বাচিক শিল্পচর্চাকেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের এক দশকে পদার্পণ উপলক্ষে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। নগরের শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠেয় এ উৎসবে থাকবে শোভাযাত্রা, ঢোলবাদন, একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তি, শ্রুতি প্রযোজনা, কবি কণ্ঠে কবিতাপাঠ, সুহৃদ সম্মিলন, আনন্দ আড্ডা, আবৃত্তি ও নৃত্য।
প্রথম দিন বিকেল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ। অতিথি থাকবেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও কবি হেলাল হাফিজ। এক দশকে পদার্পণ উপলক্ষে চালু করা হয়েছে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’। এ বছর সম্মাননা পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। উৎসবের সম্মাননা প্রদান পর্বে অতিথি থাকবেন গোলাম মুস্তাফার মেয়ে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাচিকের শিল্পী রণজিৎ রক্ষিত ও মাহিদুল ইসলাম।
উৎসবের শেষ দিন শুক্রবার প্রথম পর্ব সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে। এরপর কবি, সাংবাদিক, কথাসাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে সুহৃদ সম্মিলন। বিকেলে সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহার। অতিথি থাকবেন শহীদজায়া বেগম মুশতারী শফি, বাচিকের শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। বিজ্ঞপ্তি।