রাশেদ রউফের কবিতা নিয়ে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আবৃত্তিসন্ধ্যার আয়োজন করে তারুণ্যের উচ্ছ্বাস। ‘আয় রৌদ্র, আয়রে আমার আলো’ শিরোনামের এই আয়োজনে আবৃত্তি করা হয় রাশেদ রউফের ছড়া, কবিতা ও অন্ত্যমিল।
অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। এতে অংশ নেন ড. অনুপম সেন, আনোয়ারা আলম, রণজিৎ রক্ষিত, মফিজুর রহমান ও সাইফুল আলম। আবৃত্তি শুরু হয় শিশুতোষ ছড়া ‘ছড়ার গাড়ি’ দিয়ে। একে একে ছড়া পাঠ করে তুর্ণেশা সাহা, স্বাগতা চৌধুরী, ইসরাত জাহান, রাজমনী সেন ও দেবরাজ দেব। এরপর বৃন্দ পরিবেশনা ছিল ‘ভালোবাসি’, ‘একাত্তরের গল্পগাথা’ ও ‘হারিয়ে যাওয়ার নেই মানা’। এবার আবার ভালোবাসার কবিতা, ‘ভালোবাসার ভেলা ভাসাই মন পুকুরের জলে’। এই পর্বে অংশ নেন মো. মুজাহিদুল ইসলাম, সংগীতা দেবী, আলাউদ্দীন মজুমদার, আশেক উল আলম ও শিউলী চৌধুরী।
শেষ পর্বে মঞ্চে আসেন রাশেদ রউফ। সঙ্গে ছিলেন সহধর্মিণী আবৃত্তিশিল্পী আয়েশা হক। তিনি আবৃত্তি করেন ‘আমাদের বাড়ি’, ও ‘আমাদের গ্রাম’ কবিতাটি। কবি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘তরুণদের প্রতিনিধি হয়ে কাজ করতে আমার ভালো লাগে। আমার লেখার মূল উপযোগ্য অংশ হচ্ছে ভালোবাসা, যা দেশ, মাতৃভাষা ও প্রকৃতির প্রতি।’