
ফ্যাশনেবল শম্পা রেজা
সবুজ ও কমলা রঙের মিশেলে শাড়ি পরেছিলেন তিনি। সঙ্গে ছিল হাতাকাটা ব্লাউজ। ফ্যাশন হাউস যাত্রা থেকে উপহার পাওয়া শাড়িটি বেশ আগের। মালাটি ছেলের বউয়ের কাছ থেকে উপহার পেয়েছেন তিনি। শাড়ির সঙ্গে মিলিয়ে কানে পরেছিলেন ধাতব দুল। কানের দুলটি ডিজাইনার চন্দনের তৈরি করা।

কালো ও সাদা শাড়িতে মা-মেয়ে
সিল্কের চাপা সাদা শাড়ি পরে এসেছিলেন কানিজ আলমাস খান। তাঁর মেয়ে নুজহাত খানের পরনে কালো শাড়ি। ফ্রিল লাগানো এবং সাদা ভেলভেটের অ্যাপ্লিকের কাজ করা ছিল সেই মসলিনের শাড়িতে। মায়ের গলায় ছিল কালো পাথরের কলকির চোকার, হাতে কলকির বালা ও নাকে হীরার নাকফুল। ঘড়ি পরেছিলেন মোভাডো ব্রান্ডের।
নুজহাত খানের গলায় ছিল লেসের চোকার এবং হাতে বিডস বসানো ব্রেসলেট। আরেক হাতে ছিল বারগেন্ডি রঙের ফসিলের ঘড়ি। ছাড়া চুল হালকা কোঁকড়ানো। এই অনুষ্ঠানের মঞ্চের তারকাদের সাজানোর পুরো দায়িত্বে ছিলেন তাঁরা।

কাতানে ফাতেমাতুজজোহরা
নজরুলসংগীতশিল্পী ফাতেমাতুজজোহরা এসেছিলেন হালকা রঙের কাতান পরে। হাত ও গলার গয়নায় মিনা করা। খোলা চুল আর কপালে বড় টিপ তাঁর চেহারায় এনে দিয়েছিল অভিজাত ভাব।

স্বচ্ছন্দ কবরী
গরমে স্বাচ্ছন্দ্যময় সাজ পোশাকে এসেছিলেন অভিনেত্রী কবরী। হাতাকাটা ব্লাউজ, ছোট করে ছাঁটা চুল আর তার সঙ্গে কালো শাড়ির আঁচলে ফুলেল নকশা—সব মিলিয়ে এ এক অন্য রকম কবরী।

স্নিগ্ধতায় সুর্বণা ও মিমি
সিরাজগঞ্জের প্রান্তিক তাঁতিদের হাতে বোনা শাড়িতে স্নিগ্ধ লাগছিল সুবর্ণা মুস্তাফাকে। শাড়ির সঙ্গে মিলিয়ে পাথর ও পান্না বসানো গয়না পরেছিলেন। হাতে ছিল রোজ গোল্ড রঙের মাইকেল কর্সের ঘড়ি।
আফসানা মিমি সাদা-লাল জামদানিটা কিনেছিলেন ছয় বছর আগে ফ্যাশন হাউস অ্যান্ডেস থেকে। হাতের ঘড়িটি টাইটানের, ব্যাগ অঞ্জনসের। ছিমছাম সাজের সঙ্গে মিষ্টি হাসি।
তারকাদের সঙ্গে কথা বলে গ্রন্থনা করেছেন রয়া মুনতাসীর, বিপাশা রায়, হাসান ইমাম, মারুফা ইসহাক, জেনিফার কামাল ও নাদিয়া নাহরীন
ছবি: কবির হোসেন, খালেদ সরকার ও সুমন ইউসুফ