তারার হাসি

তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুকগুলো শোনাবেন এই বিভাগে। এবারের তারকা বাঁধন। তিনি এনটিভির কৌতুকবিষয়ক অনুষ্ঠান ‘হাশো’র একজন বিচারক।
*আমি মেকআপ করতে অনেক পছন্দ করি। তাই আমার মেকআপ বক্সটা দেখতেও বেশ বড় আকারের। তাই একজন সেদিন বলল, বাঁধনের মেকআপ বক্স এত ভারী যে একবার হাত থেকে ফসকে মাটিতে পড়ার পর বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছিল।
*আমার মেকআপ বক্স নিয়ে আরেকটা কথা প্রচলিত আছে।
একজন প্রশ্ন করল, দুনিয়াতে সবচেয়ে ছোট জায়গায় বেশি ডেকোরেশন কোথায় হয়।
আরেকজন উত্তর দিল, বাঁধনের মুখে।
*এটা সাজু খাদেম আর আমাকে নিয়ে করা মজার একটা কৌতুক। আমার মনে হলেই হাসি পায়।
আমি তো দাঁতের ডাক্তার। একদিন সাজু ভাই আমার কাছে এলেন দাঁতের চিকিৎসা করাতে। সামনে বসিয়ে তাঁকে বললাম, ‘সাজু ভাই, হা করেন?’
উনি হা করলেন। আমি বললাম আরও বড় করে হা করেন। সাজু ভাই তাই করলেন।
আমি আবার বললাম, আরও বড় করে হা করেন। এবার তিনি গেলেন রেগে।
হা বন্ধ করে বললেন, ‘তুমি কি আমার মুখের ভেতর বসে দাঁত তুলবে নাকি?’