>তাঁরা সবাই তারকা। কেউ কেউ উপস্থাপনা, সংগীত, নৃত্যকলায়ও দেখিয়েছেন তাঁর প্রতিভা। কিন্তু জীবনের প্রস্তুতিতে কী বিষয়ে লেখাপড়া করেছেন তা হয়তো ভক্তদের জানা নেই। মিস্টার বিন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল পড়েছেন, কজনার তা মনে আছে? দেশ-বিদেশের জনপ্রিয় কয়েকজন তারকার লেখাপড়ার বিষয় নিয়ে এই আয়োজন।

বিগ বির বিজ্ঞান-কলা আগ্রহ
বাবা ছিলেন কবি, ছেলেরও নাকি সেদিকেই যাওয়ার কথা বলে ভেবেছিলেন বাবা নিজেই। বাবার পথে না হেঁটে নিজের পথে সিনেমা-দুনিয়াতে দৌড়ে চলেছেন অমিতাভ বচ্চন। সিনেমা-দুনিয়াতে পা রাখার আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মল কলেজ থেকে বিজ্ঞান ও আর্টসে ডাবল মেজর ডিগ্রি লাভ করেন তিনি। বাবা কবি হরিবংশী রাইয়ের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ডক্টরেট ডিগ্রি ছিল, তাঁর সন্তান অমিতাভের এমন ডিগ্রি থাকবে না, এমনটা হয় নাকি? অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়দক্ষতার জন্য অনারারি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন বিগ বি।

অর্থনীতিবিদ কিং খান
বলিউড কিং খান শাহরুখ খান দিল্লি বিশ্ববিদ্যালয়ের হান্সরাজ কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। গণযোগাযোগ বিষয়ে মাস্টার্স ডিগ্রির জন্য দিল্লির বিখ্যাত জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও মিলেছিল তাঁর। পড়াশোনার শেষ বর্ষে বিশ্ববিদ্যালয়কে বিদায় জানিয়ে মুম্বাইয়ের ট্রেনে সিনেমা-দুনিয়ার উদ্দেশে ছুট দেন কিং খান।

দুই বিশ্ববিদ্যালয়ে পড়েন এমা
এক বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করতে পারেন না অনেক তারকা, সেখানে এমা ওয়াটসন দুই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন! ১১ বছর বয়সে প্রথম পা রাখেন চলচ্চিত্রজগতে। হ্যারি পটার সিনেমায় হারমাইওনি গ্রেনজার গ্র্যাঙ্গার চরিত্রে অভিনয়ের জন্য দারুণ তারকাখ্যাতি তৈরি হয় তাঁর। পর্দায় হ্যারির বন্ধু হিসেবে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ডির শিক্ষার্থী হলেও এমা চলচ্চিত্রের শত ব্যস্ততার পাশাপাশি পড়াশোনার গণ্ডি পার করেছেন। শুধু তা-ই নয়, পড়াশোনার জন্য সিনেমা থেকে এক বছর বিদায়ও নিয়েছিলেন এই তারকা। ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন এই তারকা। শুধু তা-ই নয়, দুই বছরের জন্য অক্সফোর্ডের ওরচেস্টার কলেজেও পড়েছেন এমা। পড়াশোনাকে আরও রঙিন করতে যোগব্যায়াম ও মেডিটেশনের ওপর তাঁর এক বছরের সার্টিফিকেট কোর্সও করা আছে।

জ্যাকম্যানের অভিনয়ই জীবন, অভিনয়ই পড়াশোনা
পর্দার দানব উলভারিনে চরিত্রে অভিনয়ের জন্য আলোচিত হিউ জ্যাকম্যান। কি মারপিট, কি প্রেম, কি রহস্য—প্রায় সব চরিত্রে অভিনয়ের জন্য ভীষণ জনপ্রিয়তা তার। অভিনয়গুণে একাডেমিক পুরস্কার অস্কারের জন্যও মনোনয়ন মিলেছিল তাঁর। স্কুল-কলেজে পড়াশোনায় দারুণ আলোচিত ছিলেন জ্যাকম্যান। স্কুল ক্যাপ্টেন পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন তিনি। কলেজের পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজিতে যোগাযোগ বিষয়ে পড়াশোনা শুরু করেন জ্যাকম্যান। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে শখের বশে নাটকের ওপর একটি কোর্স শেষ করেন জ্যাক। তাঁর ভাষ্য, ‘এই একটি কোর্সই আমার জীবনের গতিপথ বদলে দিয়েছিল!’ কমিউনিকেশনের ওপর স্নাতক ডিগ্রি নিয়ে সিডনির আরেকটি স্কুল থেকে নাটকের ওপর এক বছরের একটি কোর্স সম্পন্ন করেন তিনি। অভিনয়ে এতটাই আগ্রহী হয়ে ওঠেন জ্যাক যে পার্থের এডিথ কোনান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান একাডেমি অব পারফরমিং আর্টসে ভর্তি হয়ে যান। নাটকে অভিনয়ের ওপর আরেকটি সনদ নিয়ে নিজেকে আরও শাণিত করেন হিউ জ্যাকম্যান।

