তারুণ্যের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক বলেছিলেন তিন সপ্তাহ পুরোদমে বিশ্রাম নিতে, কিন্তু নিষেধ অমান্য করে এরফান উদ্দীনকে দেখা গেল স্ক্রাচে ভর দিয়ে টিএসসির বারান্দায় চলাফেরা করতে। ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়জীবন শেষ করেছেন। ফেলে আসা দিনগুলোর বন্ধুদের সঙ্গে দেখা করতে চিকিৎসকের পরামর্শ অগ্রাহ্য করলেন তিনি।১৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পুনর্মিলনী-২০১২।টিএসসির সবুজ চত্বর জমজমাট হয়ে উঠেছিল কূটনীতি ও পররাষ্ট্রনীতিপড়ুয়া প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের পদভারে।২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে বর্তমানে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে কাজ করছেন শিহানা রহমাতুল্লাহ। শিক্ষাজীবনের কাছের বন্ধুদের দেখে ফিরে গেলেন হারানো সেই রঙিন জীবনে। কর্মজীবনের শত ব্যস্ততার পরও প্রাক্তনীর সমাবেশে সহপাঠীদের সঙ্গে দেখা করতে এসে তিনি নিজের অনুভূতির কথা বলেন, ‘মনে হচ্ছে মাত্র কয়েকটা দিন। এখনো প্রথম বর্ষে ক্লাস করার দিনগুলোর কথা মনে পড়ে। সেই সব স্মৃতি এখনো ব্যস্ত জীবনে আমাকে নাড়া দিয়ে যায়।’২০১০ সালে সম্মান শেষ করা শিক্ষার্থী নাদিয়া জাবিন, মোহাম্মদ মুহিবুল্লাহ, হারুনুর রশীদ, লেনিন ও রুশোর মধ্যে দেখা গেল দৌড়াদৌড়ি ও ছবি তোলার জন্য কাড়াকাড়ি—কে কার সামনে দাঁড়াবেন। বন্ধুদের অনেক দিন পরে দেখার উত্তেজনায় যেন কথা বলতে পারছিলেন না কেউই। প্রাক্তনী সমাবেশে এত বন্ধুকে একসঙ্গে কাছে পেয়ে তাঁরা জানান, জীবনেও ভুলবেন না এমন দিনের কথা। আজ ঝড়-ঝঞ্ঝাট, তুফান, সাইক্লোন যা-ই আসুক, সারা দিন দৌড়াদৌড়ি করব বন্ধুদের সঙ্গে...।কথা শেষ না করেই দৌড় দিলেন ছবি তোলার জন্য।একটি বেসরকারি টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন মিজানুর রহমান। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেলেও পেশাগত দায়িত্ব পালনের জন্য এখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। আজ এসেছেন অন্য ভূমিকায়। তিনি বলেন, ‘একা একা ক্যাম্পাসে এলে কেমন জানি লাগে। আজ অন্য রকম একটা দিন। এত বন্ধু, বড় ভাই আর আপুদের একসঙ্গে আবারও দেখব, তা চিন্তা করিনি।’প্রাক্তনেরা কেউ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কেউ বা পেশাদার কূটনীতিক, কেউ আবার বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধার। বিশ্ববিদ্যালয়জীবন শেষ করে দাবার ঘুঁটি চালতে চালতে এখন সবাই মহাব্যস্ত। তার পরও বন্ধুদের কাছে পেয়ে সবাই যেন হারিয়েই গেলেন সাদা-কালো সেই অতীতে। টিএসসির আশপাশে ও কলাভবনের দোতলায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের করিডরে দেখা গেল অনেকে খুঁজে বেড়াচ্ছেন হারানো অতীতকে। কারও চুলে হয়তো একটু পাক ধরেছে, কিন্তু মনে রয়ে গেছে এখনো সেই তারুণ্য।সকালের স্মৃতিচারণায় হাজির হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিভাগের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান নূরুল মোমেন, পুনর্মিলনীর আহ্বায়ক আকমল হোসেনসহ অন্যান্য শিক্ষক।প্রাক্তনীদের পরিবেশনায় গান, কবিতা ও নাচের মধ্য দিয়ে কাটানো হলো বর্ণাঢ্য একটি দিন।২০০৭ সালে স্নাতক শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করছেন মারজানা সাফাত। বিশ্ববিদ্যালয়পড়ুয়া জীবনের দৌড়াদৌড়ির রেশটা এখনো কাটাতে পারেননি বলে জানালেন। জটিল প্রকৃতির গুরুগম্ভীর গবেষণায় জীবনটা ব্যস্ত থাকলেও প্রাক্তনী সমাবেশে এসেছেন শুধুই আনন্দ করতে; নাচানাচি করবেন বলেও জানান তিনি। ২০১১ সালের স্নাতক খালেদ আহমেদ, হাসান মাহমুদ, সাব্বির আহমেদ, আলিমুল হাসানের ছোট্ট এক দলকে দেখা গেল প্রাক্তনীদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ততায়।শুধু প্রাক্তনীরা থাকবেন পুনর্মিলনীতে, তা কি হয়? তাঁদের সঙ্গে বর্তমান শিক্ষার্থী ফায়েজ, তারেক, মিথুন, ইফতেখার, ফাহাদ, স্মৃতি বিশ্বাসদেরও দেখা গেল বেশ উৎসাহ নিয়ে নাচতে-গাইতে।