
কবি নির্মলেন্দু গুণ ও হেলাল হাফিজ, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা কিংবা জয়ন্ত চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার কথা নতুন করে বলার প্রয়োজন নেই। এই তালিকার একজনের উপস্থিতিও কোনো আসর জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে ৯ ও ১০ মার্চ তারুণ্যের উচ্ছ্বাসের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত আবৃত্তি উৎসবে আলো ছড়িয়েছেন তাঁদের সবাই। নগরের শিল্পকলা একাডেমিতে ‘কবিতার জন্যে অহোরাত্রি যূথবদ্ধ মায়া’ শিরোনামে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে যোগ দেন ভারতের কলকাতা, মুর্শিদাবাদ ও ত্রিপুরা থেকে আসা শিল্পীরাও। দুই দিনের আসরে কবিতা আবৃত্তি ছাড়াও নিজেদের শিল্পচর্চার নানা দিক নিয়ে শ্রোতাদের মুখোমুখি হয়েছেন তাঁরা।
৯ মার্চ প্রথম দিন নগরের শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে বিকেল সাড়ে চারটায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। উদ্বোধনের পর সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন সৈয়দ হাসান ইমাম, হেলাল হাফিজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
কথামালার পর নাট্যজন সৈয়দ হাসান ইমামকে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’ পদক প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। পরে ভারতের কলকাতা, মুর্শিদাবাদ ও ত্রিপুরা থেকে আসা শিল্পীদের বরণ করে নেওয়া হয়। এই পর্বের পর ছিল সুবর্ণা মুস্তাফার আবৃত্তি। জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ শুনিয়ে তিনি যেন দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। সুবর্ণা মুস্তাফার পর অভিনেতা ও বাচিকশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় দরাজ কণ্ঠে আবৃত্তি করেন তারাপদ রায়ের ‘ছায়া সুন্দরী’ ও রুদ্র মুহাম্মদ শহীদুল্লার ‘জীবন যাপন’। সমান মুগ্ধতা ছড়ান সৈয়দ হাসান ইমামও।
আসরে নতুন মাত্রা যোগ করেছে ভারতীয় শিল্পীদের পরিবেশনা। এই পর্বের শুরু হয় পশ্চিমবঙ্গের বহরমপুরের অমৃতকুম্ভের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে। ভালো লেগেছে সৌমেন চট্টোপাধ্যায়ের আবৃত্তিও। শঙ্খমালা আবৃত্তি সংগঠনের শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও সুচিত্রা চট্টোপাধ্যায়ের দ্বৈত আবৃত্তিও ছিল উপভোগ্য। এ ছাড়াও আবৃত্তির সঙ্গে নাচ পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের শিল্পীরা।
সমাপনী দিন ১০ মার্চ বেলা ১১টায় কবি, সাংবাদিক, কথাসাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সুহৃদ সম্মিলন। বিকেলে আবৃত্তি পরিবেশন করেন কলকাতার স্মিতা ভট্টাচার্য ও শুভ্রজিৎ ভট্টাচার্য, বাংলাদেশের মাযহারুল হক, কাজী মাহতাব, জয়দেব সাহা, ফয়জুল্লাহ সাঈদ, শাহাদাত হোসেন, মাসুম আজিজুল বাশার ও সুকান্ত গুপ্ত । তারুণ্যের উচ্ছ্বাসের শিশু বিভাগের পরিবেশনাও ছিল নজরকাড়া। এই দিন স্বরচিত কবিতা পাঠ করেন নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, এজাজ ইউসূফী, হাফিজ রশিদ খান, সেলিনা শেলী ও ভাগ্যধন বড়ুয়া। অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়ের মুগ্ধতা ছড়ানো পরিবেশনা ও ভারতের অমৃতকুম্ভের শিল্পীদের শ্রুতি প্রযোজনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।