তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন
‘দুপুরের পর থেকে প্রতিযোগী ও দর্শকদের ভিড়ে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ বেশ জমজমাট হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতেই খুদে শিল্পীদের ‘রিমঝিম ঘন বরষে’ গানের সঙ্গে নাচ দেখে দর্শক যখন মুগ্ধ, তার পরপরই অর্পিতা দাশ গুপ্ত শোনালেন ‘বাদল দিনের প্রথম কদম ফুল...’ সুদীপ্ত নাথ ‘হারে রে রে রে রে আমায়...’—এভাবে চলতে থাকে একের পর এক গান, নাচ, আবৃত্তি, আবার গান। সংগীত ও আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে ২৩ জুলাই শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেল চারটায় হয়ে গেল ‘চাই শুদ্ধ প্রজন্ম, বিশুদ্ধ স্বদেশ’ শীর্ষক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ। প্রতিযোগিতায় তিনটি বিভাগ ছিল—ক বিভাগ: প্রথম থেকে চতুর্থ শ্রেণী, খ বিভাগ: পঞ্চম থেকে নবম শ্রেণী ও গ বিভাগ: দশম শ্রেণী থেকে তদূর্ধ্ব। প্রতিযোগিতার বিষয় ছিল— রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক, সাধারণ ও লোকনৃত্য। এই প্রতিযোগিতায় তিন শতাধিক প্রতিযোগীর মধ্যে ৭৭ জনকে পুরস্কার দেওয়া হয়।সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহেদুল ইসলামের সঞ্চালনায় আর মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম তাঁর বক্তব্যে বলেন, ‘সংস্কৃতিচর্চা মানুষের মনকে সুন্দর করে। আর শিশুদের পড়াশোনার পাশাপাশি শুদ্ধ সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত রাখতে পারলে তাদের অন্তরে কলুষতা প্রবেশ করতে পারবে না। সুন্দর সমাজ রচনার জন্য শুদ্ধ সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই।’ এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক জাবেদ আবছার, অধ্যাপক মৌসুমি চৌধুরী, কবি কামরুল হাসান প্রমুখ।অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন সুমাইয়া ইসলাম, জয়দ্বীপ চৌধূরী, সুদীপ্ত নাথ, তমরিন হোসেন, প্রিয়াঙ্কা বড়ুয়া, শ্রাবণী ধর প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন আনিকা মারজান, অন্তিমা চৌধুরী, মার্জিয়া আলম ও তারুণ্যের উচ্ছ্বাসের শিশুশিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামীমা ইয়াসমীন।