তারুণ্যের উচ্ছ্বাসের বাদল সাঁঝের কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের সব শাখায় নানা আঙ্গিকে বিভিন্নভাবে বর্ষার বিচিত্র রূপ ফুটে উঠেছে। সেই সব সৃষ্টি থেকে বাছাই করা কিছু কবিতা আর গান নিয়ে সাজানো হয়েছে তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠান ‘বাদল সাঁঝের কাব্য’। আষাঢ়ের দ্বিতীয় দিনে (১৬ জুন) শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৃষ্টিবিহীন সন্ধ্যায় উপস্থিত দর্শক-শ্রোতার মধ্যে বর্ষার পরিপূর্ণ আমেজ নিয়ে আসে।
শুরুতেই স্বাগত বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। এরপর বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রণজিৎ রক্ষিত, জেলা শিল্পকলা একাডেমীর কার্যকরী পরিষদ সদস্য নাট্যজন সাইফুল আলম এবং আবৃত্তি সমম্বয় পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিল ঋতু বর্ষাকে আমন্ত্রণ করে কথামালা, গান ও আবৃত্তি ।
শামীমা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে একক আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পী মিঠু তলাপাত্র, শ্রাবণী দাশগুপ্তা, সাইদুর রহমান, সুনন্দা রায়, ইভা চৌধুরী, রাতুল হাসান, সুস্মিতা দত্ত, মিসবাহুন্নেসা নিপা ও ইভা সাহা।
আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী দুলাল দাশগুপ্ত। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে নরেণ আবৃত্তি একাডেমি। সমবেত সংগীত পরিবেশন করে সমাজ সমীক্ষা সংঘ এবং সপ্তক সংগীতালয়। স্বরচিত কবিতাপাঠ করেন কবি এজাজ ইউসুফী ও জিন্নাহ চৌধুরী। শিল্পীরা একে একে রবীন্দ্রনাথের ‘এমন দিনে তারে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, রামচন্দ্র পালের ‘বর্ষারাতে’, রাশেদ রউফের ‘পুণ্যস্রোতে’ প্রভৃতি কবিতায় ‘বরিষ ধরা-মাঝে’, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘বরষা ওই এলো বরষা’, ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’, ‘মন মোর মেঘের সঙ্গী’সহ বিভিন্ন গানে বর্ষা বন্দনা করেন। সবশেষ শিল্পীদের সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গগনে গরজে মেঘ’ কবিতাটি পাঠের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। বৃন্দ পরিবেশনায় ছিলেন সুমি বিশ্বাস, প্রান্তিকা সাহা, মো. নাজিমুজ্জামান, তিথি বিশ্বাস, বিজয় কর, মো. নাছের উদ্দীন, বিথী বিশ্বাস, বাপ্পা বড়ুয়া, নূর আলম, আল আমিন প্রমুখ।