তারায় তারায় স্বপ্ন

বছর খানেক আগের কথা। জ্যোতির্বিজ্ঞান বিষয়ে পড়াই ছেড়ে দিয়েছিল ফাইরুজ ইশরাক। ২০১৪ সালে বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াডের স্কুল পর্যায়ে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন আর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া ছেলেটা হঠাৎ দমে গিয়েছিল কেন? জানা গেল, গত বছর আগস্ট মাসে ইশরাক পেয়েছিল রুমানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ। খরচ বহন করা সম্ভব নয় বলে যাওয়া হয়নি, তাই অনেকটা অভিমান করেই পণ করেছিল, ‘জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আর পড়বই না!’ ইশরাক তখনো জানত না, ১১তম এশিয়া-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২০১৫-এর আসর বসবে বাংলাদেশে। আর সেখানে বিটা ধাপে ‘বেস্ট রেজাল্ট’-এর পুরস্কার নিতে আমন্ত্রণ জানানো হবে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইশরাককে!
ইশরাক একা নয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ২১ নভেম্বর। সেখানে বাংলাদেশকে জয় এনে দিয়েছে রাজশাহী কলেজের একাদশ শ্রেণিপড়ুয়া মো. মাহমুদুন্নবীও। আলফা ধাপে সে ‘বেস্ট রেজাল্ট’-এর পুরস্কার জিতেছে। আলফা ধাপ, বিটা ধাপ-ব্যাপারটা যাদের কাছে পরিষ্কার নয়, তাদের জন্য একটু বলে নেওয়া দরকার। ২০১৫ সালের ১ জানুয়ারিতে বয়সসীমা ১৫ বছরের নিচে থাকা ১২ প্রতিযোগী ছিল আলফা ধাপে এবং বিটা ধাপে থাকা আট প্রতিযোগীর বয়স ১৬ বছরের বেশি। জ্যোতির্বিজ্ঞানের এই প্রতিযোগিতায় বাংলাদেশ, রাশিয়া, কাজাখস্তান ও শ্রীলঙ্কা থেকে ২০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল।
পুরস্কার পাওয়ার পর কেমন লাগছে জানতে চাইলে ফাইরুজ ইশরাক বলল ‘কেমন যেন, আজব!’ ব্রোঞ্জ জয়ের স্বপ্ন ছিল তাঁর। ‘বেস্ট রেজাল্ট’-এর পুরস্কার এত দিন জমে থাকা দুঃখগুলো অনেকটাই মুছে দিয়েছে।
‘জ্যোতির্বিজ্ঞানের এই প্রতিযোগিতায় পদক জয়ের আশা নিয়ে এসেছিলাম। তবে সেরা পুরস্কার পাব, তা ভাবিনি।’ পুরস্কার জেতার পর বলছিল মো. মাহমুদুন্নবী। ২০১৪ সালে রুমানিয়া অলিম্পিয়াডে অংশ নিয়ে ৪২ দেশের ২০০ প্রতিযোগীর সঙ্গে লড়ে ‘অনারেবল মেনশন’ পুরস্কার পেয়েছিল সে। নবম বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াডে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রুমানিয়াও গিয়েছিল। ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতলেও আন্তর্জাতিক কোনো অলিম্পিয়াডে এবারই প্রথম সেরার পুরস্কার পেল সে। ‘নিজের প্রতি দায়িত্ব বেড়ে গেল’, বলছিল মো. মাহমুদুন্নবী। ভবিষ্যতে জ্যোতিঃপদার্থবিজ্ঞানের গবেষক হওয়ার স্বপ্ন তার। ফাইরুজ ইশরাকও চায় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হতে। মহাকাশ নিয়ে আগ্রহ, তাই স্বপ্নটাও আকাশ ছোঁয়া!