১ নম্বরের জন্য। মাত্র একটি নম্বরের জন্য গত বছর ব্রোঞ্জ পদকটি পাননি। মনে তৈরি হয়ে গেল জেদ। ঘুরে দাঁড়ানোর পালা শুরু হলো। মা-বাবা সারাক্ষণ সাহস দিয়েছেন। বুঝিয়েছেন। মনোবল বাড়িয়েছেন। এ বছর সে স্বপ্নটাই পূরণ হয়েছে তারিক আদনানের। ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্যক্তিগতভাবে ২০ নম্বর তুলে বাংলাদেশের জন্য নিয়ে এসেছেন ব্রোঞ্জপদক। বাংলাদেশ মোট ছয়বার অংশ নিল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। সেখানে চতুর্থবারের মতো অংশ নিলেন তারিক। এবার ১ নম্বরের জন্য রৌপ্যপদকটি পাননি তিনি। তো কী হয়েছে। দেশের জন্য যে গৌরব বয়ে এনেছেন, সেটাই বা কম কিসের। এখন পর্যন্ত অংশ নিয়ে বাংলাদেশ থেকে ব্যক্তিগতভাবে তোলা এটাই সর্বোচ্চ নম্বর। কেমন লাগছে জিজ্ঞেস করতেই আনন্দের হাসি হেসে ফেললেন, ‘আমি তৃপ্ত’। ছোট্ট এ বাক্যটি দিয়েই বুঝিয়ে দিলেন সব অনুভূতি। কাজাখস্তানের রাজধানী আস্তানায় কাটিয়ে এলেন ৪ থেকে ১৪ জুলাই। অঙ্ক কষার মধ্যেই অপরিচিত একটি দেশে খুঁজে পেয়েছেন অনেক বন্ধু। ভারতের পশ্চিমবঙ্গ থেকে তিনজন অংশগ্রহণকারী এসেছিলেন। ভাষা একই হওয়ায় তাঁদের সঙ্গে খুব তাড়াতাড়ি ভাব জমে ওঠে। বন্ধুত্ব হয় কানাডা ও মেক্সিকোর অংশগ্রহণকারীদের সঙ্গেও।—বললেন তারিক। নিজের দেশের পতাকা সবার সামনে তুলে ধরবার মুহূর্তটি মনে পড়ায় আবারও শিহরিত হন। বলেন, এ অনুভূতি প্রকাশ করার মতো নয়। এ অনুভূতি সবকিছুরই ওপরে।তারিক মনেপ্রাণে বিশ্বাস করেন, গণিতের ওপর ভিত্তি করেই সব গড়ে উঠেছে। এর ওপর ভিত্তি করে তো বিজ্ঞানও গড়ে উঠেছে। গণিতের প্রতি তাঁর এ ভালোবাসা অনেক ছোট্টকাল থেকেই। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই টের পান। এর পর থেকেই গড়ে ওঠে গণিতের সঙ্গে তাঁর সখ্য।শান্তশিষ্ট চেহারায় উজ্জ্বল হয়ে আছে বুদ্ধিদীপ্ত চোখজোড়া, যেখানে শুধুই স্বপ্ন। স্বপ্ন নিজের জন্য। স্বপ্ন দেশের জন্য কিছু করা। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন তারিক। ভবিষ্যতে পড়ার ইচ্ছা আছে বিজ্ঞান নিয়ে। প্রতিষ্ঠিত হতে চান একজন গবেষক ও বিজ্ঞানী হিসেবে।ম্যাথ ক্যাম্পের কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারিক আদনান। বাংলাদেশের মেধাবী ছাত্রদের সঙ্গে দেখা হয়। একে অপরের সঙ্গে আমরা অনেক তথ্য আদান-প্রদান করে থাকি। পড়াশোনার কঠিন কঠিন বিষয়গুলোর সমস্যা সমাধান করেছি আমরা। নিজেকে উন্নত করার এটি একটি ভালো জায়গা বলে মনে করেন তারিক আদনান।জীবন সম্পর্কেও স্বচ্ছ্ব ধারণা তাঁর। প্রত্যেক মানুষকেই যে গণিতের ক্ষেত্রে ভালো হতে হবে, এমনটি ভাবেন না তিনি। তাঁর চিন্তাটি তুলে ধরলেন এভাবে, ‘আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো মেধা আছে। মেধাগুলোকে বুঝে সঠিক জায়গায় ব্যবহার করলেই তো সমাজের উন্নতি হবে।’ ২০০৮ সালে কুষ্টিয়ায় গড়ে তোলেন কুষ্টিয়া ম্যাথ সার্কেল। ইচ্ছা সবার মধ্যে গণিতের আলো ছড়িয়ে দেওয়া। তারিক ধন্যবাদ জানিয়েছেন ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলোকে তাদের সার্বিক সহযোগিতার জন্য। কোচ ড. মাহবুব মজুমদার, সব শিক্ষক ও বন্ধুর প্রতিও তিনি ধন্যবাদ জানান। আর মা-বাবা তো আছেনই। ‘এ মানুষগুলো এবং প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া আমি আজ এত দূর আসতে পারতাম না।’ জানান তারিক আদনান।