তারুণ্য আর সংস্কৃতির প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন দেশের তরুণরা তাঁদের স্টলে তুলে ধরেছেন নিজ নিজ সংস্কৃতি। ছবি: সংগৃহীত
বিভিন্ন দেশের তরুণরা তাঁদের স্টলে তুলে ধরেছেন নিজ নিজ সংস্কৃতি। ছবি: সংগৃহীত

চায়ের দুটি পাতা আর একটি কুঁড়ি সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের ইয়র্কশায়ার থেকে স্যাম বাংলাদেশে এসেছেন তাঁর দেশের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। শুধু পরিচয় করিয়ে দেওয়াই নয়, বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিত হতেও এসেছেন তিনি। তাঁর মতো আরও ২৫ জন তরুণ স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন এই আন্তসাংস্কৃতিক আয়োজনে।
প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের ‘বৈশ্বিক ফ্ল্যাগশিপ প্রকল্প’-এর অধীনে সাত দিনব্যাপী এমন আন্তসাংস্কৃতিক সংলাপের আয়োজন করা হয়। এ মাসের ১৬ থেকে ২৩ তারিখ পর্যন্ত ঢাকার বারিধারার এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাকটিভ সিটিজেনস’ নামের এই কর্মসূচি। এতে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, মিসর, পাকিস্তান, ইউক্রেন, ভিয়েতনাম, সুদান, লেবানন, শ্রীলঙ্কার ২৫ জন তরুণ-তরুণী অংশ নেন। সবগুলো দেশের স্টলই ছিল তাদের নিজ নিজ সংস্কৃতির পরিচায়ক।
ভিয়েতনামের স্টলজুড়ে দেখা গেল সেখানকার ঐতিহ্যবাহী খাবার ‘ওমাই’ আর ‘কাই’; আরেক পাশে মিসর ও সুদানের স্টলে শোভা পাচ্ছিল মিসরীয় ও সুদানের নানান ঐতিহ্যবাহী খাবার। বাংলাদেশের স্টলে প্রাধান্য পেয়েছে আমাদের লোকসংস্কৃতি। বৈচিত্র্যময় কুটির শিল্প বিভিন্ন দেশ থেকে আসা তরুণদের নজর কেড়েছে। প্রতিটি দেশের প্রতিনিধিরাই এই স্বল্প গণ্ডির মধ্যে তাঁদের পুরো দেশটাকে তুলে ধরতে চেষ্টা করেছেন।
ভিয়েতনামের স্বেচ্ছাসেবী ডিয়েপের সঙ্গে কথা বলে জানা যায়, দারুণ উচ্ছ্বাস নিয়ে তিনি এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তিনি মনে করেন, এমন কর্মসূচি আসলেই বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময়ে সহায়ক হতে পারে। বিভিন্ন দেশ সম্পর্কে অনেক কিছু শিখতে পারছেন, এটাও তাঁর কাছে বড় পাওয়া।
একই সুরে কথা বললেন যুক্তরাজ্যের রিও ফ্লোরেজা। বাংলাদেশে বেড়াতে আসার পরিকল্পনা আগে ছিল কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘শুরুতে আমি আসলেই আগ্রহী ছিলাম না। কিন্তু এখানে এসে আমার ধারণা বদলে গেছে। এখানকার মানুষ খুবই আন্তরিক আর বন্ধুসুলভ।’
ডিয়েপ, ফ্লোরেজার মতোই বাংলাদেশের স্বেচ্ছাসেবী কাশফিয়া, যুক্তরাজ্যের ড্যানিয়েল আর ইউক্রেনের অ্যানা মনে করেন, এই আন্তর্জাতিক শিক্ষাসফর তাঁদের মধ্যে সংস্কৃতির বিনিময়ে সহায়তা করছে, বাড়িয়ে তুলছে নেতৃত্বের ক্ষমতা।
কথা হয় ব্রিটিশ কাউন্সিলের প্রকল্প ব্যবস্থাপক তৌফিক হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘এই কর্মসূচিতে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবীরা একে অপরকে সাহায্য করছেন, একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। এটা তরুণ প্রজন্মের জন্য খুবই প্রয়োজন।’
প্রতিবছরই ব্রিটিশ কাউন্সিলের অধীনে এই কর্মসূচির আয়োজন করা হয়। আগ্রহীরা ঘুরে আসতে পারেন অ্যাকটিভ সিটিজেনের ফেসবুক পেজ থেকে: www.facebook.com/activecitizens/?fref=ts