তারুণ্যের উচ্ছ্বাসের উৎসব
ধনধান্যপুষ্পভরা/আমাদেরই বসুন্ধরা—সম্মিলিত কণ্ঠে মাতৃভূমির জয়গান। ছিল মানবতার ঝান্ডা হাতে প্রতিবাদী কবিতার পঙিক্ত উচ্চারণ। গত বৃহস্পতি ও শুক্রবার তারুণ্যের উচ্ছ্বাসের অর্ধ যুগপূর্তি উপলক্ষে আয়েজন করা হয় দুই দিনব্যাপী উৎসব। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উৎসব ঘিরে মেলা বসে আবৃত্তিশিল্পীদের। আয়েজকেরা জানান, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তবুদ্ধির চর্চা আর কবিতার শুদ্ধ কথামালাকে হাতিয়ার করে তারুণ্যের উচ্ছ্বাসের পথচলা শুরু হয় ২০০৭ সালের ৯ মার্চ। এবার ছয় বছর পার করল সংগঠনটি।উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় সংগঠনের কর্মীদের বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে। এরপর জিন্নাহ চৌধুরীর পরিচালনায় স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন কবি হেলাল হাফিজ ও বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানে শ্রুতিনাট্য ‘অমাবস্যা’ পরিবেশন করেন নরেণ আবৃত্তি একাডেমির সদস্যরা। দলীয় পরিবেশনায় ছিল বোধন আবৃত্তি পরিষদ, নির্মাণ আবৃত্তি অঙ্গনের শিল্পীরা। সমাপনী দিনে প্রথম অধিবেশনে ‘বাংলাদেশ আবৃত্তি চর্চার ক্রমধারা’ শিরোনামে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। আলোচনা করেন আবৃত্তিশিল্পী প্রদীপ ঘোষ, সাংস্কৃতিকব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রণজিৎ রক্ষিত, সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ, চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি দেবাশিষ রুদ্র প্রমুখ। বিকেলের অধিবেশন শুরু হয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে কথামালা আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমও। তিনি বর্ণনা করেন তাঁর দুঃসাহসিক অভিযানের কথা। কথামালার পর আয়োজন করা হয় ভিন্নধর্মী আবৃত্তি অনুষ্ঠানের। চট্টগ্রামে বসবাসরত ভারত, নেপাল, চীন, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের তরুণ নাগরিকেরা তাঁদের মাতৃভাষায় রচিত কবিতা আবৃত্তি করে শোনান। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কর্ণকুন্তী সংবাদ’ শ্রুতিনাট্যে কণ্ঠ মেলান রণজিৎ রক্ষিত ও মিলি চৌধুরী।