তারুণ্যের উচ্ছ্বাসের বাচিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাচিক শিল্প চর্চাকেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে দুই দিনব্যাপী বাচিক উৎসব ২৫ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘ভাষায় ভালোবাসায় এপার ওপার বাচিক উৎসব’ শিরোনামের এ উৎসবে অংশ নিয়েছিল বাংলাদেশ ও ভারতের নন্দিত আবৃত্তিশিল্পীরা।
২৪ ডিসেম্বর সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন। সভাপতিত্ব করেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহবুবুল হক চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, পশ্চিমবঙ্গের আবৃত্তি সংগঠন শঙ্খমালার সভাপতি প্রশান্ত অধিকারী এবং শঙ্খমালার পরিচালক আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত।
সভার পর উৎসবে আবৃত্তি করেন বাংলাদেশের আবৃত্তিশিল্পী রণজিৎ রিক্ষত, মিলি চৌধুরী, ভারতের আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত, রঞ্জনা সেনগুপ্ত, শ্বাশতী দাশগুপ্ত, প্রদীপ্ত চৌধুরী। তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন শ্রাবণী দাশগুপ্তা, সেঁজুতি দে, সুস্মিতা দত্তসহ আরও অনেকে। ‘মিছিল’ শিরোনামের বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। ‘আলোর পাখির গান’ শিরোনামের বৃন্দ আবৃত্তি করে তারুণ্যের উচ্ছ্বাসের শিশু বিভাগের শিল্পীরা। লোকগান পরিবেশন করেন আল তুষি ও বৈশাখী নাথ।
উৎসবের দ্বিতীয় দিন বেলা তিনটায় দুই বাংলার আবৃত্তিশিল্পীদের আবৃত্তি আড্ডা অনুষ্ঠিত হয়। বিকেলে উৎসবে আবৃত্তি পরিবেশন করেন দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী, মো. মুজাহিদুল ইসলামসহ আরও অনেকে। সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের আবৃত্তি দল শঙ্খমালা পরিবেশন করে আবৃত্তি প্রযোজনা ‘জলস্রোত কথা কয়’। এরপর লোকগান পরিবেশন করেন রুবেল চৌধুরী এবং আনিকা চৌধুরী।
উল্লেখ্য, বাংলাদেশের চট্টগ্রামের আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস এবং ভারতের পশ্চিমবঙ্গের আবৃত্তি সংগঠন শঙ্খমালার যৌথ উদ্যোগে চট্টগ্রামে ও কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ‘ভাষায় ভালোবাসায় এপার ওপার বাচিক উৎসব’। এরই অংশ হিসেবে চট্টগ্রামে তারুণ্যের উচ্ছ্বাসের এ আয়োজন। আগামী ১৫ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কামারহাটি নজরুল মঞ্চে অনুরূপ উৎসব অনুষ্ঠিত হবে।