তারা সাজে ঈদের দিনে খাটো পাঞ্জাবি পরবেন রুমী
নিজে দোকানে গিয়ে কেনাকাটা করা হয় না সংগীতশিল্পী আরেফিন রুমীর। স্ত্রী বা মা-ই ভরসা। তবে ঈদের কেনাকাটা করা হয় স্ত্রীকে সঙ্গে নিয়ে। টেক্সমার্টের পাঞ্জাবি বেশ পছন্দ রুমীর। এবারে আবহাওয়ার কারণেই সুতি কাপড়ের পাঞ্জাবিকে প্রাধান্য দিচ্ছেন তিনি। নির্দিষ্ট কোনো রঙের প্রতি রুমীর আগ্রহ নেই। লাল, সবুজ, কালো—সবই তাঁর পছন্দের। ঈদের দিন সকালে পাঞ্জাবি-পাজামা পরবেন। পাজামাটা চুড়িদারও হতে পারে। মাথায় থাকবে সাদা রঙের টুপি। তারপর সোজা চলবেন পুরান ঢাকার মৌলভীবাজারে। দাদাবাড়ি সেখানে। ঈদের নামাজ পড়ে দাদাবাড়ির মানুষের সঙ্গে দেখা করে যাবেন নানাবাড়ি। সেখান থেকে দুপুরে নিজের বাসায়। একটা ঘুম দিয়ে আবার বিকেলে অন্য আরেকটা পাঞ্জাবি পরা হবে। এবারে সঙ্গে আর পাজামা নয়; জিনস প্যান্ট। ‘ও হ্যাঁ, পাঞ্জাবিগুলো কিন্তু খাটো হবে। চোখে থাকবে কালো অথবা নীল সানগ্লাস। ব্যস্, হয়ে গেল আমার ঈদের সাজ।’ বললেন রুমী। কামরুজ্জামান