তারুণ্য উৎসবে আনন্দের ফোয়ারা
সকালে প্রচণ্ড বৃষ্টি, এর কিছুক্ষণ পরই রোদের ঝিলিক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের আগমনে উৎসবমুখর হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর। ঢোল, বাঁশি আর নানা রং-বেরঙের বেলুন, মুখোশ ও ফেস্টুন নিয়ে বন্ধুরা জড়ো হতে থাকেন শোভাযাত্রার জন্য। এভাবেই শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দ্বিতীয় বর্ষে পদার্পণ ও তারুণ্য উৎসব।গত ৩১ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আনন্দশোভাযাত্রা, গান, আবৃত্তি, নাচ, রম্য বিতর্কসহ নানা আয়োজনের মাধ্যমে পালন করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারুণ্য উৎসব। শুরুতেই বুদ্ধিজীবী চত্বর থেকে বের হয় শোভাযাত্রা।এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। প্রথমেই ছিল বন্ধুদের পরিবেশনায় শুভেচ্ছাসংগীত ‘আজ জীবন খুঁজে পাবি/ ছুটে ছুটে আয়...।’ এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে মঞ্চে আসেন বন্ধুসভার সভাপতি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক আদনান মান্নান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের সভাপতি সৈয়দ আহসানুল আলম এবং উদ্বোধক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক শিরীন আখতার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, মার্কেটিং বিভাগের প্রভাষক দীপান্বিতা ভট্টাচার্য ও সুমন ভট্টাচার্য এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক অলক বিশ্বাস।আলোচনা শেষে অধ্যাপক মাহবুবুল হক অতিথি ও বন্ধুসভার বন্ধুদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।এরপর বন্ধুসভার সাংস্কৃতিক দলের পরিবেশনায় ছিল গান, নাচ ও আবৃত্তি। এতে বন্ধুসভার সাংস্কৃতিক দলের পাশাপাশি অংশগ্রহণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অঙ্গন, আবৃত্তি মঞ্চ ও উদীচী। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) পরিবেশনায় ছিল রম্য বিতর্ক ‘আজ হূদয়ের চেয়ে উদরের চাহিদা বেশি’।এরপর ‘আবার জমবে মেলা, বটতলায় হাটখোলায়’ বন্ধুসভার সাংস্কৃতিক দলের পরিবেশনায় এ গানের মধ্য দিয়েই শেষ হয় অনুষ্ঠান।