>অনেকের ধারণা, তারকাদের বন্ধু বুঝি তারকারাই হন। কিন্তু ব্যক্তিজীবনে খ্যাতিমান তারকাদের এমন কিছু বন্ধু আছেন, যাঁরা তারকা নন। সেই বন্ধুদের কথাই জানব আজ

জাস্টিনের ছেলেবেলার বন্ধুই সব
শৈশব থেকেই তারকা জাস্টিন টিম্বারলেক। মার্কিন এই তারকার বন্ধু হলেই নাকি তারকা হওয়া যায় এমন কথা শোনা যেত একসময় বিনোদন দুনিয়ায়। সেই নব্বই দশক থেকে ব্রিটনি স্পিয়ার্স, ক্রিস্টিনা অ্যাগুইলেরা আর রায়ান গসলিংরা তাঁর বন্ধু। বন্ধুমহলে জাস্টিনের ভরসার জায়গা হচ্ছেন জুয়ান ট্রেস আয়লা। জুয়ানকে শৈশবে টেলিভিশনে দেখা গেলেও পরবর্তী সময়ে ফ্যাশন ডিজাইনকেই পেশা হিসেবে বেছে নেন। সেই জুয়ান তারকা জাস্টিনের অবসর আর ভ্রমণসঙ্গী। অবসরে দুজনকে দেখা যায় কখনো বাহামা আবার কখনো দুবাইতে। দুই বন্ধু মিলে ২০০৫ সালে উইলিয়াম রাস্ট নামে পোশাকের ব্র্যান্ড চালু করেন। জাস্টিনের জীবনে যখনই কোনো দুঃসহ ঘটনা ঘটেছে, তখনই জুয়ানকে পাশে দেখা গেছে।

অ্যাঞ্জেলিনার অন্য দুনিয়ার বন্ধু তাঁরা
‘আমার কোনো বন্ধু নেই’, নানান সাক্ষাৎকারে এমনটা অনেকবার বলেছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ব্র্যাড পিটকে নিয়ে অনেকটা সময় দারুণ কাটানোর পরে গেল বছর থেকে আলাদা দুজনে। খোঁজ নিয়ে জানা যায়, ব্যক্তিজীবনে জোলির গত এক দশকে খুব কাছের দুজন বন্ধু আছে। এই দুই বন্ধুর কথা শুনে যেকোনো জোলিভক্তই চমকে যেতে পারেন। হলিউডের কোনো অভিনয়শিল্পী কিংবা কোনো গায়ক জোলির ঘনিষ্ঠ বন্ধু নন। সত্যিকার অর্থেই অন্য দুনিয়ার দুজন মানুষ জোলির ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের একজন হচ্ছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব লর্ডসের সদস্য লেডি আমিঙ্কা হেলিক। হেলিকের উৎসাহেই জোলি লন্ডন স্কুল অব ইকোনমিকসে আগামী সেপ্টেম্বরে যোগ দিচ্ছেন। আরেকজন ব্রিটিশ কূটনীতিক স্যার রিচার্ড ডালটনের কন্যা কোলি ডালটন। ২০০৫ সালের পরে জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসনে (ইউএনআরআরএ) সম্পৃক্ততাসূত্রে হেলিক ও ডালটনের সঙ্গে পরিচয় হয় জোলির। সেই সূত্রেই ঘনিষ্ঠতা। ২০১৫ সালে তিন বন্ধু মিলে নারী শিক্ষা বিকাশের জন্য জোলি-পিট-ডালটন-হেলিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

