কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি - কবি মাহবুব আলম চৌধুরীর এই কবিতার বৃন্দ আবৃত্তি পরিবেশনার মাধ্যমেই শুরু হয় তারুণ্যের উচ্ছ্বাসের চিরদিনের কবিতা শিরোনামের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন। ২১ ফেব্রুয়ারি বিকেলে চেরাগি পাহাড় চত্বরে তরুণ শিল্পীদের এই আবৃত্তি যেন উপস্থিত দর্শক শ্রোতাদের ফিরিয়ে নিয়ে গেল বায়ান্নর সেই রক্ত ঝরা দিনগুলোতে। দুই ঘণ্টার এই অনুষ্ঠানে ছিল একক, দ্বৈত, দলীয় আবৃত্তি ও কথামালা।
সেজঁুতি দের সঞ্চালনায় একুশের কথামালায় অংশ নেন শিক্ষাবিদ রীতা দত্ত, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, অধ্যাপক হোসাইন কবির, বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ও আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম। কথামালায় সভাপতিত্ব করেন কবি ভাগ্যধন বড়ুয়া।
কথামালার পর সংগঠনের সদস্যরা পরিবেশন করেন একক আবৃত্তি। কবি সৃজন সেনের ‘মাতৃভূমির জন্য’ কবিতা আবৃত্তি করে সুস্মিতা দত্ত, দাউদ হায়দারের ‘একুশ’ আবৃত্তি করেন আরমান হাফিজ, শিশুশিল্পী আনিকা মারজান আবৃত্তি করে কবি মাশুক চৌধুরীর ‘শহীদ মিনারের চূড়া’, মৃত্তিকা সাজী আবৃত্তি করে শাহাবুদ্দীন নাগরীর ‘বেদিতে দাঁড়িয়ে আছি’ কবিতাটি। এ ছাড়া আবৃত্তি করে ইসরাত জাহান, অপি দেবী, আল হাদী আকন, রাজমনী সেন।
তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীদের পরিবেশনার পর মঞ্চে আসেন আমন্ত্রিত শিল্পীরা। এই সময় আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, মশরুর হোসেন, দিলরুবা খানম, অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর সঞ্জিত আলম, বোধন আবৃত্তি পরিষদের তাপস দাশ, উচ্চারক আবৃত্তি কুঞ্জের এ.এস.এম এরফান, শামীমা ইয়াসমিন, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের জাহিদ অয়ন, শব্দনোঙর আবৃত্তি সংগঠনের বর্ষা চৌধুরী, চট্টগ্রামবিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের কণা দাশ, স্বদেশ আবৃত্তি সংগঠনের সেলিম ভূইয়া, শৈশব বাচিক চর্চা কেন্দ্রের সুমি চৌধুরী ও স্বপ্নযাত্রীর অনিক অভ্র। সবশেষ আবদুল গাফফার চৌধুরীর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি কবিতার মতো করে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা।