তারার হাতে প্রিয় বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল শোনা যায় বই পড়ার সময় কোথায়? যাঁরা সত্যিকারের তারকা, তাঁরাও তাঁদের শত ব্যস্ততার মধ্যে বই পড়ার সময় ঠিক বের করেন। বইয়ের পোকা এমন কয়েকজন তারকার কথা থাকছে আজ

শাহরুখ খান
শাহরুখ খান

শাহরুখ খান
‘আমি সামনে যা পাই তা-ই পড়ি। আমি একই সময়ে তিন-চারটা বই পড়ি। যখন লন্ডন অথবা আমেরিকাতে থাকি, তখন বইয়ের দোকানগুলোতে যাই। কফি পান করতে করতে ঘণ্টার পর ঘণ্টা বই পড়ি, যেটা আমি ভারতে বসে করতে পারি না। বাড়ি ফিরে আসার সময় ব্যাগ ভরে বই নিয়ে আসি। আমাকে সব সময় কাস্টমসে আটকে দেওয়া হয়, তাঁরা ভাবেন আমি হয়তো ভারী কোনো বৈদ্যুতিক যন্ত্র নিয়ে এসেছি।’ একটা সাক্ষাৎকারে এ কথাগুলো বলেছিলেন শাহরুখ খান। কথার সত্যতা মেলে শাহরুখ খানের শোয়ার ঘরের ছবি দেখলেই। তাঁর শোয়ার ঘরটি বইপ্রেমীদের জন্য স্বর্গরাজ্যই।

দ্য হিটচচিকার’স গাইড টু দ্য গ্যালাক্সি বাই ডগলাস অ্যাডামস বইটি শাহরুখ খানের প্রিয় বইয়ের তালিকায় শীর্ষের দিকে রয়েছে। তিনি তাঁর জীবনের বিভিন্ন সময়ে বইটি তিন থেকে চারবার পড়েছেন। এ ছাড়া তাঁর প্রিয় বইগুলো হচ্ছে—আর্টেমিস ফাউল বাই এওন কফার, দ্য ভিঞ্চি কোড বাই ডন ব্রাউন, হোয়াইন মেন ডোন্ট লিসেন অ্যান্ড উইমেন ক্যান্ট রিড ম্যাপস বাই বারবারা অ্যান্ড এলেন পিস, দ্য ফাইভ পিপল ইউ মিট ইন হেভেন বাই মিটচ অ্যালবাম।

​

​এমা রোজ রবার্টস
​এমা রোজ রবার্টস

এমা রোজ রবার্টস

মার্কিন অভিনেত্রী ও গায়িকা এমা রোজ রবার্টসের হাতে সব সময় কোনো না কোনো বই থাকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী কখন কোন বই পড়ছেন তার হালখবর টুইটার কিংবা ইন্সটাগ্রামে ভক্তদের জানিয়ে দেন। এতে করে এমার মন-মানসিকতা সম্পর্কে ভক্তরা পরিষ্কার থাকেন। মাঝে মাঝে তিনি তাঁর ভক্তদের কাছে কোন বই পড়া যায় সে বিষয়ে পরামর্শ চান। কিছুদিন আগেই তিনি স্টিফেন কিংয়ের লেখা ডিফারেন্ট সিজন বইটি কেনেন। এরপর বইয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশন দেন, ‘এখন পড়ছি...’ লিখে।

এটা সত্যিই খুব ভালো প্রয়াস। এতে করে তাঁর ভক্তরাও বই পড়তে উদ্বুদ্ধ হচ্ছেন। এ রকম বইয়ের পোকা তারকা খুব একটা দেখা যায় না।

