তারার হাসি
তারকারা তাঁদের প্রিয় কৌতুক শোনাবেন এই বিভাগে। এবারের তারকা ‘মীরাক্কেল’ অনুষ্ঠানের প্রিয় মুখ শশী

আমার করিম চাচা নিজেকে খুব পণ্ডিত মনে করেন। একবার আমার গিট্টু মামা লন্ডন যাবেন। চাচাকে জিজ্ঞেস করলেন, ‘আমি তো বিদেশ যাচ্ছি। আপনার জন্য কী আনব বলেন?’
চাচা বললেন, ‘আমার জন্য কিছু মাটি নিয়ে আইসো।’
গিট্টু মামা তো অবাক। ‘কেন? মানুষ সাবান-শ্যাম্পু কত কী আনতে বলে। আর আপনি কি না বললেন মাটি! কী করবেন মাটি দিয়ে?’
করিম চাচা বললেন, ‘মাটির ওপর দাঁড়াব। তারপর মানুষজনকে বলব, “আমিও একবার বিদেশের মাটিতে পা রাখছিলাম।”’
করিম চাচা একবার তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। আমরা সব দৌড়ে গেলাম। ‘সর্বনাশ! কী হলো চাচা? বাড়িতে আগুন দিয়েছেন কেন?’
চাচা বললেন, ‘বাড়ি পুড়লে পুড়ুক, আরশোলাগুলা তো মরবে।’
আমার চাচাতো ভাই শান্ত একবার মন খারাপ করে বসে আছে। চাচা বললেন, ‘কী রে, মন খারাপ কেন?’
শান্ত কিছুতেই কিছু বলে না, একদম চুপ।
চাচা কাঁধে হাত রেখে বললেন, ‘আরে বল। মনে কর আমি তোর বাবা না, তোর বন্ধু।’
এবার শান্ত মুখ খুলল, ‘আর বলিস না দোস্ত। গতকাল আমারটারে নিয়া ঘুরতে বাইর হইছিলাম। তোরটা দেইখা ফালাইছে। তারপর আমারে অনেক মারছে।’
একবার দেখি করিম চাচা মন খারাপ করে বসে আছেন। বললাম, ‘কী হয়েছে চাচা?’
চাচা বলেন, ‘আর বলিস না। এক মেয়েকে প্লাস্টিক সার্জারি করার জন্য সাত লাখ টাকা ধার দিয়েছিলাম। এখন সার্জারি করার পর তাঁর চেহারা গেছে বদলে। এখন আর তাকে খুঁজে পাচ্ছি না।’
এবার বলি দুই বোকার গল্প।
একবার এক বোকা লোক একটা ছাগল নিয়ে যাচ্ছিল। আরেক বোকা বলল, ‘কিরে, ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছিস?’
‘স্কুলে ভর্তি করাতে নিয়ে যাই।’
‘আমাকে কি বোকা পেয়েছিস? ছাগলকে স্কুলে ভর্তি করাবি কীভাবে? আজ তো শুক্রবার!’