তারাও যদি মুঠোফোন ব্যবহার করত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম ভেঙে যদি মানুষের পাশাপাশি পশুরাও মুঠোফোন ব্যবহার করতে শুরু করে, তখন কী হবে? কল্পনা করতে দোষ কী!

হাতি
হাতি

হাতি
 মুঠোফোন ব্যবহার শুরু করলে হাতির আয়ের একটা বড় অংশ চলে যাবে শুধু মুঠোফোন কেনার পেছনে। হাতির যে বিশাল সাইজের কান, সে সাইজের মুঠোফোন বাজারে দুষ্প্রাপ্য! আইফোন সিক্স প্লাসও নস্যি।
 অর্ডার দিয়ে বানিয়ে নিলেও আছে সমস্যা। এতে প্রতিটা সেটের পেছনে যা খরচ পড়বে, তাতে সব হাতির পক্ষে মুঠোফোন ব্যবহার রীতিমতো বিলাসিতার পর্যায়ে পড়ে যাবে।

জিরাফ
জিরাফ

জিরাফ
 হরিণের মতো এদের অ্যান্টেনা লাগাতে হবে না। এরা নিজেরাই একেকটা অ্যান্টেনার টাওয়ার! তাই চাইলে মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও এদের ভাড়া করতে পারে।
 তবে জিরাফদের মুঠোফোনগুলো থাকবে সাংঘাতিক ঝুঁকির মধ্যে। কথা বলার সময় অসাবধানে একবার মাটিতে পড়ে গেলেই খেল খতম।
 চার্জার লাগিয়ে মুঠোফোনে কথা বলার সুবিধাটা জিরাফরা পাবে না। তবে জিরাফদের জন্য স্পেশাল চার্জার উদ্ভাবন করতে পারে মুঠোফোন নির্মাতারা। চার্জারের তারের দৈর্ঘ্য হবে প্রমাণ সাইজের জিরাফের সমান।

বিড়াল
বিড়াল

বিড়াল
 মুঠোফোন হাতে পেলে খাদ্যসংকটে পড়ে যাবে বিড়ালরা। কেউ দয়া করে খেতে দিলে হয়তো খেতে পারবে। কিন্তু নিজে যে শিকার করে ভালোমন্দ খাবে, সেটা সম্ভব হবে না। কারণ, ইঁদুর শিকার করতে হলে বিড়ালকে তক্কেতক্কে থাকতে হয়। দেখা যাবে, বিড়ালরা ইঁদুর ধরার জন্য ওত পেতে আছে, হঠাৎ মুঠোফোন বেজে উঠলেই ইঁদুর পগারপার!
 অবশ্য বিশেষ একটা সুবিধাও পাবে। সেটা হচ্ছে বিড়ালকে পয়সা খরচ করে অন্য কোনো ওয়েলকাম টিউন সেট করতে হবে না। নিজের ‘ম্যাও’ ডাকটাই সেট করতে পারবে অনায়াসে।

ছাগল
ছাগল

ছাগল
 ছাগলের মুঠোফোনের কভার হতে হবে ইস্পাতের তৈরি। নাহলে মুঠোফোনের কোনো অস্তিত্বই আর থাকবে না। ছাগলে কী না খায়!
 মুঠোফোনের ব্যালান্স ফুরিয়ে গেলে ছাগলের কাছে কেউ কার্ড বিক্রি করবে না। কারণ, এরা কার্ডকে কাঁঠালপাতা মনে করে চিবিয়ে খেয়ে ফেলবে যে কোনো সময়!

হরিণ
হরিণ

হরিণ
 হরিণরা একটা করে ছোট অ্যান্টেনা কিনে নেবে। তারপর ওই অ্যান্টেনাটা স্থায়ীভাবে বেঁধে নেবে নিজেদের লম্বা শিংয়ের আগায়। নেটওয়ার্ক না পাওয়ার মতো ভোগান্তি পোহাতে হবে না ঈদের চাঁদরাতেও!
 হরিণদের কখনো সেলফি–স্টিক কিনতে হবে না। শিংয়ের আগায় কায়দা করে মুঠোফোন বেঁধে নিয়ে দিব্যি সেলফি তুলতে পারবে।

গরু
গরু

গরু
 গরুদের জন্য লাগবে অক্ষয় কোম্পানির মজবুত কোয়ালিটির মুঠোফোন সেট। আইফোন সিক্স প্লাস প্রথমেই বাতিলের তালিকায় থাকবে। নিশ্চিত করতে হবে বাটনের অংশটা যেন অবশ্যই দৃঢ় ও মজবুত হয়। কারণ, গরু বাটন প্রেস করবে খুর দিয়ে।
 মুঠোফোন ব্যবহার করতে গিয়ে আরেকটা ঝামেলা বাধিয়ে ফেলতে পারে গরুরা। যাকে ফোন দেওয়া দরকার, তাকে না দিয়ে অন্য কাউকে ফোন দিয়ে বসবে রাত–বিরাতে। ‘গরু’ বলে কথা!