তারুণ্যের উচ্ছ্বাসে বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের একটা আলাদা মজা আছে। যেখানেই হোক না খেলা, হোক তা সাতসমুদ্র তেরো নদীর ওপারে কিংবা একেবারে নিজের ঘরে, বিশ্বকাপের হূৎ স্পন্দনটা ঠিকই টের পাওয়া যায়।১৭ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। জমকালো সাজ আর গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে ১৪টি বর্ণিল ঢাকাই রিকশা। ঝিলমিল করছে আলোর ছটা। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের অভাবনীয় চমক দেখার অপেক্ষায়! অপেক্ষার পালা শেষ, গর্জে উঠল সংগীত। আকাশে গিয়ে আছড়ে পড়ল সহস্র আতশবাজি। আড়ম্বরপূর্ণ আয়োজনে সূচনা হলো ক্রিকেট মহাযজ্ঞের। প্রথমে স্টাম্পি। তারপর বর্ণিল রিকশায় মালা পরে প্রবেশ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং; তারপর একে একে অন্য অধিনায়কেরা। সবশেষে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দর্শকদের চিৎ কারে কান পাতা দায়। বাকিদের অভিবাদনের কাছে সাকিবের প্রতি আমাদের চাওয়ার সুর যেন কাঁপিয়ে দিল পুরো ঢাকা শহরকে। গ্যালারির এ মাথা থেকে ও মাথা। দর্শকদের অধিকাংশই তরুণ। তাই নিমিষেই বোঝা গেল, কী চায় বাংলাদেশ, কী চাওয়া আমাদের সাকিবের কাছে?ক্রিকেটজ্বরে কাঁপছে বাংলাদেশ। উত্তেজনা-উদ্দীপনার রং লেগেছে সবার প্রাণে। সেই রং এসে রাঙাবে না তরুণদের, তা কেমন করে হয়? লাল-সবুজ উচ্ছ্বাসে মেতেছে আমাদের পুরো দেশ। ক্রিকেটের সঙ্গে তারুণ্যের জয়গান যেন পরম আলিঙ্গনে মিলেমিশে একাকার হয়ে গেছে। ১৭ ফেব্রুয়ারি রং, আলো আর আতশবাজিতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০১১। পৃথিবীকে স্বাগত জানাল বাংলাদেশ।বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের যাত্রা ১৯৯৯ সাল থেকে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে মাত্র এক যুগের মাথায় নিজেদের ঘরে বিশ্বকাপ আয়োজন ও চোখ ধাঁধানো অনুষ্ঠানে পৃথিবীকে চমকে দিয়েছে বাংলাদেশ। এ এক অন্য বাংলাদেশ!কঠিন নিয়ম ও কড়াকড়ির মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। আট বছর বয়সী সামিন আর ১৫ বছর বয়সী মাহেন। তারা বিস্মিত, শিহরিত। বিশ্বকে চমকে দেওয়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্য এক বাংলাদেশকে চিনল বিশ্ববাসী। ১৪ ঘণ্টা ঢাকা ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সোনার হরিণ টিকিট পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আনুশ্কা ও সাফায়েত। দুজনই সমস্বরে বলছিলেন, বৃথা যায়নি তাঁদের কষ্ট। ষোলোকলা পূর্ণ করেছে। গর্বিত করেছে বাংলাদেশ। যেভাবে বাংলাদেশ তার সভ্যতা, সংস্কৃতি, গর্বিত ইতিহাস ও জনগোষ্ঠীকে নৃত্যের মাধ্যমে তুলে ধরেছে, তাতে বিশ্ব চিনেছে প্রাকৃতিক দুর্যোগে লড়াই করা বাংলাদেশকে নতুন রূপে। স্বাগত ইতিবাচক বাংলাদেশে—যে বাংলাদেশ সাহস, বুদ্ধিমত্তা, উচ্ছলতা, সুখ, শান্তি আর উৎ সবের দেশ।রায়হান, শাবাব আর নাজাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের বন্ধুরা এ প্রচারণায় উদ্বেলিত। ‘এই না হলে আমাদের দেশ। বিশ্বকাপে বাংলাদেশ জিতবে এমন আকাশছোঁয়া স্বপ্ন কার না দেখতে ইচ্ছা করে! তবে আমরা চাই লড়াকু বাংলাদেশ লড়াই করে খেলুক বিশ্বকাপের ম্যাচগুলো।’তরুণদের কাছে ব্রায়ান আডামসের কনসার্ট উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। রাজশাহী থেকে আসা তারিক বলেন, ‘অনুষ্ঠান ছিল বিশ্বমানের। আমাদের তো কোনো তুলনাই নেই। ব্রায়ান আডামসের গান একটু বেশিই পাওয়া।’শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামেই নয়, স্টেডিয়ামের বাইরেও ছিল জনসমুদ্র। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় অনুষ্ঠান দেখেছে অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানের বিশাল দর্শকদের ভিড়ে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরে আসা তরুণ ছেলেমেয়েদের সংখ্যাই বেশি। মুখও আঁকা ছিল লাল-সবুজ রঙে—শাবাশ বাংলাদেশ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসিফের মতে, ‘আমার দেশই তো। ভালো খেলুক, খারাপ খেলুক। জিতেই যাক আর হেরেই যাক। লড়ে যেন খেলতে পারে সাকিব-তামিমদের দল।’১৪ দেশ। একটি বিশ্বকাপ। সব বাধা ভেঙে শেষতক জয় হবে ক্রিকেটের। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনেও ছিল তারুণ্যের জয়গান। উদ্বোধনী সংগীত থেকে শুরু করে ‘স্কুল অব লাইভ’, মাঠজুড়ে নৃত্য আর আড়াই হাজার শিল্পীর নিরন্তর প্রচেষ্টা—সবকিছুতেই পুরো অংশীদার আমাদের তরুণ প্রজন্ম।যারা স্টেডিয়ামে উপস্থিত ছিল না, তারাও কম যায়নি, সামাজিক নেটওয়ার্কে ঢালাও করে জানিয়েছে আমাদের আয়োজনের কথা। টুইটারে কিংবা ফেসবুকে চলছে জমজমাট ক্রিকেট আয়োজন। আইএমজি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানকে রেটিংয়ে দিয়েছে ৯.৬৯, যেখানে বেইজিং অলিম্পিক পেয়েছে ৯.৭৮ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল উদ্বোধনী অনুষ্ঠান পেয়েছে ৯.৫। কী চাই আর?