তারার হাসি
তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা অভিনেতা এজাজুল ইসলাম

মাঝেমধ্যে সমুদ্রে বেড়াতে যাই। তখন এই কৌতুকটা মনে পড়ে।
এক ব্যক্তি আরেকজনকে প্রশ্ন করছে।
আচ্ছা সমুদ্রের মাছ কি কখনো ঘামে?
—অবশ্যই ঘামে। না ঘামলে সমুদ্রের পানি লোনা হয় কী করে!
আমি কৌতুকপ্রিয় মানুষ হলেও কৌতুক খুব বেশি মনে রাখতে পারি না। তবে বিচিত্র কিছু ঘটনার মুখোমুখি হলে এই কৌতুকটা মনে পড়ে
দুই বন্ধু পার্কের বেঞ্চে বসে আছে। ঠিক তাদের পাশে আরেকটি বেঞ্চে বসে আছে সুন্দরী একটা মেয়ে। তো এক বন্ধু উঠে মেয়েটিকে বলতে গেল ‘আই লাভ ইউ।’ বলা শেষে একটু পর ফিরে এল। পাশের বন্ধুটি জানতে চাইল মেয়েটি কী বলল?
বন্ধু উত্তর দিল, ‘মেয়েটি কানে কম শোনে।’
—মানে?
আমি বললাম, ‘আই লাভ ইউ।’ আর উত্তর দিল, আমার পায়ের স্যান্ডেল কিন্তু বেশ শক্ত।
এ সময়ের বিশ্ববাজারের অবস্থা নিয়ে আমার একটা পছন্দের কৌতুক আছে।
পৃথিবীতে সবকিছুর দাম বেড়েছে কিন্তু কেরোসিনের দাম বাড়েনি কেন?
বন্ধুর কাছে আরেক বন্ধু জানতে চাইল। বন্ধু উত্তর দিল, সারা পৃথিবীর অবস্থাই তো কেরোসিন। দাম বাড়ার আর কী আছে।
এই কৌতুকটা থানার সামনে দিয়ে যাওয়ার সময় আমার মনে হয়।
এক ভদ্রলোক একদিন ঘুম থেকে উঠে দেখল তার বারান্দায় একটা গ্রেনেড। সঙ্গে সঙ্গে থানায় ফোন করল।
ভাই আমার বাড়ির বারান্দায় একটা গ্রেনেড দেখতে পাচ্ছি।
থানা থেকে উত্তর দিল, তিন দিন অপেক্ষা করুন। যদি কেউ নিতে না আসে তাহলে ওটা আপনি নিজের কাছে রেখে দিতে পারেন।