয়ে যেত। বাদ সাধল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ১১ জুন পাচারকারীর কবলমুক্ত হলো তিন ভাইবোন। কিন্তু তত দিনে খাঁচাবন্দী আর পরিচর্যার অভাবে প্রাণ যায় যায় অবস্থা। এবার নতুন সংগ্রাম—তাদের বাঁচানোর। যে ব্যাঘ্রশাবকগুলো দেখেছিল মানুষের পাশবিক রূপ, তারাই এবার দেখল মুদ্রার ওপিঠ। পরম মমতায় তাদের জীবন বাঁচানোর লড়াইয়ে নামলেন সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন জাহেদ মো. মালেকুর রহমান ও তাঁর দল।নিঝুম দ্বীপ ছেড়ে ঢাকায়গত ১১ জুন, বিকেল পাঁচটা। নিঝুম দ্বীপে যাওয়ার জন্য রওনা হয়েছেন ভেটেরিনারি সার্জন জাহেদ মো. মালেকুর রহমান। পথের কিছুদূর যেতেই বেজে ওঠে মুঠোফোন। ওপাশে বন সংরক্ষক তপন কুমার দে। এ ফোনের মানে জানেন জাহেদ। নিশ্চয়ই কোথাও বন্য প্রাণীর বাচ্চা পাওয়া গেছে। এখন তাঁকে ছুটতে হবে দলবল নিয়ে। কিন্তু তিনি তো নিঝুম দ্বীপে যাচ্ছেন। বন সংরক্ষক বললেন, ‘দেরি না করে ঢাকায় যাও।’ ঢাকার শ্যামলীতে উদ্ধার হওয়া তিনটি ব্যাঘ্রশাবক তখন মুমূর্ষু। চিকিৎসক জাহেদ যখন ঢাকায় পৌঁছালেন, তখন সবে ভোরের আলো আবছা ফুটছে। গাড়ি থেকে নেমে সোজা চলে গেলেন হাতিরপুলে আবদুল ওয়াদুদের মিনি চিড়িয়াখানায়। ছোট্ট খাঁচায় গাদাগাদি করে আছে তিনটি ব্যাঘ্রশাবক। জাহেদ দ্রুত তাদের বেশ বড়সড় একটি খাঁচায় নিয়ে গেলেন। দ্রুত খাদ্যতালিকা তৈরি করে সে অনুযায়ী খাবার দিতে থাকলেন। গোসল করালেন বাঘের বাচ্চাদের। আস্তে আস্তে উঠে বসল শিশুবাঘগুলো। কিন্তু তখনো খুব দুর্বল। এর মধ্যে তাদের নিয়ে যাওয়া হলো জাতীয় উদ্যানে। সেখানেই চলতে থাকল চিকিৎসা। মৃত্যুর দুয়ার থেকে ফিরল জুঁই১২ জুন দুপুরের পর থেকে হঠাৎ জুঁইয়ের অবস্থা খারাপ হতে থাকে। তার হূৎস্পন্দন আর নাড়ি পাওয়া যাচ্ছিল না। গায়ের তাপমাত্রাও কমতে থাকল। লক্ষণ ভালো না। সন্ধ্যা হতে হতে আরও নিস্তেজ জুঁই। তাকে ওষুধ দেওয়া হলো। ওষুধ দিয়ে জাহেদ ঠায় দাঁড়িয়ে থাকলেন পাশে। এভাবে ঘোরে মিনিটের কাঁটা। প্রায় দুই ঘণ্টা পর একটু কান নাড়ল জুঁই। এরপর পা। ধীরে ধীরে উঠে বসল জুঁই। রাতের খাবার খেল। সকালে ঘুম থেকে উঠে একেবারে ফুরফুরে। জ্যোতির অবস্থাও তেমন ভালো ছিল না। তবে তাকে ঠিকমতো খাবার-দাবার দিয়েই সুস্থ করা গেছে। জানালেন চিকিৎসক জাহেদ। তিনি বলেন, বাচ্চাগুলো মায়ের কোল ছাড়া হওয়াতে মানসিকভাবেও ছিল বিপর্যস্ত। এ জন্য আমাদের অনেক বেগ পেতে হয়েছে।সামর্থ্য প্রমাণের পালাবাংলাদেশে ব্যাঘ্রশাবক পালনের অভিজ্ঞতা তেমন কারও ছিল না। ফলে বাচ্চাগুলো উদ্ধার হওয়ার পর নানা বিপত্তিতে পড়তে হয়েছে বন বিভাগকে। কেউ দায়িত্ব নিতে চাইল না। তবে ডুলাহাজারা সাফারি পার্কে ভেটেরিনারি সার্জন ও তাঁর দলের অন্য বন্য প্রাণী লালন-পালনের অভিজ্ঞতা ছিল। তাঁরা এর আগে সিংহ, ভালুক ও হাতির বাচ্চা পালন করেছেন এবং বাচ্চাগুলো সুস্থভাবে বেড়ে উঠেছে। সে হিসেবে লালন-পালনের ভার পড়ে তাঁদের ওপর। সেই চ্যালেঞ্জ নেন চিকিৎসক জাহেদ। ব্যাঘ্রশাবকগুলোর বয়স এখন সাড়ে ছয় মাস। তারা দুধ ছেড়ে মাংস খাচ্ছে। ওজনও ২০ কেজির বেশি। বনের বাঘ ফিরবে বনেআট মাস বয়সে তাদের প্রথমে ছাড়া হবে পার্কের ৬০ হেক্টরের বাঘের বেষ্টনীতে। সেখানে তারা শিকার শিখবে। এরপর ১৪ থেকে ১৮ মাস বয়সে জুঁই কিংবা জ্যোতি যেকোনো একটিকে ছাড়া হবে সুন্দরবনের পূর্ব বন বিভাগে। যেখানে বাঘের বাস। তার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। সে যদি বনে টিকে যায় তাহলে অন্য দুটিকেও ছাড়া হবে। তবে সবকিছুই সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ ও পর্যবেক্ষণ দল।পার্কের তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন বলেন, ‘বাঘগুলো এখন আমাদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় আছে। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’