তারুণ্যনির্ভর প্রযুক্তির নেতৃত্ব দেবে বায়োইনফরমেটিকস
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম বলেছেন, আগামী দিনে পৃথিবীর তারুণ্যনির্ভর প্রযুক্তির নেতৃত্ব দেবে বায়োইনফরমেটিকস। তরুণদের জন্য কম খরচে গবেষণার এক বিশাল ক্ষেত্র তৈরি করছে কম্পিউটেশনাল বায়োলজি। বাংলাদেশে এই চর্চা জীববিজ্ঞানের গবেষণাকে আরও এক ধাপ এগিয়ে দেবে। তিনি ২৫ সেপ্টেম্বর ইউএসটিসি মিলনায়তনে আয়োজিত প্রথম দক্ষিণ এশীয় আন্তর্জাতিক বায়োইনফরমেটিকস ও কম্পিউটেশনাল বায়োলজি কর্মশালায় এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি কর্মশালা উদ্বোধন করেন। ইউএসটিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে কর্মশালার আয়োজন করে। সহযোগিতায় ছিল ইতালির থার্ড ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন, ইউএসটিসির উপ-উপাচার্য অধ্যাপক এএইচএম ইসহাক চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন ইউএসটিসির বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আবসার। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আদনান মান্নান। কর্মশালায় অংশ নিতে আসা টাঙ্গাইল মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উশিন ফাতিমা তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘এই কর্মশালায় না এলে কখনোই জীববিজ্ঞানে কম্পিউটারের প্রয়োগ সম্পর্কে জানতে পারতাম না।’ কর্মশালায় অংশ নিয়েছেন বাংলাদেশের ২৩টি প্রতিষ্ঠানের জীববিজ্ঞানের তিন শতাধিক তরুণ শিক্ষক ও শিক্ষার্থী। এ ছাড়া অংশ নেন জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়, চাইনিজ ন্যাশনাল ইউনিভার্সিটি, ভারতের আসাম বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান ভেটেরিনারি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। কর্মশালায় আরএনএএর কম্পিউটেশনাল বিশ্লেষণ, ওষুধ নকশাকরণ, বংশগত ভিন্নতা অনুধাবন, ব্যাকটেরিয়ার গঠনগত পরিবর্তন নির্ণয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।