তারার হাসি

তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা তাহসান খান
এই কৌতুক আমার এক বন্ধুর কাছে শোনা। দয়া করে কেউ অন্য কিছু ভাববেন না।
একবার আমেরিকায় বিভিন্ন দেশ থেকে কাঁকড়া পাঠানো হলো। বাংলাদেশ থেকেও এক ঝুড়ি কাঁকড়া গেছে। বিমান থেকে বিভিন্ন দেশের কাঁকড়ার ঝুড়ি নামিয়ে রাখা হয় একটা খোলা জায়গায়। শুধু একটা ঝুড়ি ছাড়া আর সব কটি ঝুড়িতে ঢাকনা দেওয়া।
যিনি ঝুড়ি চেক করছিলেন, তিনি বলে উঠলেন, ‘কী ব্যাপার, এটা খোলা কেন?’
একজন বলে উঠল, ‘স্যার, ওটা বাংলাদেশ থেকে এসেছে, এ জন্য খোলা।’
‘মানে কী, সব কটি কাঁকড়া তো ওপরে উঠে বেরিয়ে যাবে।’ বললেন ভদ্রলোক।
‘না স্যার, এতক্ষণ ধরে দেখেছি একটা কাঁকড়া যদি ওপরে ওঠার চেষ্টা করে, বাকিরা টেনে নিচে নামিয়ে ফেলে।’
আমার এক বড় ভাই যেকোনো বিষয়ে প্রচুর হাসাহাসি করেন। ওনার হাসি দেখে আমরাও খুব মজা পাই। একবার তাঁর এই বেশি হাসির কারণ জানতে চাইলাম। উনি যা বললেন, তা এ রকম—
‘শুধু আমি না, পৃথিবীর অনেক মানুষই প্রচুর হাসেন। যাঁরা প্রচুর হাসেন, তাঁরা মূলত তিন কারণে হাসেন। প্রথমবার হাসেন কোনো কিছু না বুঝে, দ্বিতীয়বার হাসেন বুঝে আর তৃতীয়বার হাসেন প্রথমবার যে না বুঝে হেসেছিলেন, এটা ভেবে।’