ক্লুনির ৩০ বছরের বন্ধুত্ব
অভিনয়শিল্পী জর্জ ক্লুনি আর ব্যবসায়ী র্যান্ডে জার্বারের বন্ধুত্বের বয়স ৩০ বছরের বেশি। পেশাজীবনের শুরু থেকেই দুজনের সখ্য। জর্জ ক্লুনি এ সময়টা সিনেমায় রং ছড়িয়েছেন আর র্যান্ডে ব্যবসা দুনিয়ায়। দুই দুনিয়ার দুই রকম ব্যস্ততা হলেও সপ্তাহ শেষে পানশালায় দুজনের দেখা হবেই। ক্লুনির প্রিয় অবসর হচ্ছে লোকালয় থেকে দূরের কোনো দ্বীপে সময় কাটানো, সেখানে জার্বার সঙ্গে থাকবেনই। ক্লুনি আর জার্বার নিজেদের সব সিদ্ধান্তই পরস্পরের সঙ্গে আলোচনা করে নেন। ২০১৩ সালে মেক্সিকোতে ঘোরার সময় দুই বন্ধু মিলে ক্যাসামিগোজ নামে একটি পানীয় ব্র্যান্ড তৈরির সিদ্ধান্ত নেন। দুই বন্ধু নাকি মোটরসাইকেল চালাতে চালাতেই নতুন এই ব্যবসার পরিকল্পনা করেছিলেন।

মেহজাবীনের বন্ধু
অভিনেত্রী, মডেল মেহজাবীনের বিনোদন জগতের বাইরে বেশ কিছু বন্ধু আছে। তারকার বাইরে সৌমিন আফরিনের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব আছে তাঁর। সৌমিন আফরিন পেশায় ফ্যাশন ডিজাইনার। বন্ধুর ডিজাইন করা পোশাক প্রায়ই পরতে দেখা যায় মেহজাবীনকে।

ফারহানের পাগলামির ভরসা রিতেশ
তারকা দম্পতির সন্তান বলিউড অভিনয়শিল্পী ফারহান আখতার। ফারহানের ছেলেবেলার বন্ধু রিতেশ সিদওয়ানি। দুই বন্ধু ১৯৯৯ সালে এক্সেল এন্টারটেইনমেন্ট নামের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করেন। ২০০১ সালে এই প্রতিষ্ঠান থেকেই ফারহান তাঁর আলোচিত সিনেমা দিল চাহতা হ্যায় পরিচালনা করেন। ফারহানের প্রায় সব পাগলামির ভরসা রিতেশ। দুজনকেই একসঙ্গে ইউরোপে ঘুরতে দেখা যায়। বলা হয়, ফারহানের সৃজনশীলতা আর রিতেশের ব্যবসায়িক ভাবনাই দুজনকে সিনেমায় সাফল্য এনেছে। রিতেশ গানপাগল না হলেও ফারহানের ব্যান্ড দলের সদস্য। বন্ধুত্বের কারণে গলায় কাঁটা বিঁধে যাওয়ার মতোই রিতেশকে গিটার নিয়ে মঞ্চে ফারহানের সঙ্গে দেখা যায়।

আইনজীবী যেহুদা বার্গ অ্যাস্টনের বড় বন্ধু
মার্কিন তারকা অ্যাস্টন কুচারকে যত না মানুষ চেনে পর্দার মানুষ হিসেবে, তার চেয়ে বেশি চেনেন তুখোড় ব্যবসায়ী হিসেবে। সুদর্শন অ্যাস্টনের পর্দার বাইরের ভরসার বন্ধুর নাম যেহুদা বার্গ। পেশায় ধর্মগুরু ও অনুপ্রেরণাদায়ী বক্তা যেহুদার সঙ্গে অ্যাস্টনের বয়সের পার্থক্য ১০ বছর হলেও বন্ধুত্বের রং অনেক গাঢ়। নিজের যেকোনো বিপদে–আপদে যেহুদাকেই সবার প্রথমে কাছে পান অ্যাস্টন। শুধু তা–ই নয়, আইনসংক্রান্ত বিভিন্ন বিপদে দুই যুগের বেশি সময় ধরে যেহুদাই অ্যাস্টনের সবচেয়ে বড় ভরসা।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
বিজনেস ইনসাইডার, টাইমস অব ইন্ডিয়া ও দ্য র্যাংকার