তারুণ্যের উচ্ছ্বাসের কবিতা পাঠের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের সন্ধ্যায় কবিতার মায়াজাল। মুগ্ধ দর্শক। শিল্পীর কণ্ঠে কখনো প্রেম, কখনো প্রতিবাদ—এভাবেই জমে উঠেছিল আসর। গত শুক্রবার নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার সপ্তম সমাবর্তন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে তারুণ্যের উচ্ছ্বাস।
দুই পর্বের এ আয়োজনে শুরুতে ছিল সমাবর্তনের আনুষ্ঠানিকতা। এতে অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, অধ্যক্ষ আনোয়ারা আলম ও প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার। সংগঠনের সভাপতি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, ‘কবিতা সব সময় যেমন সুন্দরের কথা বলে, তেমনি প্রতিবাদী উচ্চারণ আমাদের অন্যায়ের বিরুদ্ধে সাহসী করে তোলে। বাংলাদেশে আবৃত্তিশিল্পের সাংগঠনিক চর্চা আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও মুক্তবুদ্ধির চর্চার প্রতি আরও দায়িত্বশীল করে তুলতে বিশেষ ভূমিকা রাখছে।’ আলোচনা শেষে কর্মশালার ৫২ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
দ্বিতীয় পর্ব শুরু হয় সাইদুর রহমানের সঞ্চালনায়। এ পর্বে বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশন করেন সমাবর্তনে সনদপ্রাপ্ত নবীন শিল্পীরা। শুরুতেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার বৃন্দ পরিবেশনা। নির্দেশনায় ছিলেন মুজাহিদুল ইসলাম। সুমিতা দেবী আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পূজার সাজ’ কবিতাটি। এরপর একক পরিবেশনায় অংশ নেন সফল বড়ুয়া, শিউলী চৌধুরী, সংগীতা দেবী, স্বপ্নীল বড়ুয়া, অনির্বাণ চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দীন, আনিসুল হক প্রমুখ।