তারার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা অভিনেতা ফারুক আহমেদ

ফারুক আহমেদ
ফারুক আহমেদ

কিছুদিন আগে আমার প্রিয় মানুষ হুমায়ূন আহমেদের জন্মদিন গেল। তাঁকে নিয়ে একটা মজার ঘটনা বলি।
বছর কয়েক আগে আমাকে একটা বই উত্সর্গ করলেন হুমায়ূন আহমেদ। বইয়ের নাম লিলুয়া বাতাস। এই ঘটনা শুনলাম স্বাধীন (খসরু) ভাইয়ের কাছে। শুনে আমি বেশ উত্তেজিত। খুশি তো বটেই। ভাবলাম হুমায়ূন ভাইয়ের সঙ্গে একবার দেখা করে আসি। যাওয়ার সময় কী নেব, ভেবে কয়েক কেজি মিষ্টি নিলাম। বাসায় পৌঁছে দোরঘণ্টি বাজাতেই উনি নিজে এসে দরজা খুলে দিলেন। কুশল বিনিময় করে জানতে চাইলেন মিষ্টি কেন?
আমি বললাম, হুমায়ূন ভাই, আপনি আমার নামে বই উত্সর্গ করেছেন। এই খুশিতে।
তিনি প্রচণ্ড সিরিয়াস হয়ে গেলেন, বললেন, ‘জীবনে তো পাঁচ পয়সার জিনিস আমাকে দিলা না। এখন আসছ ঘুষ দিতে। যাও ভাগো, তোমার ঘুষের দরকার নাই। আমি ঘুষ খাই না।’
আমি হতভম্ব হয়ে গেলাম। মুখে কোনো কথা নেই। তিনি সমানে বলে যাচ্ছেন। আমার কান্না পাওয়ার মতো অবস্থা। হুমায়ূন ভাইকে এর আগে এত সিরিয়াস ভঙ্গিতে রাগ করতে দেখিনি। আমি ভয় পেলাম বেশ। বাধ্য হয়ে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে ফিরে আসার জন্য লিফটের সামনে দাঁড়ালাম।
ঠিক ওই মুহূর্তে তিনি দৌড়ে এলেন। হাত ধরে বললেন, ‘ফারুক, তুমি মজাও বোঝো না। আসো, ভেতরে আসো।’ তারপর হাসিমুখে ভেতরে নিয়ে গেলেন। অনেকক্ষণ গল্প করলেন। নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন।

আমার বাসার মোড়ের পানের দোকান পার হতে গেলেই এই কৌতুকটা মনে পড়ে।
একবার আবুল তার বন্ধু হারুনকে নিয়ে হাঁটতে বের হয়েছে।
গলির মোড়ের পানের দোকানের সামনে দাঁড়িয়ে আবুল বলল, ‘দেখি, একটা পান দ্যান তো।’
পানের দোকানদার স্বভাবতই জানতে চাইলেন, ‘কী দিয়ে খাবেন?’
আবুল বলল, ‘দাঁত দিয়ে।’
: না, আমি জানতে চাইলাম কীভাবে খাবেন?
: কেন, চিবিয়ে খাব। উত্তর দিল আবুল।
: আরে, আমি বললাম সঙ্গে কী খান?
: তিনি হারুন খান, আমার বন্ধু।
: ভাই, আমি বললাম আপনি কী জর্দা খান?
: না, আমি আবুল খান।

এটা আমার অনেক পছন্দের একটা কৌতুক। না বলে পারছি না।

একবার এক চোর রাতের বেলা নারকেলগাছে উঠেছে। উদ্দেশ্যে কী, সেটা তো আর বলে দিতে হবে না। তো নারকেল নিচে ফেলতেই জোরে শব্দ হলো। সেই শব্দে গৃহস্থ মানে গাছের মালিক গেল জেগে। চিত্কার করে জানতে চাইল, ‘কে রে?’
গাছের ওপর থেকে চোরটা উত্তর দিল, আমি মতিন।
: ওইখানে কী করিস?
: ঘাস কাটি।
: ওই ছাগল, নারকেলগাছে কি ঘাস আছে নাকি?
: নাই দেইখ্যাই তো নেমে আসতেছি।