
মেঝে ছোঁয়া পোশাকে
তিনজনের পোশাক মেঝে ছোঁয়া। মডেল সৌমি নিজের করা কালো লেহেঙ্গায় এসেছিলেন। সঙ্গে কুন্দনের গয়না ছিল।
বেগুনি ভেলভেটের গাউনটিতে বেশ স্বাচ্ছন্দ্য ছিলেন পিয়া বিপাশা। গাউনের নিচের এক পাশ খোলা। পায়ে সোনালি রঙের হাই হিল। হাতে কালো ঘড়ি ও কালো ব্যাগ। চুলের স্টাইলের জন্য কম গয়না পরে এসেছিলেন পিয়া।
হলুদ গাউনটিতে স্নিগ্ধ লাগছিল আশাকে। সাজে ও গয়নায় ছিল না কোনো বাহুল্য। হাতে ছিল কালো ব্যাগ।

নিজেই যখন ডিজাইনার
নিজের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন মেহজাবিন। কাতানের ওপর সোনালি কাজ করা নেটের কাপড় দিয়ে বানানো তাঁর পোশাক। সঙ্গে ছিল ব্যাংকক থেকে আনা ব্যাগ। নাকে হীরার ছোট নাকফুল। চুল পেছনে হালকা কার্ল করা।

জমকালো পোশাকে সাফা
বাটারফ্লাই বাই সাগুফতা থেকে সাফা কবিরের পোশাকটি কেনা। অফ শোল্ডার টপের সঙ্গে ছিল ভারী সোনালি রঙের কাজ করা স্কার্ট। হাতে ছিল ক্যালভিন ক্লেইনের ঘড়ি এবং সোনার প্রলেপ দেওয়া আংটি।

গোলাপি গাউনে বুবলি
অভিনেত্রী বুবলির হাতাকাটা গাউনটির গলায় ছিল পুঁতি আর স্টোনের কাজ। গাউনের রং গোলাপি। এর সঙ্গে চলতি ফ্যাশনের কমলা লিপস্টিক।

সতেজ শাহতাজ
নিজের নকশায় বানানো নেটের পেস্টরঙা গাউন পরেছিলেন শাহতাজ। চলতি ধারার অফ শোল্ডার হাতা ছিল। হাতে আড়ংয়ের ব্যাগ। কানে ছোট দুল। হাতের ব্রেসলেট ছিল পুঁতির বানানো।

ডিজনি টয়া
লম্বা গাউন পরে এসেছিলেন টয়া। অনুষ্ঠানের জন্য সিকোসো থেকে বেছে নিয়েছিলেন গোলাপি ও বেগুনি রঙের গাউনটি। ঠোঁটে গাঢ় বেগুনি লিপস্টিক। গলায় থাইল্যান্ড থেকে কেনা চোকার। হাতে মেরুন ব্যাগ। যেন ডিজনি জগতের রাজকন্যা।

আলোকিত সাঁজবাতি
মানুষটা ছোট হলেও তাঁকে ঘিরে ছিল বেশ উৎসাহ। পুরস্কারও পেয়ে গেলেন নবীন শিল্পী হিসেবে। পরে এসেছিল রিনা লতিফের ঘের দেওয়া আনারকলি কামিজ। হালকা ঘিয়া রঙের নেটের কামিজে ছিল হাতের কাজ। না সেজেও চারপাশ আলোকিত করেছিলেন সাঁজবাতি।

চুলচেরা শাকিব খান
হালকা পেস্ট রঙের ফুলহাতা শার্টের ওপর সাদা ব্লেজার পরেছিলেন অভিনেতা শাকিব খান। তবে তাঁর মোহাক স্টাইলে কাটা চুলে ছিল বিশেষ আকর্ষণ। চুল ছাঁটার পর ক্ষুর দিয়ে লম্বা টানের নকশা নজর কাড়ে।

স্মার্ট ইরেশ
এক্সপ্রেস জিনস, সুতির শার্ট, সোয়াচ ব্র্যান্ডের ঘড়ি, কালো স্যান্ডেল—এই সাজেই এসেছিলেন অভিনেতা ইরেশ যাকের। স্মার্ট ক্যাজুয়াল লুকেই সপ্রতিভ ছিলেন বেশ।

ক্যাজুয়াল নিশো
ছোট পর্দার অভিনেতা আফরান নিশো পুরোদস্তুর ক্যাজুয়াল। ভি গলার টি-শার্টের ওপর কালো ব্লেজার ও প্যান্ট। কালো রং ভালোবাসেন বলে জুতাটাও সেভাবে বেছে নিয়েছেন।

কালোয় বাজিমাত চঞ্চলের
কালো শার্টে ডটেড নকশা আর বাদামি গ্যাবার্ডিন প্যান্টে ক্যাজুয়াল ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বড় চুলের চেনা চঞ্চল আয়নাবাজি দিয়ে করেছেন বাজিমাত।

স্টাইলিশ পিয়া
অফ শোল্ডার কালো গাউনটি থাইল্যান্ড থেকে কেনা। গলার রুবি ও হীরার লকেটটি কেনা হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। হাতে ছিল অ্যাল্ডোর ব্রেসলেট। ডলচে অ্যান্ড গাবানার সুগন্ধি ও মাইকেল কোরসের জুতা পরেছিলেন। উঁচু করে বাঁধা চুলে বেশ ছিমছাম ছিলেন তিনি।

সাদার আভিজাত্যে মিথিলা
টাঙ্গাইল শাড়ি কুটির থেকে কেনা সাদা জামদানি শাড়ি পরেছিলেন মিথিলা। সঙ্গে পরেছিলেন মুক্তা ও কুন্দনের বড় দুল। নিজেই সেজেছিলেন। শুধু চুলটা সেট করে এসেছিলেন পারলার থেকে। যুক্তরাষ্ট্র থেকে আনা কোচের ব্যাগ ছিল হাতে। আর হাতে পরেছিলেন সাদা পাথরের চুড়ি।

নীল ব্লেজারে রোশান
টপটেনের নীল ব্লেজারের নিচে অভিনেতা রোশান পরেছিলেন পাতলা টি-শার্ট। কালো জিনস আর লালচে জুতায় ফিটফাট রোশান একহাতে পরেছিলেন জাপান থেকে কেনা মোটা ডায়ালের ঘড়ি।

পেনসিল ড্রেসে ভাবনা
ক্যারেন মিলেন ব্র্যান্ডের কালো রঙের পেনসিল ড্রেস পরেছিলেন ভাবনা। হাঁটু পর্যন্ত পোশাকে ছিল কাচের কাজ। হাতের কালো পার্সটিও ছিল ক্যারেন মিলেনের। পেনসিল হিলের জুতোজোড়াও ছিল কালো। কানের দুল ও আংটি উপহার পেয়েছেন প্রিয় মানুষের কাছ থেকে। তবে একই সঙ্গে আরেক হাতে পরেছিলেন বাবার দেওয়া আংটি।
তারকাদের সঙ্গে কথা বলে গ্রন্থনা করেছেন রয়া মুনতাসীর, বিপাশা রায়, হাসান ইমাম, মারুফা ইসহাক, জেনিফার কামাল ও নাদিয়া নাহরীন
ছবি: কবির হোসেন, খালেদ সরকার ওসুমন ইউসুফ