জেমস ফ্রাঙ্কো
জেমস ফ্রাঙ্কো

জেমস ফ্রাঙ্কো
অনেকেই হয়তো শুনে অবাক হবেন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক জেমস ফ্রাঙ্কো পুরোপুরি একজন বইয়ের পোকা। ২০০৮ সালে ইউসিএলএ থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর এক গ্রীষ্মকালীন সময়ের মধ্যে তিনি নিউইয়র্ক সিটির বিভিন্ন স্কুলে বিভিন্ন কোর্সে নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন।
কীভাবে একজনের পক্ষে এত পরিশ্রমী বই পড়ুয়া হওয়া সম্ভব, সেটা তখন অনেককেই চিন্তায় ফেলে দিয়েছিল। তবে তিনি সব বিষয়েই নৈপুণ্য দেখিয়েছিলেন। যথাসময়ে তাঁর সব পড়া শেষ করেছিলেন।
এই বই পড়ার অভ্যাসই পরবর্তী সময়ে তাঁর কর্মজীবনে প্রভাব ফেলে। এখনো তিনি প্রচুর পড়েন। তিনি বলেন, সাহিত্য ছিল সিনেমা নির্মাণের বাস্তবতার বিকল্প আবেগ এবং বুদ্ধিবৃত্তি প্রকাশের চাবিকাঠি।

কাজল
কাজল

কাজল
কাজলকে কালো ভারী চশমায় বেশ মানায়। যা সাক্ষ্য দেয়, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জি দেবগন একজন বইয়ের পোকা। এতটাই পড়ুয়া যে একসময় তিনি এক দিনে তিন-তিনটা বই পড়ে শেষ করতেন। এই সুঅভ্যাসটা পেয়েছিলেন মা তনুজার কাছ থেকে। কাজল বিশ্বাস করেন, তাঁর সফল অভিনেত্রী হয়ে ওঠার পেছনে এই সুঅভ্যাসটা বেশ ভালো কাজে এসেছে। পরবর্তীকালে ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে বই পড়া কিছুটা কমে গেলেও এখনো অবসর পেলেই বসে পড়েন বই নিয়ে। বই পড়া শেষে তা নিয়ে আলোচনা না করলে বইটি সম্পূর্ণ হয়েছে বলে মনেই হয় না তাঁর। আর এই কাজে তাঁকে এখন বেশ ভালো সঙ্গ দিয়ে যাচ্ছেন মেয়ে নিশা। এতে করে মেয়ে নিশাও হয়ে উঠছেন মায়ের মতোই পড়ুয়া।
কাজলের মতে, বই তাঁর জীবনে ভীষণ প্রভাব ফেলেছে। বই না পড়লে তিনি আজকের এই কাজল হতে পারতেন না বলেও মন্তব্য করেছেন। মাত্র দুই বছর বয়সে টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম পড়া থেকে তাঁর পড়ুয়া জীবনের শুরু।

সোনম কাপুর
সোনম কাপুর

সোনম কাপুর
সোনম কাপুর বই পড়তে ভালোবাসেন। কখনো এক বই দুবার পড়েন না। ‘আমি খুব দ্রুত বই পড়তে পারি। সাধারণত বিমানে বসে, বাড়িতে ঘুমানোর আগে, ছুটি কাটাতে যখন যেখানে ইচ্ছে বসে বই পড়া শুরু করি। এ জন্য সারা বাড়িতে আমার বই ছড়িয়ে থাকে। আমি কখনো বই অর্ধেক পড়ে রেখে দিই না। পুরোটা পড়া শেষ করতে নিজেকে তাড়া দিই। অনেকটা সিনেমা দেখার মতো। বিশুদ্ধ প্রেমের গল্প পছন্দ করি। হাস্যকর মনে হবে, কিন্তু আমার প্রিয় রোমান্টিক জুটি হলো ওথেরিং হেইটসের হিটচিফ এবং ক্যাথেরিন।’ নিজের বই পড়া সম্পর্কে বলতে গিয়ে কথাগুলো বলেন সোনম কাপুর।
তাঁর এই বইপ্রিয়তা শুরু হয়েছে খুব ছোটবেলা থেকে। ঘুমানোর আগে তাঁর মা তাঁকে বই পড়িয়ে শোনাতেন। মা যদি গল্প শেষ না করে উঠে যেতে চাইতেন, তবে সোনম কান্নাকাটি শুরু করতেন। তাঁর প্রথম পড়া বইগুলোর মধ্যে ইনিড ব্লাইটোনসের দ্য ফেমাস ফাইভ, সিক্রেট সেভেন মালোরি টাওয়ারস উল্লেখযোগ্য।


সূত্র: মিড ডে, ফিল্ম ফেয়ার, অল ওমেনস টক