তারায় তারায় খচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এই পুরস্কারের উদ্দেশ্য আমাদের শিল্পীদের সম্মান জানানো। জনপ্রিয় সংস্কৃতির পুরোধা ব্যক্তিদের অভিবাদন জানানো। তার মধ্য দিয়ে আমরা অভিনন্দিত করতে চাই পারফরমিং আর্টের সব কুশীলবকে। ১৯৯৮ সালের নভেম্বরে বেরোল প্রথম আলো, ১৯৯৯ সালের ১২ মার্চ আয়োজন করতে হলো মেরিল-প্রথম আলোর প্রথম অনুষ্ঠান। প্রথম দিকে পুরস্কার দেওয়া হতো শুধুই জনপ্রিয় বিভাগে। পরে তার সঙ্গে যোগ হলো আজীবন সম্মাননা আর সমালোচক পুরস্কার। ভাবতে ভালো লাগে, বাংলাদেশের টেলিভিশন নাট্যাঙ্গনে ভালো নাটক নির্মাণের যে একটা ধারা সূচিত হয়েছে, তার পেছনে হয়তো আছে মেরিল-প্রথম আলো পুরস্কারের কিছুটা প্রণোদনা।
অনেক শিল্পী, অনেক বুদ্ধিজীবী, অনেক শ্রদ্ধেয় নাগরিকই প্রতিবছর এই অনুষ্ঠানে দর্শকের সারিতে উপস্থিত থাকতে ভালোবাসেন। যেমন বেশ কবার এসেছেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানসহ অনেকে। আর শিল্পীরা রেড কার্পেটে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, এটা তো বাংলাদেশের অস্কার। এই যে স্বীকৃতি, এর পেছনে আছে নিরপেক্ষতা। সমালোচক পুরস্কার দেন বিচারকমণ্ডলী, তাঁরা যে রায় দেন, পছন্দ হোক বা না হোক, প্রথম আলো তা মেনে নেয়। জরিপের ফল নির্ধারিত হয় পাঠকদের ভোটে। সেখানে পাঠকদের রায়ই চূড়ান্ত। আরেকটা কথা বলতেই হবে, প্রথম আলো চেয়েছে, একটা দেশি প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকুক। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে পেয়ে আমরা ভীষণ খুশি। স্বস্তির কথা হলো, স্পনসর প্রতিষ্ঠান বিচারপদ্ধতি সম্পর্কে ঘুণাক্ষরেও কিছু জানে না, হস্তক্ষেপের তো প্রশ্নই আসে না। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর নিঃশর্ত সমর্থন আমাদের জন্য বড় প্রেরণা। অনুষ্ঠানটা সম্পর্কে মানুষের আগ্রহ কেমন? আমরা বুঝি, যখন অনুষ্ঠানের আগে আমন্ত্রণপত্র মহার্ঘ্য হয়ে ওঠে, মন্ত্রীরা ফোন করেন, উচ্চপদস্থ কর্তারা ফোন করেন, আর সম্পাদক মতিউর রহমান এসে বলেন, আনিস, তোমার কাছে দুটো কার্ড হবে? অনুষ্ঠানের আগের দিন চুল ছিঁড়তে ছিঁড়তে ভাবি, এইবারই শেষ, আর না। অনুষ্ঠানের দিন দুপুর থেকে যখন মিলনায়তনের বাইরে দর্শকেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকেন, আর বিকেল হতে হতে তারায় তারায় ঝলমল করতে থাকে মঞ্চের চারদিক, তখন সব ক্লান্তি ও অবসাদ ঠিক ভুলে যাওয়া যায়।

.
.

একনজরে
 মোট আয়োজন: ১৬ (১৯৯৯-২০১৪)
 পুরস্কারের শাখা: ৩ (আজীবন সম্মাননা, তারকা জরিপ পুরস্কার ও সমালোচক পুরস্কার)
 আজীবন সম্মাননা:
সোহরাব হোসেন (২০০২)
সুভাষ দত্ত (২০০৩)
আবদুল লতিফ (২০০৪)
শাহ আবদুল করিম (২০০৫)
ফেরদৌসী মজুমদার (২০০৬)
কলিম শরাফী (২০০৭)
ফেরদৌসী রহমান (২০০৮)
বেবী ইসলাম (২০০৯)
সুধীন দাশ (২০১০)
ফিরোজা বেগম (২০১১)
মুস্তাফা মনোয়ার (২০১২)
রামকানাই দাশ (২০১৩)
রাজ্জাক (২০১৪)
আয়োজক: প্রথম আলো ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

আনিসুল হক
সহযোগী সম্পাদক, প্রথম আলো