তারুণ্য আসছে, বাংলাদেশ হাসছে
‘যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে, যাহারা বৈমানিকরূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়, আবিষ্কারকরূপে নব-পৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে না, গৌরীশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষদেশ অধিকার করিতে গিয়া যাহারা তুষার-ঢাকা পড়ে, অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করিতে গিয়া সলিলসমাধি লাভ করে, মঙ্গলগ্রহে, চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হইয়া যায়। পবন-গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়, নব নব গ্রহ-নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়ন-মণি নিভিয়া যায়, যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে’—‘যৌবনের গান’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সেই কবে লিখেছিলেন।বাঙালিদের নানা অপবাদ ছিল। ঘর হতে তার আঙিনা বাহির। ব্রিটিশ আমলে বাঙালিদের সেনাবাহিনীতে নেওয়া হতো না তারা যোদ্ধাজাতি নয় বলে। বাঙালি ব্যবসা-বাণিজ্য পছন্দ করত না। রবীন্দ্রনাথ যেন ক্ষুব্ধ কণ্ঠেই বলেছিলেন বঙ্গমাতাকে, ‘বঙ্গমাতা’ নামের কবিতায়:‘পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানেমানুষ হইতে দাও তোমার সন্তানেহে স্নেহার্ত বঙ্গভূমি—তব গৃহক্রোড়েচিরশিশু ক’রে আর রাখিয়ো না ধরে।দেশদেশান্তর-মাঝে যার যেথা স্থানখুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।’এই কবিতারই শেষ দুই লাইন, ‘সাত কোটি সন্তানেরে, হে বিমুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে—মানুষ করোনি/সেই ভেতো চিরশিশু বাঙালি আজ ঘরের বাইরে যাচ্ছে, পৃথিবীর সর্বত্র বাংলাদেশের বাঙালি আছে, ২০০টা দেশ থেকে প্রথম আলো পড়া হয়, বাঙালি তরুণেরা আজ এভারেস্ট জয় করছে, তরুণ ও তরুণীরা সাগর পাড়ি দিচ্ছে, ক্রিকেটে ছক্কা হাঁকাচ্ছে, দেশে-বিদেশে ব্যবসা-বাণিজ্যে ভালো করছে। কোথায় নেই বাংলাদেশের তরুণ। বাংলাদেশের শহরে, বাংলাদেশের গ্রামে, বাংলাদেশের পাহাড়ে, বাংলাদেশের হাওর এলাকায়, বাংলাদেশের বনাঞ্চলে সর্বত্র তারুণ্যের কর্মচঞ্চল হূদয়ের স্পন্দন, সর্বত্র তাই জয়েরই পতাকা। ওই নতুনের কেতন উড়িয়ে কালবোশেখি ঝড়ের মতোই আজ তরুণের সাফল্যের মিছিল এগিয়ে চলেছে। তারা কেবল নিজেরা বদলে যাচ্ছে তা-ই নয়, বাংলাদেশকে বদলে দিচ্ছে। সেই কোটি কোটি তরুণকে আমাদের অভিবাদন।আমরা মাত্র গুটিকতেকের সাফল্যগাথা তুলে ধরলাম এখানে, নববর্ষ উপলক্ষে প্রকাশিত এই ছুটির দিনের বিশেষ আয়োজনে। কিন্তু তার মানে এই নয়, এরাই সব বা কেবল এরাই শ্রেষ্ঠ। এরা তো ভালো কাজ করছেই, এদের চেয়েও ভালো ভালো কাজ করছে, এমন অনেক তরুণ ছড়িয়ে আছে সারা দেশে এবং দেশের বাইরে। এই আয়োজনের মাধ্যমে আমরা সব তরুণকে আমাদের সম্মাননা জানাচ্ছি। তেমনিভাবে নিজের অন্তরে নিজেই এই অভয়বার্তা পেতে চাইছি, এই দেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল আর তা ঘটাচ্ছে এই দেশের তরুণেরা। এই রকম উদ্যমী, উদ্ভাবনী প্রতিভাময় এবং শতকরা হারে এত বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী খুব কম দেশেই আছে। বিদেশি বিশেষজ্ঞরা তাই ঘোষণা করে বসে আছে, বাংলাদেশ আসছে। ভবিষ্যৎ তাই বাংলাদেশের। বাংলাদেশ ইউরোপকে ছাড়িয়ে যাবে উন্নতিতে, প্রগতিতে, সচ্ছলতায়। জয় হোক অপরাজেয় তারুণ্যের।আলোকচিত্র: কবির হোসেন, খালেদ সরকার, সৈকত ভদ্র