তারুণ্যের উচ্ছ্বাসের নানা আয়োজন
আপন আলোয় শুদ্ধ হওয়ার আহ্বানে পথচলা শুরু করেছিল সাংস্কৃতিক সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস। ১১ মার্চ নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রাণবন্ত আয়োজনে পালিত হলো সংগঠনটির চতুর্থ জন্মদিন। এ উপলক্ষে বসেছিল সাহিত্য-সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। তাঁদের কথামালা, স্মৃতিচারণা, গান ও কবিতায় জমে উঠেছিল অনুষ্ঠান।বিকেল তিনটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। এরপর সংগঠনের সোনালি অতীত ও আগামী দিনের সাফল্য কামনা করে বক্তব্য দেন শহীদজায়া বেগম মুশতারী শফী, নৃত্যশিল্পী মানসী দাশ তালুকদার, শিল্পী নাজমুল আবেদিন চৌধুরী, চট্টগ্রাম একাডেমির পরিচালক জিন্নাহ চৌধুরী, আবৃত্তিকার রণজিৎ রক্ষিত, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, দেবাশীষ রুদ্র, নাট্যজন ম সাইফুল ইসলাম, গবেষক তৌহিদ মো. ফয়সাল প্রমুখ। বেগম মুশতারী শফী বলেন, ‘এক হতে পারার আত্মবিশ্বাসের অভাবেই আমরা বারবার পিছিয়ে পড়ছি। যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সে স্বপ্ন বারবার হোঁচট খাচ্ছে। এ ধারা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এক হতে হবে।’তারুণ্যের উচ্ছ্বাসের পক্ষে বক্তব্য দেন সহসভাপতি ইশতিয়াক কবির, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, মিঠু তলাপাত্র, অনুপ বড়ুয়া, গোলাম কিবরিয়া প্রমুখ। বক্তারা শুদ্ধ সংস্কৃতিচর্চা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের শতাধিক সদস্য সাংস্কৃতিক পর্বে অংশ নেন। তাঁদের গান ও আবৃত্তি উপস্থিত শ্রোতাদের আনন্দ দিয়েছে। সন্ধ্যায় মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে কেক কাটেন অতিথিরা। রাত নয়টায় ভাঙে মিলনমেলা।