মহেশখালী আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা হয়েছে এ নিয়ে পাঁচবার। কিন্তু পৌরসভার কমিটি গঠন করতে না পারায় বারবার পিছিয়ে যাচ্ছে সম্মেলন। ফলে তিন বছরের কমিটি পার করছে ১২ বছর। এ নিয়ে হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, ২০০২ সালে ৩০ জুলাই সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এম আজিজুর রহমান নির্বাচিত হন। ১০ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণা হলেও পৌর ও কালারমারছড়ার কমিটি নিয়ে জটিলতায় আটকে যায় সম্মেলন।
নেতা-কর্মীরা জানান, জেলা আওয়ামী লীগ ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করে। সেই লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সম্মেলন শেষ করার জন্য উপজেলা আওয়ামী লীগকে নির্দেশ দেয় জেলা কমিটি। এর পর শান্তিপূর্ণভাবে মাতারবাড়ি, ধলঘাট, শাপলাপুর, বড় মহেশখালী, কুতুবজোম, হোয়ানক ও ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়। কিন্তু জটিলতা তৈরি হয় পৌরসভা ও কালারমারছড়ার ইউনিয়নের সম্মেলন নিয়ে। এ নিয়ে কোন্দল প্রকাশ্যে চলে আসে। কালারমারছড়ায় উপজেলা নেতারা কমিটি ঘোষণা করলে আরেক পক্ষ পাল্টা কমিটি ঘোষণা করে। পরে জেলা আওয়ামী লীগ বাতিল করে পাল্টাপাল্টি দুই কমিটি। পরে ২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি জেলা পরিষদের সম্মেলনকক্ষে কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এদিকে পৌরসভার সম্মেলনে কমিটি গঠন করা হলে তা অপরপক্ষের আপত্তির মুখে উপজেলা নেতারা বাতিল করে দেন। এখনো ওই অবস্থা আছে, নতুন কমিটি গঠন করা হয়নি। পৌরসভা সম্মেলন না হওয়ায় ২০১৩ সালের ২২ ও ২৮মার্চ, ১১ এপ্রিল এবং গত বছরের ২৭ ডিসেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করেও সম্মেলন হয়নি।
কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল আলম বলেন, জেলার কয়েকজন নেতার কারণে ঝুলে আছে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এ কারণে মাঠপর্যায়ে নেতা-কর্মীরা হতাশ। তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন ভালো নেই। তাই জরুরি ভিত্তিতে সম্মেলন দিয়ে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা দরকার।
মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, পদ হারানোর ভয়ে উপজেলা আওয়ামী লীগের নেতারা নানা কৌশল অবলম্বন করে সম্মেলন দিচ্ছেন না। রহস্যজনক কারণে সম্মেলন বারবার পিছিয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার জন্য ইতিমধ্যে আট ইউনিয়নের ১৬৮ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়েছে। কিন্তু পৌরসভার কাউন্সিল নিয়ে সাংগঠনিক জটিলতা সৃষ্টি হওয়ায় তা জেলা আওয়ামী লীগ পর্যন্ত গড়ায়। পরবর্তী সময়ে উপজেলা ও পৌর কাউন্সিল অধিবেশন শেষ করার পাশাপাশি তা তদারকি করার জন্য জেলা কমিটি একটি সাংগঠনিক কমিটি গঠন করে। এখন সাংগঠনিক কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই সম্মেলন করতে কোনো বাধা থাকবে না। তবে দেশে বিএনপি-জামায়াতের অবরোধ, হরতাল ও নাশকতাসহ সন্ত্রাসী কার্যকলাপ চলমান থাকায় অনিদিষ্টকালে জন্য সম্মেলন স্থগিত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো হলেই সম্মেলন অনুষ্ঠিত হবে।