তারুণ্যের উচ্ছ্বাসের সাংস্কৃতিক উৎসব
‘বিশ্বে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষেরা দ্বিধাহীনভাবে নিজের স্বত্ব ছেড়ে জীবন দিয়ে গেছেন শুধু দেশ স্বাধীন করার লক্ষ্যে। আজ এ স্বাধীন দেশে তরুণেরাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সেখানে তারুণ্যের উচ্ছ্বাস সমাজে অনেক বড় ভূমিকা রাখতে পারে।’ এসব কথা বলেছেন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। ৮ জুলাই বিকেলে নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তারুণ্যের উচ্ছ্বাস আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি ছিলেন তিনি। জামাল নজরুল আরও বলেন, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণ করা পুরস্কার পাওয়ার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।’ ‘চাই শুদ্ধ প্রজন্ম, বিশুদ্ধ স্বদেশ’ এ মূলমন্ত্র নিয়ে যাত্রা শুরু করে তারুণ্যের উচ্ছ্বাস। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শিল্পী শীলা মোমেন, নৃত্যশিল্পী মানসী দাশ তালুকদার, আবৃত্তিকার রণজিৎ রক্ষিত ও নাট্যজন অলক মাহমুদ। বিভিন্ন স্কুলের প্রথম-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। তিনটি বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীর সংখ্যা ছিল ৩০০। এদের মধ্যে বিজয়ী ৬২ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়। এদের মধ্যে ‘ক’ বিভাগের সেরা প্রতিযোগী হয় সজীব বড়ুয়া, ‘খ’ বিভাগে তানহা রহমান এবং ‘গ’ বিভাগে মনীষা তালুকদার। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে গান ও নাচ পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের সংগীত ও নৃত্য বিভাগের সদস্যরা। এ ছাড়া একক নাচ করেন চুমকি সরকার ও পুণম রায়। একক গানে ছিলেন শ্রাবণী দাশগুপ্ত ও মিঠু তলাপাত্র। বিজয়ীদের মধ্যে নৃত্য পরিবেশন করে জারিকা জোছনা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদকমণ্ডলীর সদস্য ম. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম।