তারায় ভরা মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলনমেলায় বাংলাদেশের ষড়্্ঋতুর আবহে দেশি পোশাক, আধুনিক সাজ ও অনুষঙ্গ নিয়ে আয়োজিত ফ্যাশন শোর একটি দৃশ্য ষ ছবি: প্রথম আলো
মিলনমেলায় বাংলাদেশের ষড়্্ঋতুর আবহে দেশি পোশাক, আধুনিক সাজ ও অনুষঙ্গ নিয়ে আয়োজিত ফ্যাশন শোর একটি দৃশ্য ষ ছবি: প্রথম আলো

‘নকশা’ কেমন? বহুজনের বহু মত। বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরীর মতে, ‘সবকিছুরই নকশা আছে। তবে প্রথম আলোর নকশা জীবনধারার আনুষঙ্গিক সবকিছুরই সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনা। এই নকশা হলো জীবনের আনন্দ।’
ফ্যাশন ডিজাইনার মাহিন খানের ভাষায়, ‘প্রথম আলোর নকশা হলো এমন একটি জানালা, যা দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প, পোশাক ও ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরে।’ আর রান্নাবিদ সিতারা ফেরদৌসের কাছে, ‘কেবল মজার মজার রান্নার রেসিপির উপস্থাপনাই নয়, সুন্দর করে বেঁচে থাকার জন্য যা চাই, সেসব তথ্য আর পরামর্শ থাকে নকশায়।’
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমের সামনে দেশের স্বনামখ্যাত রূপ বিশেষজ্ঞ, রান্নাবিদ, সংগীতশিল্পী, ফ্যাশন ডিজাইনার, মডেল আর অভিনয়শিল্পীরা গতকাল বিকেলে মেতে উঠেছিলেন কুশল বিনিময় আর প্রাণখোলা আলাপচারিতায়। উপলক্ষ প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশার মিলনমেলা। লাক্স নিবেদিত এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছিল নকশার দেড় দশকের পথচলার এই সঙ্গীদের। সেখানেই নকশা নিয়ে তাঁরা তাঁদের ভাবনার কথাগুলো জানালেন। আঙ্গিকটা অনানুষ্ঠানিক। পরস্পরের সঙ্গে আড্ডা, কুশলবিনিময়। সংগীতশিল্পী নকিব খান বলছিলেন, এত চমৎকার ছাপা, আর সুন্দর সুন্দর ছবি, হাতে নিলে মনটা ভরে যায়। মডেল ফারাহ শারমিনের মন্তব্য, কোন মৌসুমে কী ধরনের সাজ, কিংবা কোথায় বেড়াতে যাওয়া যায়, বাজারে নতুন কী এল চট করে জানাতে নকশাই সবচেয়ে নির্ভরযোগ্য।
কিছু না কিছু আনুষ্ঠানিকতা তো থাকেই। এসব কথাবার্তার মধ্যেই বলরুমে তার সূচনা হলো। প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানালেন। ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে একদল শিশু-কিশোর মঞ্চে পদসঞ্চার করে ফুলের সাজি নিয়ে নেমে এল অতিথিদের মধ্যে। ফুলের পাপড়ি ছড়িয়ে বরণ করে নেওয়া হলো তাঁদের। এরপর সঞ্চালক মঞ্চে আমন্ত্রণ জানালেন অভিনয়শিল্পী চম্পা, ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, মডেল শারমিন লাকি ও বিদ্যা সিনহা মীম। নিজেদের কাজ সম্পর্কে নানান মজার অভিজ্ঞতার কথা বললেন তাঁরা। চম্পার ধারণা, তাঁর চেয়ে তাঁর বড় বোন ববিতাই বেশি সুন্দর। লিনু বললেন, ফিটনেসটা ধরে রাখাই সব থেকে জরুরি। এ জন্য কিছু ব্যায়াম নিয়ম মেনে জীবনযাত্রার জন্য খুব গুরুত্বপূর্ণ। লাকি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রন্ধনবিদ সিদ্দিকা কবীরকে। মীম জানালেন, অনেকবার নকশার মডেল হয়েছেন। বারবার পোশাক বদলানো, সাজসজ্জা করা, ক্যামেরার সামনে বসা বেশ কষ্টকর, কিন্তু যখন ছবি ছাপা হয়, তখন খুব ভালো লাগে।
এরপর পর্যায়ক্রমে মঞ্চে এলেন মাহিন খান, সিতারা ফেরদৌস, রুনা লায়লা, রোকেয়া আফজাল রহমান, রাশেদা কে চৌধূরী, ফেরদৌস। পোশাক, সাজসজ্জা, খাবার—এসব নিয়ে তাঁদের পছন্দ-অপছন্দের কথা বললেন। নকশাকে অভিনন্দন জানিয়ে মঞ্চ ছাড়লেন। তখন গান শোনাতে মঞ্চে এল গানের দল জলের গান। তাদের গানটি ছিল, ‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো’। গান এবং শেষে যন্ত্রের ঐকতানটি মিলিয়ে মনোমুগ্ধকর ছিল তাদের পরিবেশনা।
তারপর ষড়্ঋতু নিয়ে একটি ছোট্ট ফ্যাশন শো। দেশি পোশাক, বাংলা গান আর আধুনিক উপস্থাপনায় ঋতুবৈচিত্র্য ফুটিয়ে তোলা হয় এতে। এর রূপসজ্জা ও মেকওভারে ছিলেন কানিজ আলমাস খান ও পারসোনা। কোরিওগ্রাফিতে আজরা মাহমুদ, সহকারী হলি ও মুন। মডেল ছিলেন রুমা, টুম্পা, নওশীন, মাশিয়াত, হলি, মিলি, হূদি, তৃণ, মেহজাবীন, শুভ, অভি, একরাম ও রাজ। শিশুদের মধ্যে ছিল রোজা, নিলয়, উনাইসা, রিয়াদ, সোনালী ও সাবা। পোশাক তৈরি করেছে বিবিয়ানা, অঞ্জনস, যাত্রা, ইন্ডিগো, নিত্যউপহার, দোয়েল সিল্ক, প্রবর্তনা, নগরদোলা, দেশাল, রঙ, ওটু, মেনজ ক্লাব, ক্যাটস আই, সাদা-কালো, স্টুডিও এমদাদ, মায়াসীর, অন্যমেলা ও লারিভ।
ফ্যাশন শোর পর আবার কথামালা। ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান কামরান বকর শুভেচ্ছা জানালেন সবাইকে। নকশার সঙ্গে ভবিষ্যতে আরও কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিনি।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আমন্ত্রিত অতিথি, যাঁরা এই অনুষ্ঠানের নেপথ্যে কাজ করেছেন, সহযোগিতা দিয়েছেন, সবাইকে অভিনন্দন জানান।
মঞ্চে এলেন জয়া আহসান, এস আই টুটুল ও শায়লা। বাংলাদেশের পর্বতারোহীদের কল্যাণে হিমালয়ের চূড়ায় পৌঁছে গেছে তাঁর মাথায় বাঁধা রুমাল—জানালেন টুটুল। জয়া আর শায়লাও বললেন, মডেল হিসেবে ছবি তুলতে গিয়ে যে কষ্ট হয়, ছাপানোর পর ছবি দেখে সেই কষ্টের কথা আর মনে থাকে না।
বিপাশা হায়াত, তিশা, পিয়া ও মৌসুমী হামিদ এলেন মঞ্চে। নকশা কেন ভালো লাগে? তাঁরাও বললেন, হাতে নিলে মন ভালো হয়ে যায়। তো সেই ভালো লাগাকে আরও খানিকটা বাড়িয়ে দিতেই সজীব ও তার দল বাংলা কয়্যার এল গান শোনাতে। তাদের গানটিও ব্যতিক্রম। বাদনযন্ত্র ছাড়া তাঁরা গেয়েছেন কাজী নজরুল ইসলামের ‘চুড়ির তালে নুড়ির মালা’। সুন্দর আর সংক্ষিপ্ত এই মিলনমেলা শেষ হয়েছিল এই গানটি দিয়েই। সুন্দরের সাধনা মানুষের যেমন চিরন্তন, তেমনি নিরন্তরও। নকশা সেই সাধনার সহযোগী হয়ে আছে তার অগণিত অনুরাগীর সঙ্গে।