তারার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু হেনা
আবু হেনা

তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা আবু হেনা

আমি পড়াশোনায় অতটা ভালো না। পরীক্ষার ফলাফল বরাবরই খারাপ। বাড়ি থেকে প্রায়ই মারধর কপালে জোটে। একবার ফলাফল হলো খুবই খারাপ। বাবা কান ধরে এনে বাথরুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিলেন। আমি বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করলাম। কিন্তু দরজা আর খোলে না।

রাগ করে আমিও ভেতর থেকে আটকে দিলাম।

চার-পাঁচ ঘণ্টা পরে শুনি বাবা বাইরে থেকে চিৎকার করছেন।

‘দরজা খোল বাবা, আমাদের আর শাস্তি দিস না।’

পড়াশোনার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝেছেন আমার ক্যারিয়ারের অবস্থা। টেনেটুনে পড়াশোনা শেষ করে আর কিছু হচ্ছে না। মানে ক্যারিয়ার বলতে কিছু নেই। কিন্তু বিয়েরও তো বয়স হয়েছে। এমন ছেলের কাছে কেই-বা মেয়ে বিয়ে দিতে চায়, বলুন।

অনেক কষ্টে বাসা থেকে একটা মেয়ে ঠিক করা হলো।

আমিসহ পরিবারের সবাই মেয়ে দেখতে গেছি।

খানিক বাদে মেয়ে এল সামনে। আমরা তো দেখে অবাক।

মেয়েকে আমাদের সামনে আনা হয়েছে সুইমিং কস্টিউম পরিয়ে।

মেয়ের বাবার কাছে জানতে চাইলাম, এমন পোশাকে মেয়েকে সামনে আনার কারণ কী?

মেয়ের বাবা উত্তর দিলেন, ‘না মানে, তোমার সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া মানে তো জলে ফেলে দেওয়া, তাই আগে থেকেই প্রস্তুত করে দিলাম।’

আমার চারদিকে শুধু হতাশা। হতাশা নিয়ে এক বিকেলে পার্কে হাঁটছি। দেখি এক পরিচিত উল্টো হয়ে দৌড়াচ্ছেন। তাঁকে থামিয়ে জানতে চাইলাম ‘আঙ্কেল, ঘটনা কী?’

তিনি উত্তর দিলেন, ‘ডাক্তার ওজন কমানোর জন্য দৌড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তো দৌড়াতে দৌড়াতে একদিন মাপতে গিয়ে দেখি ওজন বেশি কমে গেছে। তাই এখন আবার বাড়ানোর জন্য উল্টো হয়ে দৌড়াচ্ছি।’

অনেকক্ষণ তো নিজের গল্প হলো। এবার একটা কৌতুক বলি। মানুষজন আমার কাছে তো কৌতুকই শুনতে চায়। তাই না।

এক ভদ্রলোক তার ১০টা ছেলেমেয়ে নিয়ে চিড়িয়াখানায় গেছে বেড়াতে। বেড়াতে বেড়াতে এক কর্মকর্তার দেখা পেয়ে বলল, ‘আচ্ছা ভাই, খবর পেলাম এক গন্ডার নাকি সাতটা বাচ্চা দিয়েছে। সেই খাঁচাটা কোন দিকে?’

কর্মকর্তা ভদ্রলোকের ১০ ছেলেমেয়ের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল— ‘ভাই, আপনি কিছুক্ষণ এখানে দাঁড়ান। গন্ডারই আপনাকে দেখতে আসছে।’