তারার হাসি
তারকা ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা সুমন পাটওয়ারী

বিয়ে করি না বলে বন্ধুরা যখন বিরক্ত করে, তখন তাদের আমি এই জোকসটা বলি...
এক লোক ওষুধের দোকানে গিয়ে বিষ চাইল, কিন্তু দোকানের লোকটি কিছুতেই তাকে বিষ দেবে না। অবশেষে লোকটি বাসা থেকে তার কাবিননামা এনে দোকানিকে দেখাল। এবার দোকানি হাসি হাসি মুখে বলল, ‘ও আচ্ছা, আপনার তো দেখি তাহলে প্রেসক্রিপশন আছে; নিন নিন, এই যে বিষ!’
বিয়ের জন্য পাত্রী দেখাতে নিয়ে গেলে আমার অবস্থা হয় এই জোকসের মতো...
তরুণ সৈনিক প্রথম ছুটি কাটাতে মা-বাবার কাছে এল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। মনোযোগের সঙ্গে দেখছে, চারটা মেয়ে হেঁটে যাচ্ছে গল্প করতে করতে। মা-বাবা দৃশ্যটা দেখে ভাবলেন, ছেলে বড় হয়েছে৷ এ বয়সে মেয়েদের দিকে তাকাবে, সেটাই স্বাভাবিক।
মেয়েগুলো দৃষ্টির বাইরে চলে গেলে সৈনিক তার মা-বাবার দিকে ঘুরে বলল, চারজনের মধ্যে একজনের কদম মিলছে না!
নিচের জোকসগুলো আমার বিভিন্ন সময় ভালো লেগেছিল...হয়তো পরিবেশ–পরিস্থিতির জন্য ভালো লেগেছিল...আপনি পড়ে দেখুন, যদি ভালো লাগে...
—বাবা, আমাদের বিজ্ঞানের স্যার বলেছেন, অক্সিজেন ছাড়া আমরা নিঃশ্বাস নিতে পারি না। কিন্তু অক্সিজেন আবিষ্কৃত হয়েছে ১৭৭০ সালে। তাহলে তার আগে কি কেউ নিঃশ্বাস নিত না?
—না, কারণ মানুষের নাকও ওই বছরেই তৈরি হয়েছিল।
—আপনি যে আমার শিশু পরিচর্যার কাজ করবেন বলছেন, আপনার কি শিশু সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে?
—অফকোর্স, আমি নিজেই তো একসময় শিশু ছিলাম!
ম্যাজিস্ট্রেট: গতবারও তোমাকে বলেছিলাম, আমি চাই না তুমি পুনরায় এখানে আসো।
চোর: স্যার, ঠিক এই কথাটাই আমিও পুলিশকে বলেছিলাম, বিশ্বাস করল না।
ছাত্র: আমার বাবার নাম Laughing এবং মায়ের নাম Smiling.
শিক্ষক: তুমি নিশ্চয়ই Kidding?
ছাত্র: না। ওইটা আমার ভাইয়ের নাম। আমি Joking.