তিন-তিনটি ডিগ্রির মালিক
পর্দায় অভিনয়ের বয়সটা অর্ধযুগ পেরিয়ে গেছে পরিণীতি চোপড়ার। শুরুর দিকে বলিউড কাঁপানো প্রিয়াঙ্কা চোপড়ার ‘কাজিন’ হিসেবে ট্যাগলাইন থাকলেও এখন পরিণীতি আরও পরিণতই। কিল দিল, ইশকজাদে সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতা এরই মধ্যে প্রমাণ করেছেন পরিণীতি। সিনেমায় আসার আগে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ার আগ্রহ ছিল তাঁর। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স আর অর্থনীতিতে কেউ তিনটা অনারারি ডিগ্রি নিলে তাঁর এমন আগ্রহই হওয়ার কথা না? তবে শেষ পর্যন্ত ব্যাংকার না হয়ে ভারতীয় সংগীতে বিএ অনার্স ডিগ্রি গ্রহণ করেন তিনি। পড়াশোনার পাট চুকিয়ে পাবলিক রিলেশন্স কনসালট্যান্ট হিসেবে বলিউডে কাজ শুরু করেন পরিণীতি।

টার্মিনেটরের পড়াশোনা বিপণনে!
আশি-নব্বইয়ের দশকের হলিউডের অ্যাকশন হিরো আর্নল্ড শোয়ার্জনেগার। টার্মিনেটর তারকা শোয়ার্জনেগার মানেই অ্যাকশন, বোমা বিস্ফোরণ আর ঢিশুম-ঢুশুম। অভিনয়ের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবেও রাজনীতিবিদ শোয়ার্জনেগার সফল। অস্ট্রিয়া থেকে অজানাকে সামনে রেখেই যুক্তরাষ্ট্রে পা রাখেন তিনি। বডিবিল্ডিংকেই নেশা আর পেশা হিসেবে বাছাই করেন তিনি। আমেরিকায় পা রেখে ইংরেজি শেখার জন্য সান্তা মনিকা কলেজে ভর্তি হন এই তারকা। অভিনয় আর চাকরির ব্যস্ততায় এক হাতে নিয়ে ইউনিভার্সিটি অব উইসকনসিন-সুপিরিয়র থেকে আন্তর্জাতিক মার্কেটিং ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন শোয়ার্জনেগার।

অপির ছক্কা
কি পড়াশোনা, কি অভিনয়—সব দুনিয়াতে বেশ আলোচিত-আলোকিত অপি করিম। শুধুই কি পর্দায় অভিনয়? উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন আর নাচে দারুণ পারদর্শী এই তারকা। বর্তমানে শিক্ষকতা ভুবনে ব্যস্ত তিনি। শাহীন স্কুল ও ভিকারুননিসা নূন কলেজ থেকে পড়াশোনা শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তী সময়ে জার্মানির আনহাল্ট ইউনিভার্সিটি অব অ্যাপলায়েড সায়েন্স থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি। এ ছাড়া জার্মানির বাওহাস কলেজ এক্স থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি গ্রহণ করেন।

প্রকৌশলী রোয়ান অ্যাটকিনসন!
পুরো দুনিয়া তাঁকে চেনে ‘মিস্টার বিন’ নামেই। উদ্ভট রসবোধ আর কৌতুক অভিনয়ের জন্য দারুণ জনপ্রিয় এই ব্রিটিশ অভিনয়শিল্পী। শিক্ষিত তারকাদের যত ছোটই তালিকা করা হয় না কেন, সেখানে মিস্টার বিনের নাম থাকবেই। রোয়ান অ্যাটকিনসনই পর্দার মিস্টার বিন। নিখুঁত অভিনয়-দক্ষতায় পর্দায় তিনি অনন্য। পড়াশোনার দুনিয়াতেও অনন্য সাফল্য তাঁর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে এমএসসি ডিগ্রি লাভ করেন রোয়ান অ্যাটকিনসন। মূলত, অক্সফোর্ডে পড়াশোনার সময়েই সেখানকার মঞ্চেই প্রথম নিজের অভিনয়দক্ষতা প্রকাশ শুরু করেন তিনি। এরপর মিস্টার বিন হিসেবে তারকাখ্যাতি পাওয়ার পর কুইন্স কলেজের অনারারি ফেলো হিসেবে সম্মানিত হন এই অভিনয়শিল্পী।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
উইকিপিডিয়া, আইএমডিবি ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে